খামেনির মৃত্যু: মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা নাহিদ ইসলামের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ২১: ১৫
নাহিদ ইসলাম। ছবি : আশরাফুল আলম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে শোক ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (১ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

নাহিদ ইসলাম তাঁর পোস্টে লেখেন, “মার্কিন ও ইসরায়েলি যৌথ বাহিনীর বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শাহাদাতবরণে আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোকের সময়ে ইরানের স্বাধীনতাকামী মানুষের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

ইরানের ওপর এই বিমান হামলাকে একটি সার্বভৌম জাতির ওপর বিনা উসকানিতে আগ্রাসন হিসেবে অভিহিত করেছেন এনসিপি আহ্বায়ক। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এই ঘটনা মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা আরও বৃদ্ধি করবে এবং নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি করবে।

তিনি আরও লেখেন, “সংকটের এই মুহূর্তে কূটনীতিকেই প্রাধান্য দিতে হবে এবং কোনো ব্যত্যয় ছাড়াই আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। বিশ্বনেতারা—বিশেষ করে এই অঞ্চলের নেতারা—শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ব্যর্থ হলে তা ইতিহাসের পাতায় একটি লজ্জাজনক অধ্যায় হিসেবে থেকে যাবে।”

ফেসবুক পোস্টের শেষাংশে তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। এ ছাড়া বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান নাহিদ ইসলাম।

সম্পর্কিত