৩৩৩ ডায়ালে মিলবে নির্বাচন ও গণভোটের তথ্য

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১: ০৮
বাংলাদেশ নির্বাচন কমিশন

জাতীয় নির্বাচন ও গণভোটের সঠিক তথ্য নিশ্চিত করতে ন্যাশনাল হেল্পলাইন ৩৩৩-তে বিশেষ সেবা চালু করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশ নির্বাচন কমিশনের সহযোগিতায় এটুআই পরিচালিত এই তথ্যসেবা আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে টোল-ফ্রি নম্বর ৩৩৩-তে কল করে ৯ প্রেসের মাধ্যমে নির্বাচন ও গণভোট সংক্রান্ত প্রয়োজনীয় সকল তথ্য ও সহায়তা পাওয়া যাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও নাগরিকবান্ধব করা।

এই সেবার আওতায় ভোটাররা তাঁদের ভোটকেন্দ্রের অবস্থান, ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি, জাতীয় পরিচয়পত্র এবং নির্বাচনকালীন আচরণবিধি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। বিশেষ করে প্রবাসী ভোটার, প্রতিবন্ধী, নারী ও প্রবীণদের জন্য থাকা বিশেষ সুবিধার তথ্যও এখানে মিলবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৬ জানুয়ারি থেকে পাইলট আকারে শুরু হওয়া এই বিশেষ সেবার মাধ্যমে ইতোমধ্যে ১ হাজার ৬৪৩ জন নাগরিক তথ্য ও সহায়তা গ্রহণ করেছেন। ৩৩৩-এর এই ব্যবস্থা আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সম্ভাব্য অস্থিরতা আগাম শনাক্তকরণেও সহায়ক ভূমিকা পালন করবে। এটি সরাসরি পুলিশ কন্ট্রোল রুম হিসেবে কাজ না করলেও প্রাপ্ত তথ্য প্রয়োজন অনুযায়ী ৯৯৯ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে আগাম সতর্কতা ব্যবস্থা হিসেবে কাজ করবে।

সম্পর্কিত