leadT1ad

সংবিধান ও রাষ্ট্র কীভাবে সাজাতে হয় তারা জানে না: বিএনপিকে শিশির মনির

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০০: ০৮
শিশির মনির ও আসাদুজ্জামান ফুয়াদ। সংগৃহীত ছবি

অভ্যুত্থানের পর রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের বিষয়ে বিএনপির একটি অংশের দক্ষতা ও ধারণা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত ‘গণভোটের বাস্তবায়নে গড়িমসি: সংকটের পথে দেশ’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সেমিনারটির আয়োজন করে রাকসু।

Ad 300x250

শিশির মনির বলেন, ‘বিএনপির এমন একদল লোকের কাছে পড়েছে যারা আসলে স্ট্রোকের রোগীদের মতো আচরণ করছে। তাদের আচরণ দেখলে মনে হয় তারা পৃথিবীর গণঅভ্যুত্থানের ইতিহাস জানে না। অভ্যুত্থানের পরে সংবিধান ও রাষ্ট্র কীভাবে সাজাতে হয়, তারা জানে না। সংস্কার কীভাবে করতে হয়, সেটিও তাদের জানা নাই যা আছে গায়ের জোরে, শরীরের গরমে রক্তচক্ষু দেখানো।’

তিনি আরও বলেন, ‘জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রীর সরাসরি জবাবদিহিতা থাকা উচিত। বিরোধী দলের প্রশ্নের জবাব প্রধানমন্ত্রীকেই দিতে হবে। আমরা প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনতে চাই তিনি কী ভাবছেন, জাতীয় সমস্যার কী সমাধান করবেন এবং জুলাই সনদের কী ব্যাখ্যা দেবেন।’

এছাড়া শিশির মনির বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দাবি জানান। তিনি গুমের সংস্কৃতি বন্ধে আইনি সংস্কার এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে দেশের অর্থনীতি রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন সিনিয়র আইনজীবী ও রাজনীতিবিদ আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, ‘সংবিধানের দোহাই দিয়ে রাজনৈতিক প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই এবং অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজনীতি করা উচিত।’

ফুয়াদ আরও বলেন, ‘দেশের রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি হচ্ছে, যেখানে জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া জরুরি। কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয়, বরং ইতিহাস, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়াই সবার লক্ষ্য হওয়া উচিত।’

সেমিনারে প্রবন্ধ পাঠ করেন রাকসুর বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক ইমরান লস্কর। এতে উপস্থিত ছিলেন রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ ও সিনেট সদস্য ফাহিম রেজা।

leadT1ad

সম্পর্কিত

leadT1ad
leadT1ad