নির্বাচন পেছাতেই বিএনপি নেতার বাড়িতে আগুন: এ্যানি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
লক্ষ্মীপুর

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ২১: ১০
আগুনে পুড়ে নিহত আয়েশা আক্তার বিনতির (৮) আত্মার মাগফিরাত কামনায় লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্তা বাজার জামে মসজিদে আয়োজিত হয় মিলাদ মাহফিল। সংগৃহীত ছবি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘কোনোভাবেই যেন এই নির্বাচনটাকে কেউ পিছিয়ে না দিতে পারে। এই নির্বাচনের সঙ্গে আমাদের সবার ভাগ্য জড়িত, বাংলাদেশের ভাগ্য জড়িত। এই নির্বাচনকে যারা পিছিয়ে দিতে চায়, যারা বাধাগ্রস্ত করতে চায়, তারাই এ ধরনের কর্মকাণ্ডের (বিএনপি নেতার বাড়িতে আগুন) সঙ্গে জড়িত হতে পারে। খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে।’

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে আগুনে পুড়ে নিহত আয়েশা আক্তার বিনতির (৮) আত্মার মাগফিরাত কামনায় লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্তা বাজার জামে মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা বেলাল হোসেন ও তাঁর বড় মেয়ে সালমা আক্তার স্মৃতির (১৭) সুস্থতা কামনায় দোয়া করা হয়।

নেতাকর্মীসহ স্থানীয়দের উদ্দেশ করে এ্যানি চৌধুরী বলেন, ‘বেলালের পরিবারের পাশে দাঁড়াতে হবে। পরিবারটির খোঁজখবর নেবেন। তাদের আত্মীয়-স্বজনকে একটু সহানুভূতি দিয়ে সাহায্য-সহযোগিতা করবেন। বেলালের ব্যবসায়িক প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখবেন। কোনোভাবেই যেন তাঁর এই পরিবার এবং বেলাল থ্রেটের (হুমকি) মুখে না পড়ে। এই পরিবারের জন্য যা কিছু দরকার—আমরা করব।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আবুল হাশেম, সদর (পূর্ব) বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন ও জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন প্রমুখ।

প্রসঙ্গত, শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলালের ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে তাঁর মেয়ে আয়েশা মারা যায়। এ ছাড়া বেলালসহ তাঁর দুই মেয়ে স্মৃতি ও সামিয়া আক্তার বিথি (১৪) দগ্ধ হন। ৯০ শতাংশ পোড়া শরীর নিয়ে স্মৃতি ঢাকা মেডিকেল কলেজে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন। বেলাল দগ্ধ হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসা শেষে বিথি পরিবারের কাছে রয়েছে।

সম্পর্কিত