নির্ভুল ভূমিসেবা অনেকাংশে সার্ভেয়ারদের ওপর নির্ভর করে: ভূমি সচিব

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

স্ট্রিম গ্রাফিক

দেশের ভূমি ব্যবস্থাপনা কতটা উন্নত এবং নাগরিক কত দ্রুত ও নির্ভুল ভূমিসেবা পান, তা অনেকাংশেই সার্ভেয়ারদের পেশাগত দক্ষতা, সততা ও দায়িত্ববোধের ওপর নির্ভর করে বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। তিনি বলেন, আধুনিক ও জনবান্ধব ভূমিসেবা প্রতিষ্ঠায় তাদের অবদান অপরিসীম।

আজ রোববার (২৩ নভেম্বর) রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (এলএটিসি) নবযোগদানকৃত সার্ভেয়ারদের প্রশিক্ষণে তিনি এসব কথা বলেন।

সালেহ আহমেদ বলেন, ‘ডিজিটাল যুগে ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সার্ভেয়ারদের প্রযুক্তি-দক্ষতা অত্যন্ত প্রয়োজন। ড্রোন সার্ভে, জিআইএস, জিপিএস ও ডিজিটাল মানচিত্র ব্যবহার করে ভূমি জরিপকে দ্রুত, নির্ভুল ও স্বচ্ছ করা সম্ভব হচ্ছে। এতে একদিকে নাগরিকের হয়রানি কমছে, অন্যদিকে সরকারের ভূমি ব্যবস্থাপনা আরও আধুনিক ও নির্ভরযোগ্য হয়ে উঠছে।’

নিয়োগ প্রক্রিয়া নিয়ে সালেহ আহমেদ বলেন, ‘বর্তমান সরকারের সময়ে সব নিয়োগ মেধার ভিত্তিতে দেওয়া হয়েছে। মেধাবী জনবল সাধারণত দায়িত্ববোধ ও সুশাসনের মূল্যবোধে বিশ্বাসী হয়, তারা অনিয়মের প্রলোভনে সহজে আপস করে না। ফলে ঘুষ ও জালিয়াতির সুযোগ কমে যায়।’ এসময় তিনি সার্ভেয়ার পেশাকে শুধু প্রযুক্তিগত কাজ না ভেবে জনসেবামূলক দায়িত্ব হিসেবে দেখার আহ্বান জানান।

এলএটিসির পরিচালক মোহাম্মদ আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের উপ-পরিচালক (অর্থ ও প্রশাসন) খান এ সবুর খান।

সম্পর্কিত