গেন্ডারিয়ায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

ঝুলন্ত মরদেহ উদ্ধার। প্রতিকী ছবি

রাজধানীর গেন্ডারিয়া থানার ধুপখোলা এলাকার একটি বাসা থেকে ইমরান নাবিল প্রামানিক (২৬) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইমরান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (১২ ব্যাচে) শিক্ষার্থী ছিলেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, ‘আমরা খবর পেয়ে গেন্ডারিয়ার রজনী চৌধুরী রোডের একটি বাসার ষষ্ঠতলা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’

মাসুম বিল্লাহ আরও জানান, ‘আমরা স্থানীয় লোকের মাধ্যমে জানতে পারি নিহত ইমরান মানসিক হতাশাগ্রস্ত হয়ে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়।’

গেন্ডারিয়া থানার ওসি মনিরুজ্জামান স্ট্রিমকে বলেন, ওই ভবনের একটি রুমে তিন শিক্ষার্থী থাকতেন। দুই শিক্ষার্থী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগেই বাড়ি চলে গেছেন। তার পর থেকে ইমরান একাই থাকতেন। সোমবার সকালে পরিচারিকা খাবার দিতে এসে দরজা খুলতে না পেরে আশেপাশের লোকজনকে খবর দেন। অন্য ছাত্ররা এসে পুলিশকে খবর দিলে আমরা দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করি। গামছা পেঁচিয়ে তিনি ফ্যানের সঙ্গে ঝুলে ছিলেন। রুম তল্লাশি করে আত্মহত্যাসংক্রান্ত কোনো চিরকুট পাওয়া যায়নি।

ওসি মনিরুজ্জামান আরও বলেন, মরদেহ উদ্ধারের ঘটনায় ইমরানের চাচা বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। ময়নাতদন্তের পর লাশ গ্রামের বাড়ি নিয়ে গেছেন।

সম্পর্কিত