সংসদের হেডফোনকে ‘বোঝা’ বললেন শাহজাহান চৌধুরী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১৬: ৩৪
চট্টগ্রামের জামায়াত নেতা শাহজাহান চৌধুরী। সংগৃহীত ছবি

জাতীয় সংসদের নতুন সাউন্ড সিস্টেম ও হেডফোন ঘিরে লুটপাটের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, লুটপাট বাহিনী একটা বিল করে খাওয়ার জন্য এ ব্যবস্থাটা করেছে।

রোববার (১৫ মার্চ) সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে শাহজাহান চৌধুরী আরও বলেন, সংসদ সদস্যদের জন্য দেওয়া হেডফোন ব্যবস্থাটি অপ্রয়োজনীয় এবং এর মাধ্যমে বাজেটের অর্থ অপচয় করা হয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে হেডফোন দেখিয়ে তিনি বলেন, এখন এত বড় বোঝা। এটা মনে হয় একটা বাজেট করেছিল। আর ওখান থেকে লুটপাট বাহিনীরা একটা বিল করে খাওয়ার জন্য এ ব্যবস্থাটা করেছেন।

জামায়াতের এই সংসদ সদস্য বলেন, অতীতের সংসদ অধিবেশনে এ ধরনের ভারী হেডফোন ছাড়াই কার্যক্রম পরিচালিত হয়েছে। আমরা তো আরও দুবার সংসদে এসেছি, আপনিও এসেছেন। কিন্তু এত বড় একটা বোঝা মাথার ওপর দিয়ে এক-দুই ঘণ্টা বসে থাকা সবার জন্য কষ্টকর হচ্ছে।

তিনি বলেন, এই বোঝার দরকার নেই। একটা সাধারণ হেডফোন দিলেই আমরা শুনতে পারি। অথবা হেডফোন ছাড়াই সংসদের সাউন্ড সিস্টেম আধুনিক করলে আরও ভালো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনও সাউন্ড সিস্টেম নিয়ে অভিযোগ ওঠে। গত বৃহস্পতিবার বিরতির পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠক শুরু হলে সংসদ কক্ষে মাইক্রোফোনে বিভ্রাট দেখা দেয়।

সেই সময় স্পিকার কিছুক্ষণ হ্যান্ডমাইক ব্যবহার করে অধিবেশন পরিচালনা করেন। পরে প্রায় ২০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি করেন তিনি।

সম্পর্কিত