মতবৈচিত্র্যের মধ্যেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মাগুরা

প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ২০: ৪৭
মাগুরা প্রেসক্লাবে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। স্ট্রিম ছবি

মতের বৈচিত্র্যের মধ্যেই বাসযোগ্য বাংলাদেশ গড়তে চান জানিয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ চাই। যেখানে বহু তান্ত্রিক সমাজ থাকবে। ভিন্ন মতের বৈচিত্র্যের মাঝে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই।’

রোববার (১ মার্চ) বিকালে মাগুরা প্রেসক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ও মাগুরা-২ (মোহাম্মদপুর ও শালিখা) আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন। অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী ছাড়াও মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে চান জানিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় বলেন, ‘বিএনপির ১৭টি বছর সুখের ছিল না। সেই দিনগুলোতে বিএনপির নেতাকর্মীকে হত্যা, মামলা, জেল-গুমসহ নানাভাবে নির্যাতন করেছে আওয়ামী লীগ সরকার। আমরা ক্ষমতায় গেলেও আমরা হারিয়েছি অনেক নেতাকর্মীকে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি। জাতীয়তাবাদী দল বিএনপি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া স্বপ্ন পূরণে কাজ করবে।’

মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত