পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

হাইকোর্ট ভবন। ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টে আগামী তিন মাসের মধ্যে স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের সংশোধনী অবৈধ ঘোষণা করে ১৯৭২ সালের মূল বিধান পুনর্বহাল করা হয়েছে। এর ফলে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের পূর্ণ ক্ষমতা ফিরে পেয়েছে সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৮৫ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।

Ad 300x250

রায়ে বলা হয়েছে, কর্তৃপক্ষের প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় আদেশের তারিখ থেকে তিন মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। এখন থেকে বিচারবিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচারবিভাগে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটদের কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুরিসহ সব ধরনের শৃঙ্খলা বিধান সরাসরি সুপ্রিম কোর্টের অধীনে থাকবে।

রায়ের প্রতিক্রিয়ায় রিটের পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ‘এই রায়ের ফলে নিম্ন আদালতের ওপর রাষ্ট্রপতির পরিবর্তে সুপ্রিম কোর্টের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো।’

ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করে রায়ে বলা হয়, ১৯৭২ সালের মূল সংবিধানে অধস্তন আদালতের দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত ছিল। কিন্তু ১৯৭৫ সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়া হয়। পরবর্তীতে ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বিষয়টি আরও জটিল করা হয়। হাইকোর্ট এই দুই সংশোধনীকেই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে বাতিল করেছেন।

এছাড়া অধস্তন আদালতের বিচারকদের জন্য প্রণীত ২০১৭ সালের জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালাকেও সংবিধান পরিপন্থী ঘোষণা করেছেন আদালত।

২০২৪ সালের ২৫ আগস্ট সুপ্রিম কোর্টের সাতজন আইনজীবী বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে এই রিট দায়ের করেছিলেন। দীর্ঘ শুনানি শেষে গত বছরের ২ সেপ্টেম্বর আদালত সংক্ষিপ্ত রায় দিলেও মঙ্গলবার এর পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হলো।

leadT1ad

সম্পর্কিত

leadT1ad
leadT1ad