পটুয়াখালীতে অর্ধকোটি টাকাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
পটুয়াখালী

বস্তাভর্তি টাকাসহ কোস্টগার্ডের সদস্যদের হাতে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা কাজল মৃধা। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা রেজাউল করিম ওরফে কাজল মৃধাকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ভোটারদের টাকা দেওয়ার সময় তাঁকে আটক করেন কোস্টগার্ডের সদস্যরা।

কাজল মৃধা কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও পটুয়াখালী-৪ আসনে বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের নির্বাচন পরিচলনা কমিটির সদস্য বলে জানা গেছে।

বুধবার রাতে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বিবিসি বাংলাকে বলেছেন, কোস্টগার্ড ওই ব্যক্তিকে (কাজল মৃধা) আটক করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁর কাছ থেকে জব্দ করা টাকা গণনার কাজ চলছে।

বস্তায় আনুমানিক অর্ধকোটি টাকা থাকতে পারে বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

কলাপাড়া থানার ওসি মোহাম্মদ রবিউল ইসলাম জানান, ৫০ লাখ টাকাসহ বিএনপির এক নেতাকে কোস্টগার্ড আটক করে। কোস্টগার্ডের এক সদস্যের মানি লন্ডারিং মামলায় পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুল হাসান ঘটনাস্থলে হাজির হন। তাঁর উপস্থিতিতে কাজল মৃধার বস্তা থেকে ৫০ লাখ টাকা জব্দ করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা রাব্বি ইসলাম রনি, কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী জানান, কাজল মৃধা শহরের বিশিষ্ট বালু ব্যবসায়ী ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। টাকাসহ আটকের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং বিএনপির দলীয় কোনো সম্পর্ক নেই।

সম্পর্কিত