মায়ানমারে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, অনুভূত হলো ঢাকায়

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩: ১৯
ভূমিকম্প। প্রতীকী ছবি

প্রতিবেশী দেশ মায়ানমারে ৫ দশমিক ১ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এই ভূকম্পন অনুভূত হয়। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বেশ কিছু এলাকায় মৃদু কাঁপুনি অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বুধবার রাত ১০টা ৫১ মিনিটে (১৬:৫১ ইউটিসি) ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক শহর থেকে ৮৩ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে বেশ গভীরে, ১২৯ দশমিক ৭ কিলোমিটার নিচে।

অন্যদিকে, ইএমএসসির প্রাথমিক তথ্যে বলা হয়েছিল, উৎপত্তিস্থলটি মাওলাইক থেকে ৭৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং মনিওয়া শহর থেকে ১০৯ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে অবস্থিত। তাদের হিসাবে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৯ কিলোমিটার।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল বাংলাদেশ থেকে চার শতাধিক কিলোমিটার দূরে হলেও এর কেন্দ্র ভূপৃষ্ঠের অনেক গভীরে হওয়ায় কম্পন অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। রাতে হঠাৎ কাঁপুনি অনুভূত হওয়ায় ঢাকাসহ বিভিন্ন স্থানে মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়ায়। ইএমএসসির ওয়েবসাইটেও অনেককে নিজেদের অভিজ্ঞতা জানাতে দেখা গেছে।

বিষয়:

ভূমিকম্প

সম্পর্কিত