ঈদের ছুটি শুরু, ঢাকা ছাড়ছেন লাখো মানুষ

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১৩: ২০
দযাত্রায় সদরঘাটে ঘরমুখো মানুষের ঢল। গতকালের (১৬ মার্চ) তোলা। ছবি: ইউএনবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার থেকে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে। ঈদকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ছেড়ে লাখ লাখ মানুষ নাড়ির টানে বাড়িতে ফিরছেন।

ঈদের এই দীর্ঘ ছুটিতে সরকারি অফিস, আদালত এবং অনেক বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে বড় শহরগুলো থেকে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে মানুষের বাড়ি ফেরার ধুম লেগেছে।

গতকাল সোমবার (১৬ মার্চ) ছিল ঈদের আগে শেষ কার্যদিবস। চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০ বা ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকার ১৮ মার্চকেও ছুটি ঘোষণা করেছে। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সোমবারই ছিল ঈদের আগে শেষ কর্মব্যস্ত দিন।

উল্লেখ্য, ঈদে যাতায়াত যেন নিরবচ্ছিন্ন হয়, সেজন্য ১৮ মার্চ ছুটির দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন দেওয়া হয়। এ সিদ্ধান্তের পর গত ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে ওইদিন সাধারণ ছুটি ঘোষণা করে। এর ফলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ঈদ ছুটি নিশ্চিত হয়েছে।

এদি‌কে, ঈদে ঘরমু‌খো ঢাকাবাসীর মালামা‌লের নিরাপত্তায় বি‌শেষ ব‌্যবস্থা গ্রহণ ক‌রে‌ছে ঢাকা মে‌ট্রোপ‌লিটন পুলিশ (ডিএম‌পি)।

রোববার (১৫ মার্চ) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানান, যেসব নগরবাসীর কোনো আত্মীয়-স্বজন নেই এবং ঈদের ছুটিতে বাসায় মূল্যবান সামগ্রী রেখে যাওয়ার ঝুঁকি রয়েছে, তারা প্রয়োজনে তাদের স্বর্ণালঙ্কার ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিরাপদ হেফাজতে থানায় জমা রাখতে পারবেন।

তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে রাজধানীর চারটি বাস টার্মিনাল, একটি লঞ্চ টার্মিনাল এবং রেলওয়ে স্টেশনগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও দায়িত্ব পালন করবে।

সম্পর্কিত