রাজধানীতে ৩ দিনের ঈদ উৎসব ও মিছিলের ঘোষণা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ২০: ২৮
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে ঈদ উৎসব ও মিছিলের ঘোষণা দেয় উদযাপন কমিটি। স্ট্রিম ছবি

রাজধানীর কয়েক’শ বছরের পুরোনো ঐতিহ্য পুনরুজ্জীবিতে আসন্ন ঈদুল ফিতরে ৩ দিনব্যাপী ঈদ উৎসব ও মিছিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে ‘ঈদ আনন্দ মিছিল উদযাপন কমিটি-২০২৬’-এর পক্ষ থেকে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সুলতানি ও মোগল আমল থেকে এই অঞ্চলে ঈদের মিছিল ছিল অন্তর্ভুক্তিমূলক ও সামাজিক উৎসবের প্রতীক। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও পরবর্তী সময়ে বিভিন্ন সাংস্কৃতিক দমনে এটি হারিয়ে যেতে বসেছিল। তবে ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের পর গত বছর এই উৎসব আবারও প্রাণ ফিরে পেয়েছে। তারই ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসরে নাগরিক উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হচ্ছে।

সংবাদ সম্মেলন থেকে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে- চাঁদ রাতে (ঈদের আগের রাত) রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে হবে ‘মেহেদি উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা’। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই অংশ নিতে পারবেন। থাকবে ঈদের গান ও কবিতা পাঠের আসর। ঈদের দিন সকাল ১০টায় জাতীয় ঈদগাহের সামনে (হাইকোর্ট প্রাঙ্গণ) থেকে শুরু হবে মূল ‘ঈদ মিছিল’। মিছিলটি দোয়েল চত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হবে। মিছিলে থাকবে হাতি ও ঘোড়ার গাড়ি এবং বিভিন্ন ঐতিহাসিক চরিত্রের উপস্থিতি। পাড়া-মহল্লা থেকে আসা ঝটিকা মিছিলগুলোর মধ্যে শ্রেষ্ঠ মিছিলকে পুরস্কৃত করা হবে। শিশুদের জন্য থাকবে বিশেষ কিডস জোন। আর ঈদের পরদিন সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হবে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব।

আয়োজকদের পক্ষে হাসান ইনাম বলেন, ‘ঢাকার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে এনে ঈদকে সার্বজনীন উৎসবে পরিণত করাই আমাদের লক্ষ্য। গত বছর উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে হলেও এবার এটি সম্পূর্ণ নাগরিক উদ্যোগে হচ্ছে। আমরা এই ধূসর যান্ত্রিক শহরকে উৎসবের রঙে রাঙিয়ে তুলতে চাই।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও উদযাপন কমিটির সদস্য আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সম্পর্কিত