ইরানের তেল ও খার্গ দ্বীপ নিয়ন্ত্রণ চান ডোনাল্ড ট্রাম্প

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৯: ১৯
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।

সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে ‘ইরানের তেল দখল করতে পারে’ এবং দেশটির প্রধান জ্বালানি কেন্দ্র খার্গ দ্বীপও নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে।

ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমার সবচেয়ে পছন্দের বিষয় হচ্ছে ইরানের তেল দখল করা। কিন্তু যুক্তরাষ্ট্রে কিছু বোকা মানুষ বলে, আপনি এটা কেন করছেন? তারা বোকা মানুষ।’

খার্গ দ্বীপ দখলের প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমরা হয়তো খার্গ দ্বীপ নেব, হয়তো নেব না। আমাদের হাতে অনেক বিকল্প আছে। আমাদের সেখানে (খার্গ দ্বীপে) কিছুদিন অবস্থান করতে হবে।’

দ্বীপটির প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মনে করি না তাঁদের কোনো প্রতিরক্ষা আছে। আমরা খুব সহজেই এটি দখল করতে পারি।’

এদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কার মধ্যেই আরও ৩ হাজার ৫০০ সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে যা মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলার ঝুঁকি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প আরও জানান, পাকিস্তানের মাধ্যমে ‘প্রতিনিধিদের’ ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। তবে শিগগিরই কোনো যুদ্ধবিরতি চুক্তি হবে কি না সে বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।

তিনি বলেন, ‘আমাদের হাতে এখনও প্রায় ৩ হাজারের মতো লক্ষ্যবস্তু বাকি আছে। আমরা ১৩ হাজার লক্ষ্যবস্তুতে বোমা মেরেছি এবং আরও কয়েক হাজার লক্ষ্যবস্তু বাকি রয়েছে। একটি চুক্তি বেশ দ্রুতই হতে পারে।’

সম্পর্কিত