পটুয়াখালী-৩: বিজয়ী ভিপি নুরকে অভিনন্দন হাসান মামুনের

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
পটুয়াখালী

নুরুল হক নুর ও হাসান মামুন। ছবি: সংগৃহীত

পটুয়াখালী-৩ আসনে বিএনপির জোটভুক্ত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জয়ে অভিনন্দন জানিয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান মামুন।

নুরের নির্বাচনী মনিটরিং সেলের দেওয়া তথ্যমতে, মোট ৮০টি কেন্দ্রের ফলাফলে নুরুল হক নুরের ট্রাক প্রতীক পেয়েছে ৭৩ হাজার ৯৩৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের ঘোড়া প্রতীক পেয়েছে ৪৭ হাজার ৯৩০ ভোট। তবে জেলা রিটার্নিং কর্মকর্তা এখনো আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেননি।

২৬ হাজার ৪ ভোটের ব্যবধানে নূর এগিয়ে থাকার খবর ছড়িয়ে পড়লে হাসান মামুন সামাজিক যোগাযোগমাধ্যমে নুরকে অভিনন্দন জানান। স্থানীয়ভাবে আনন্দ মিছিল করেন নুরের সমর্থকরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এই সংসদীয় আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

এর আগে নির্বাচনকে কেন্দ্র করে প্রচার চলাকালে ভিপি নুর ও হাসান মামুনের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছিল। গত বুধবার রাতেও গলাচিপায় উভয় পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হন। পুরো নির্বাচনী সময়ে অন্তত ১৫ থেকে ২০টি সংঘর্ষের জেরে চারটি মামলা দায়ের করা হয়েছিল এবং প্রার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় পটুয়াখালী-৩ আসনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বিশেষ নজরদারিতে রেখেছিল প্রশাসন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. শহীদ হোসেন চৌধুরী জানান, বাড়তি নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের কারণে ভোটের দিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনগণ নির্বিঘ্নে তাদের রায় দিতে পেরেছে।

সম্পর্কিত