নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি প্রার্থী মনজিলা ঝুমা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
খাগড়াছড়ি

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১১: ৫৫
অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা। ছবি: ফেসবুক থেকে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা। তিনি এনসিপির দক্ষিণাঞ্চলের একজন সংগঠক।

রোববার (২৮ ডিসেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে মনজিলা সুলতানা ঝুমা বলেন, প্রাথমিকভাবে এনসিপি দেশের ১২৫টি সংসদীয় আসনে প্রার্থী মনোনয়ন দেয়। এর অংশ হিসেবে খাগড়াছড়ি-২৯৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে তাকে দলের পক্ষ থেকে মনোনীত করা হয়েছিল। গত ২৪ ডিসেম্বর তার পক্ষে দলের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মনোনয়নপত্র উত্তোলন করেন।

তিনি জানান, সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত থাকলেও এর আগেই তিনি তার সিদ্ধান্ত দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে অবহিত করেছেন।

নির্বাচনে অংশ নেওয়া নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে মনজিলা ঝুমা বলেন, ‘আমি অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না।’

তবে রাজনীতি ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, তরুণরা সংসদে যাবে—আজ নয় তো কাল।’

এরই মধ্যে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতা করেছে এনসিপি। বিষয়টি জানাতে রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামটরের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখানে তিনি বলেন, ‘দলের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে বৃহত্তর ঐক্যের জন্য এই জোট গঠন হয়েছে।’

একাধিক নেতার পদত্যাগের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এটি যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা তাদের সঙ্গে আবার আলোচনা করব; বোঝানোর চেষ্টা করব।’

সম্পর্কিত