মালয়েশিয়া যাচ্ছেন মন্ত্রী-উপদেষ্টা, শ্রমবাজার চালুর আশা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর প্রবাসীকল্যাণবিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন। সংগৃহীত ছবি

প্রায় ২ বছর ধরে বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার। অন্তবর্তী সরকারের একাধিক চেষ্টায়ও বাজারটি চালু করতে ব্যর্থ হয় বাংলাদেশ। আবারো বাজারটি চালু করার চেষ্টায় নেমেছে বিএনপি সরকার। সেই আশায় মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিককর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণবিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তাঁরা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হবেন বলে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

Ad 300x250

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সূত্র বলছে, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর আমন্ত্রণে প্রবাসী কল্যাণ মন্ত্রী ও উপদেষ্টার এই সফর অনুষ্ঠিত হবে। সফরে মালয়েশিয়ার ও মানবসম্পদ মন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করার সম্ভাবনা রয়েছে। বৈঠকে বাংলাদেশ থেকে সাধারণ কর্মী নিয়োগ পুনরায় চালুর বিষয়টি প্রধান আলোচ্যসূচি হিসেবে গুরুত্ব পাবে।

এ বিষয়ে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকারের প্রশাসন বিভাগের জারি করা এক সরকারি আদেশে এ সফরের অনুমোদন দেওয়া হয়েছে।

গতকাল সোমবার মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের লাশ গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমরা বুধবার মালয়েশিয়া যাচ্ছি। দেশটির মন্ত্রণালয় থেকে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে আলোচনার পরে কী হবে, সেটা সবাইকে জানানো হবে। আমরা চেষ্টা করব, শ্রমবাজার দ্রুত খোলার জন্য।’

উল্লেখ্য, ২০২৪ সালের ১ জুন থেকে বাংলাদেশসহ কয়েকটি দেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। তখন প্রায় ১৮ হাজার কর্মী সব কিছু ঠিক থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে যেতে পারেননি। এতে করে এসব কর্মীর জমা দেওয়া প্রায় ৮০০ কোটি টাকার ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে। তবে সরকার ও রিক্রুটিং এজেন্সিগুলো অর্থ ফেরতের দাবি করলেও অনেক কর্মী অভিযোগ করেছেন, তারা সম্পূর্ণ টাকা পাননি। অন্তর্বর্তী সরকারের সময়ে আটকে পড়া কর্মীদের পুনরায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। ২০২৫ সালের নভেম্বরে এসব কর্মীদের প্রথম ফ্লাইট মালয়েশিয়ায় যায়। মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত বছরের ১৬ নভেম্বর থেকে এ বছরের ২৯ মার্চ পর্যন্ত ৮৮১ জন কর্মী মালয়েশিয়া পৌঁছেছেন।

leadT1ad

সম্পর্কিত

leadT1ad
leadT1ad