হাম ও লক্ষণ নিয়ে একদিনে ১১ জনের মৃত্যু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১৭: ০৭
হাম আক্রান্ত শিশুদের নিয়ে দিশাহারা স্বজন। ছবি: সংগৃহীত

দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও লক্ষণ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ১ হাজার ২৩৬ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Ad 300x250

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত– এমন এক রোগীর মৃত্যু হয়েছে। সন্দেহজনক হাম নিয়ে যে ১০ জনের মৃত্যু হয়েছে, তাদের নিয়ে দেশে সন্দেহজনক হামে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১২৮। আর নিশ্চিত হামে মারা যাওয়া একজনসহ এখন পর্যন্ত নিশ্চিত হামে মোট ২১ জনের মৃত্যু হলো।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্দেহজনক হাম নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪১ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগী দাঁড়াল ৬ হাজার ৮৮৩ জনে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্যানুযায়ী, এখন পর্যন্ত হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৬৩৫ রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে নতুন করে ২২৪ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৩৬ জন। সব মিলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৮৩। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১ হাজার ৩৯৮ জনের।

leadT1ad

সম্পর্কিত

leadT1ad
leadT1ad