খাগড়াছড়ির মহালছড়ি বাজারে আগুন, নিভল বৃষ্টির পানিতেই

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
খাগড়াছড়ি

মহালছড়ি উপজেলার প্রধান বাজারে আগুন। স্ট্রিম ছবি

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার প্রধান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেও পানির উৎসের অভাবে আগুন নেভানোর কাজ শুরু করতে পারেনি। পরে আকস্মিক ভারী বৃষ্টিতে প্রায় দেড় ঘণ্টা ধরে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বাজার মসজিদের সামনে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে জুতার দোকান, কাপড়ের দোকান, কসমেটিকস, খাবার হোটেল, মুদিপণ্য ও স্বর্ণের দোকানসহ মোট ১৪টি প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে।

খবর পেয়ে খাগড়াছড়ি সদর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিলেও সরু পাহাড়ি রাস্তা ও স্পিড ব্রেকারের কারণে পৌঁছাতে বিলম্ব হয়। রাত দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছালেও পানির কোনো উৎস না থাকায় তারা আগুন নেভানোর কাজ শুরু করতে পারেনি।

এ সময় হঠাৎ করেই মহালছড়িতে মুষলধারে বৃষ্টি শুরু হয়। স্থানীয়রা বলেন, ‘আগুন নেভাতে পারেনি কেউ, বৃষ্টিই আজ বাজারটাকে বাঁচিয়ে দিয়েছে।’

আগুনে পুড়েছে ১৪টি দোকান। স্ট্রিম ছবি
আগুনে পুড়েছে ১৪টি দোকান। স্ট্রিম ছবি

বৃষ্টির পানিতে আগুনের তীব্রতা কমে এলে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, ‘রাত ১২টা ৪০ মিনিটে খবর পেয়েই আমরা রওনা দেই, কিন্তু ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। সেখানে পৌঁছেও পানির উৎস না পাওয়ায় কাজ শুরু করা যাচ্ছিল না। পরে মাটিরাঙা উপজেলা থেকে পানির ট্যাংকার পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। তবে তার আগেই বৃষ্টির পানিতে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর জানানো হবে।’

সম্পর্কিত