‘আধিপত্য নিয়ে’ লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
লক্ষ্মীপু

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৮: ৫৭
নিহত আবুল কালাম জহির। সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে কুপিয়ে ও গুলি করে আবুল কালাম জহির (৫০) নামে বিএনপির স্থানীয় এক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সড়কের ওপর তার মরদেহ পড়ে ছিল। মরদেহের পাশে গুলির খোসা পাওয়া গেছে।

শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার চায়ের দোকান সংলগ্ন এলাকায় সড়কে ওপর জহিরকে কুপিয়ে ও গুলি করে হত্যার পর ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একসময় জহির মাদক ও মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিল। সেখান থেকে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসছিলেন। ধারণা করা হচ্ছে তার প্রতিপক্ষ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই তাকে কুপিয়ে হত্যা করেছে।

রাতে এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নিচ্ছি।’

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রাতে তিনি স্ট্রিমকে বলেন, খ‘বর পেয়ে আমরা ঘটনাস্থল এসেছি। জহিরকে হত্যা করা হয়েছে।’ তবে কে বা কারা কী কারণে ঘটনাটি ঘটিয়েছে, তা বলতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

সম্পর্কিত