বুলেটে থামল জুলাইযোদ্ধা ওসমান হাদির লড়াই

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। স্ট্রিম গ্রাফিক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি (৩৩) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে ঢাকা স্ট্রিম পরিবার।

এর আগে গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এ ঘোষণার পর থেকে তাঁর জীবন নিয়ে সাধারণ মানুষের মধ্যে শঙ্কা বাড়তে থাকে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া ও উদ্বেগ প্রকাশ করেন।

আজ বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আরও জানানো হয়, হাদির বিষয়ে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান নিয়মিতভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করছেন, খোঁজখবর জানাচ্ছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার সিঙ্গাপুর পৌঁছেছেন। তিনি সরাসরি হাদির চিকিৎসার দেখভাল করছেন।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর মতিঝিল এলাকায় গণসংযোগ করে ফেরার পথে বেলা ২টা ২৪ মিনিটে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হন হাদি। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

এ ঘটনায় গত ১৫ ডিসেম্বর (সোমবার) পল্টন থানায় মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এতে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে প্রধান আসামি ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

সম্পর্কিত