চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চুয়াডাঙ্গা

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ২২: ৩৩
জীবননগর সীমান্তে বিএসএফ গুলিতে নিহত শহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিদুল ইসলাম শহিদ নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর পিলারের কাছে এই ঘটনা ঘটে।

শহিদুল গয়েশপুর গ্রামের নষ্কর মালিতার ছেলে। তাঁর স্ত্রী নাসরিন আক্তার বলেন, ‘সকালে তিনি কাজ গিয়েছিলেন। দুপুর দেড়টা–২টার দিকে কাজ শেষে করে বাড়িও এসেছিলেন। এরপর বিকেলে গরুর জন্য ঘাস কাটতে মাঠে যান। তারপর আর বাড়ি আসেননি। মাগরিবের সময় শুনছি, আমার স্বামীকে গুলি করে বিএসএফ নিয়ে গেছে।’

উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও গয়েশপুর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘শহিদুল মাঠে শ্রমিকের কাজ করে। শুনেছি আসরের নামাজের পর বিএসএফের সদস্যরা তাঁকে গুলি করে হত্যা করেছে। পরে লাশ নিয়ে গেছে।’

৫৮ বিজিবি জানায়, বিকেলে গয়েশপুরসহ আশপাশের গ্রামের ১০-১২ জনকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফের সদস্যরা। এ সময় অন্যরা পালিয়ে যেতে পারলেও গুলিবিদ্ধ হন শহিদুল। পরে ভারতের হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এর আগে বিকেলে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, ঘটনা শোনার পর তিনি বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছেন। শহিদুল গুলিবিদ্ধ হয়েছেন বলে তাঁকে নিশ্চিত করে বিএসএফ। তারা জানিয়েছে, শহিদুলকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে নিহতের বিষয়টি তারা নিশ্চিত করেনি।

তবে রাত ৮টার দিকে বিএসএফের ৩২ ব্যাটালিয়নের কমান্ডেন্ট সুজিত কুমারের বরাত দিয়ে রফিকুল আলম জানান, শহিদুল মারা গেছেন। তাঁর মরদেহ ভারতের পুলিশের কাছে আছে।

সম্পর্কিত