leadT1ad

সংসদ না মানলেও গণভোটের রায় বাস্তবায়ন করব: শফিকুর রহমান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তব্য রাখছেন শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অহমিকায় ভুগে বিএনপি জাতিকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় বাস্তবায়ন করেই ছাড়ব।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad 300x250

শফিকুর রহমান বলেন, ‘গণভোটে ৭০ শতাংশ ভোট হ্যাঁ-এর পক্ষে পড়েছে, এটাই জামায়াতের প্রতি মানুষের সমর্থনের প্রমাণ। আমরা হ্যাঁ-এর পক্ষে ছিলাম, হ্যাঁ-এর পক্ষে আছি। জনগণের সুপ্রিম উইলে সম্মান দেখিয়েছি, সম্মান দেখিয়ে যাব।’

জামায়াত আমির বলেন, ‘এই সংসদ মানুষের আকাঙ্ক্ষাকে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। আমরা তাই জনগণের রায় বাস্তবায়ন করতে জনগণের কাছেই ফেরত যাচ্ছি। পরশুদিন জনগণকে সঙ্গে নিয়ে প্রথম কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। এটা শুরু। এর মধ্য দিয়ে যে আন্দোলন গড়ে উঠবে ‍তা কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর জন্য হবে না। এটা হবে আঠারো কোটি মানুষের জন্য।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণরায়কে ‘ডাকাতি’ করা হয়েছে বলে অভিযোগ তুলেন জামায়াত আমির। তিনি বলেন, ‘জনগণ ঠিকই রায় দিয়েছে। হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, রায় যদি আপনারা পেয়ে থাকেন সরকার গঠন করতে পারলেন না কেন। আমাদের রায়কে ডাকাতি করা হয়েছে।’

প্রধান বক্তার বক্তব্যে জাগপা সভাপতি তাসমিয়া প্রধান বলেন, যাঁদের রক্তের বিনিময়ে দেশে পরিবর্তন এসেছে, অনেকে মন্ত্রী-এমপি হয়ে তাঁদের ভুলে গেছেন। জুলাইয়ে তরুণেরা প্রাণ না দিলে এখনও লন্ডন থেকে অনেককে দল পরিচালনা করতে হতো। জুলাইকে অস্বীকার করলে দেশের মানুষ চব্বিশের মতো আরেকটা গণ-অভ্যুত্থান করবে। সেই অভ্যুত্থানে জাগপা পাশে থাকবে।

leadT1ad

সম্পর্কিত

leadT1ad
leadT1ad