তাইম হত্যা মামলা: সাবেক ডিএমপি কমিশনারসহ ১১ জনের বিচার শুরু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯: ০৮
ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। ছবি: সংগৃহীত

জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার ছেলে তাইমকে হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ১১ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। এর মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো। আদালত আগামী ২৯ মার্চ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।

ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলার ১১ আসামির মধ্যে যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হাসান এবং সাবেক এসআই শাহাদাত আলী কারাগারে আছেন। রোববার সকালে তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হলে তাঁরা নিজেদের নির্দোষ দাবি করেন। বাকি ৯ আসামি বর্তমানে পলাতক। তাঁরা হলেন—ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারী জোনের সাবেক ডিসি ইকবাল হোসাইন, এডিসি শাকিল মোহাম্মদ শামীম, এডিসি মো. মাসুদুর রহমান মনির, এসি নাহিদ ফেরদৌস, পরিদর্শক জাকির হোসেন, পরিদর্শক ওহিদুল হক মামুন এবং এসআই সাজ্জাদ উজ জামান।

আদালত ও প্রসিকিউশন সূত্রে জানা যায়, ওসি আবুল হাসানের বিরুদ্ধে হত্যা ও ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে ‘কমান্ড রেসপনসিবিলিটি’সহ তিনটি অভিযোগ আনা হয়েছে। এসআই শাহাদাত আলীর বিরুদ্ধে রাজনৈতিক নিপীড়নের অভিযোগ রয়েছে। প্রসিকিউশনের দাবি, তিনি তাইম হত্যার ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা সুরতহাল প্রতিবেদন তৈরি করেছিলেন।

শুনানিতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন মিজানুল ইসলাম, গাজী এম এইচ তামিম, ফারুক আহাম্মদ ও আবদুস সোবহান তরফদার। গ্রেপ্তার দুই আসামির পক্ষে ছিলেন আইনজীবী আবুল হাসান। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন এম হাসান ইমাম ও লোকমান হাওলাদার।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে খুব কাছ থেকে গুলি করে তাইমকে হত্যা করা হয়। নিহত ইমাম হাসান তাইমের বাবা মো. ময়নাল হোসেন ভূঁইয়া নিজেও পুলিশের একজন উপপরিদর্শক (এসআই)। তিনি বর্তমানে রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত রয়েছেন।

সম্পর্কিত