নির্দেশ না মানায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন আদেশ জারি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ২০: ৩৩
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তাদের সময়মতো অফিসে উপস্থিতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আগের নির্দেশনার ব্যত্যয় ঘটায় নতুন করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগেই ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ কক্ষে অবস্থান এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিতের নির্দেশনা থাকলেও বাস্তব ক্ষেত্রে তার বিচ্যুতি দেখা গেছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত কর্মকর্তাদের নিজ অফিস কক্ষে অবস্থান করতে হবে। দাপ্তরিক কর্মসূচি এমনভাবে সাজাতে হবে যেন এই সময়সীমা বিঘ্নিত না হয়। এছাড়া দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে এবং প্রয়োজনে জানালা-দরজা কিংবা ব্লাইন্ড খোলা রাখতে হবে।

বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক লাইট ও ফ্যান ব্যবহারের পাশাপাশি এয়ারকন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে বলা হয়েছে। অফিস সময় শেষে কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানারসহ সব সরঞ্জাম বন্ধ নিশ্চিত করতে হবে। এছাড়া করিডোর বা সিঁড়িতে অপ্রয়োজনীয় বাতি জ্বালানো এবং বিশেষ অনুমতি ছাড়া আলোকসজ্জা করা যাবে না। আদেশে নিয়মিত অফিস ও শৌচাগার পরিষ্কার রাখার ওপরও জোর দেওয়া হয়েছে।

সম্পর্কিত