বিলবোর্ড ভেঙে প্রচারে বাধা, তাসলিমা আখতারের নিন্দা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১: ৪৩
নিউ ইস্কাটন এলাকা থেকে তাসলিমা আখতার তাঁর নির্বাচনী প্রচার মিছিল শুরু করেন। ছবি: সংগৃহীত

প্রচারে বাধা ও বিলবোর্ড ভাঙার নিন্দা জানিয়ে ঢাকা-১২ আসনের গণসংহতি আন্দোলনের প্রার্থী তাসলিমা আখতার বলেছেন, পুরোনো কায়দায় নির্বাচন দখলের চেষ্টা করলে জনগণ উপযুক্ত জবাব দেবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নয়াটোলা পার্কে আয়োজিত পথসভায় তিনি অভিযোগ করেন, তাঁর নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে।

তাসলিমা আখতার বলেন, বিগত দুই সপ্তাহে বিজয় সরণি ও নিউ ইস্কাটনসহ বিভিন্ন এলাকায় ‘মাথাল’ প্রতীকের বিলবোর্ড ভেঙে ফেলা হয়েছে। এ ছাড়া ব্যানার ছিঁড়ে বা পুড়িয়ে সেখানে অন্য প্রার্থীর ব্যানার লাগানো হচ্ছে। তিনি একে নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেন এবং দাবি করেন, প্রতিপক্ষ তাঁর প্রচারণায় ভীত হয়ে এই ধরনের অপতৎপরতা চালাচ্ছে।

তাসলিমা আখতার জানান, ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশকে বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে এবং দ্রুত লিখিত অভিযোগ জমা দেওয়া হবে। তিনি নির্বাচন কমিশনকে দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত করার আহ্বান জানান।

পথসভায় তাসলিমা আখতার আরও বলেন, গায়ের জোরে নির্বাচন দখল করার দিন শেষ হয়ে গেছে। জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষ সত্যিকারের পরিবর্তন চায়। তাই যারা এখনো পুরোনো অপকৌশলের রাজনীতি করতে চাইছেন, ১২ ফেব্রুয়ারি ভোটাররা ব্যালটের মাধ্যমে তাঁদের উপযুক্ত জবাব দেবেন।

এর আগে বিকেল সাড়ে ৩টায় নিউ ইস্কাটন এলাকা থেকে নির্বাচনী প্রচার মিছিল শুরু করেন তাসলিমা আখতার।

সম্পর্কিত