রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুদ রয়েছে: বাণিজ্যমন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ২৯
বাজারদর। স্ট্রিম ছবি

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যসামগ্রী মজুদ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বাজারে সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, 'বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখা। বিশেষ করে রমজান মাসে এই দায়িত্বের গুরুত্ব আরও বেড়ে যায়। আমরা যখন দায়িত্ব নিয়েছি, তখন রোজা সামনে রেখে বিশেষ কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ ছিল সীমিত। তবে ইতিবাচক দিক হলো, বর্তমানে আমাদের হাতে যে পরিমাণ খাদ্য মজুত রয়েছে, তা বাজারমূল্য স্থিতিশীল রাখতে যথেষ্ট।'

সিলেটের উন্নয়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো তিনি বাস্তবায়ন করতে চান। তিনি বলেন, 'সিলেটবাসীর জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি, আইটি খাতের প্রসার এবং একটি ‘এআই সেন্টার’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।'

ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পার্শ্ববর্তী দেশগুলো বড় পরিসরে ডিজিটাল কর্মসূচি গ্রহণ করেছে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এআই প্রশিক্ষণ দিচ্ছে। আমরা পিছিয়ে থাকলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। তাই আমাদের সক্ষমতা অর্জন করতে হবে।

সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সম্ভব নয়। এজন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, লাল ফিতার দৌরাত্ম্য হ্রাস এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন, সিলেটে প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতি-সহায়তা প্রয়োজন। সরকার এসব নিয়ে কাজ করছে এবং খুব শিগগির এর বাস্তবায়ন দৃশ্যমান হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের সংসদ সদস্য এম এ মালিক, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীসহ অন্যান্য নেতারা।

বিষয়:

সম্পর্কিত