সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গভূমি বাংলাদেশ: ধর্মবিষয়ক উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য দিচ্ছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: সংগ্রহীত

বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গভূমি উল্লেখ করে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘আমাদের নিকটতম প্রতিবেশি দুটি দেশ ভারত কিংবা মিয়ানমারের দিকে তাকালে এটি বুঝতে বেশি সময় লাগার কথা নয়। এ দেশেও সংঘাত মাঝেমধ্যে ঘটে থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রেই এসকল সংঘাত রাজনৈতিক কারণে হয়, সাম্প্রদায়িক কারণে নয়।’

আজ শনিবার (১ নভেম্বর) লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমরা বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসাথে বড় হয়েছি, স্কুল-কলেজে পড়ছি, চাকরি করছি। একসাথে বসবাস করি, বাজারে যাই। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আমরা একসাথে যুদ্ধ করেছি। চব্বিশের জুলাই বিপ্লবেও আমরা একসাথে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি।’

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘এ দেশ আমাদের সবার। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, পাহাড়ি, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী সকলের সমান অধিকার রয়েছে। তাদের অধিকার যেন কেউ ক্ষুণ্ন করতে না পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।’

সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, দেশে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকে, গোষ্ঠীতে-গোষ্ঠীতে কিংবা সম্প্রদায়ে-সম্প্রদায়ে সংঘাত হয় তাহলে সেখানে বিদেশি বিনিয়োগ আসবে না, পর্যটকদের আগমন ঘটবে না, কখনো উন্নয়নও হবে না।

উপদেষ্টা বলেন, লালমনিরহাট সাম্প্রদায়িক সম্প্রীতির উর্বর ভূমি। এখানে মসজিদ, মন্দির, গির্জায় কোনো ধরনের বিবাদ নেই, বিসংবাদ নেই। এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আরো সুদৃঢ় করতে হবে। তিনি লালমনিরহাট জেলার মাদকাসক্তি, কিশোর গ্যাংসহ অন্যান্য সামাজিক সমস্যা নিরসনে সকলকে একসাথে কাজ করার অনুরোধ করেন।

বিগত ১৭ বছরে লালমনিরহাটে উন্নয়নের ছোঁয়া না লাগাকে দুঃখজনক হিসেবে মন্তব্য করে উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে। আপনারা এমন প্রতিনিধি নির্বাচিত করবেন যিনি লালমনিরহাটকে সোনায় মুড়িয়ে দিতে পারেন। আমরা অভিযোগ শুনতে চাই না, কাজ দেখতে চাই।

সম্পর্কিত