ভোটের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন: সিইসি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২: ৩৪
ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন (সিইসি)। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নির্বাচন নিয়ে সাংবাদিক ও পর্যবেক্ষকদের দেওয়া এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আগামীকালের (বৃহস্পতিবার) ভোটগ্রহণ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একাধিক পর্যায়ে যাচাই-বাছাই শেষে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘ব্যালট পেপারসহ সকল নির্বাচনী সামগ্রী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তাদের কাছে বিতরণ করা হয়েছে এবং বর্তমানে কেন্দ্রভিত্তিক তা পৌঁছে দেওয়া হচ্ছে। পেশাদারত্ব ও নির্বাচনী বিধি কঠোরভাবে অনুসরণের লক্ষ্যে সারা দেশে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ভোটার অংশগ্রহণ উৎসাহিত করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সমন্বয়ে দেশব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।‘

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচনী আইন ও বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে বলেও জানান সিইসি। তিনি জানান, ভোটার নিবন্ধনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে প্রায় ৪৫ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে, যার মধ্যে ২৭ লাখ নারী। ফলে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭০ লাখের বেশি হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রথমবারের মতো কমিশন প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোটদানের ব্যবস্থা চালু করেছে। প্রস্তুতি ও প্রচারণার সময় সীমিত থাকা সত্ত্বেও সাড়া ছিল উৎসাহব্যঞ্জক; প্রায় ৮ লাখ প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। একই সঙ্গে দেশে নির্দিষ্ট শ্রেণির ভোটারদের জন্যও ডাকযোগে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পোস্টাল ব্যালট ফিরে এসেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের অংশগ্রহণ সহজতর করতে আজ ও আগামীকাল সরকারী ছুটি ঘোষণা করা হয়েছে। ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায়। শেষ হবে বিকাল সাড়ে ৪টায়।

তিনি জানান, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা ভোটকেন্দ্রে ভোটগ্রহণ ও গণনা পরিচালনা করবেন। এসময় প্রার্থীদের এজেন্ট, পর্যবেক্ষক ও সাংবাদিকরাও উপস্থিত থাকবেন। ভোটগ্রহণ শেষে কেন্দ্রেই প্রিসাইডিং অফিসারের তত্ত্বাবধানে গণনা সম্পন্ন হবে। গণনা শেষে ফলাফল কেন্দ্রেই ঘোষণা করা হবে এবং পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তারা তা সংকলন করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন। এভাবে ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

কোনো ধরনের অভিযোগ উঠলে তা প্রচলিত আইন ও সাংবিধানিক বিধান অনুসারে নিষ্পত্তি করা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

ব্রিফিংয়ে স্বাগত বক্তব্য দেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের পর প্রেজেন্টেশন উপস্থাপন করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি এ সময় বলেন, ভোটের ফলাফল ঘোষণায় খুব দীর্ঘ সময় লাগবে না। কেন্দ্রে চার থেকে পাঁচ ঘণ্টা লাগতে পারে। আর সমন্বিত ফলাফল পেতে মধ্যরাত বা পরদিন সকাল হবে।

সম্পর্কিত