কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা হয়েছে: জামায়াত আমির

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১: ০৫
রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফল ঘোষণায় কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে নির্বাচনের ফল যা-ই হোক না কেন, ইতিবাচক রাজনীতির চর্চা চালিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। অভিযোগ করে জামায়াত আমির এমনকি ঢাকা-৮ আসনের ফলাফল দিতে দেরি করার কথা উল্লেখ করে বলেন, ‘কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা হয়েছে। একগুলো সুষ্ঠু ধারার রাজনীতি নয়, অসুস্থ ধারার রাজনীতি।’

গণভোটে হ্যাঁ-এর পক্ষে বেশি ভোট পড়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘সংস্কারের জন্য গণভোটে “হ্যাঁ” ভোট বেশি পড়েছে। এ জন্য দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ জানাই। একটি সরকার গঠনের জন্য নির্বাচন হয়েছে, যেখানে দুটি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমরা অংশগ্রহণ করেছি। নির্বাচনের প্রক্রিয়া যখন শুরু হয়েছে, তখন থেকে আমরা আমাদের কার্যক্রম চালিয়েছি। প্রতিদ্বন্দ্বীরাও তাদের কার্যক্রম চালিয়েছে।’

জামায়াত আমির আর বলেন, ‘একটা নির্বাচন যখন হবে, তখন সবাই জিতবে না; কেউ হারবে। এটিই গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের দেশে কিছু সংস্কৃতি আছে, যেগুলো আমরা পাল্টানোর পক্ষে। তবে আমাদের কিছু অবজারভেশন আছে। সেগুলো আমরা জাতির সামনে তুলে ধরার পক্ষে। যাতে ভবিষ্যতে একই ধরনের অন্যায় বা সীমালঙ্ঘনের পুনরাবৃত্তি না ঘটে।’

ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, ‘বেশ কিছু ঘটনা ঘটেছে, যা আমরা কম্পাইল করছি। এখন পর্যন্ত বেশ কিছু আসনে আমরা এগিয়ে আছি, গণনাও শেষ হয়েছে। কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং কর্মকর্তা আছেন, তারা ঘোষণা দিচ্ছেন না; ঝুলিয়ে রেখেছেন। আমরা বুঝতে পারছি না, এটা কেন!’

পাস করার গ্যারান্টি নিয়ে কোনো রাজনীতি হয় না উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘মাঝখানে আবার ওয়েবসাইটে হঠাৎ করে দেখা গেল কে কতটি আসন পেয়েছেন, সেটা দেওয়া হলো, মাঝখান থেকে উধাও হয়ে গেল, আবার নেই। তবে আমরা এখন পূর্ণাঙ্গ কোনো বক্তব্য দিচ্ছি না। পুরোনো রাজনৈতিক সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না, আমরা ইতিবাচক রাজনীতি করতে চাই। রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয়, তাহলে যারা রাজনীতি করবেন, তাদের এ কথা মেনে নিতে হবে যে পাস করার গ্যারান্টি নিয়ে কোনো রাজনীতি হয় না।’

সম্পর্কিত