রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিএনপির ফেসবুক পেজ থেকে নেওয়া ছবি

রাজধানীর জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় তাঁরা হাইকোর্ট সংলগ্ন ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। প্রধান জামাতে অন্যান্য রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সচিবসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন।

এক মাসের রোজা শেষে রাজধানীর বিপুলসংখ্যক মুসলমান মিলিত হয়েছেন জাতীয় ঈদগাহে। ঈদগাহের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

ঢাকা সিটি করপোরেশনের জাতীয় ঈদগাহে ঈদের জামাতের আয়োজন করেছে। এর আগে, সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দূর দূরান্ত থেকে সব বয়সীরা ছুটে আসেন ঈদগাহ ময়দানে। সবার গায়ে নতুন পাঞ্জাবি, মাথায় টুপি। অনেকের হাতে জায়নামাজ আর পানির বোতল।

শিশু-কিশোররাও এসেছে তাদের অভিভাবকদের সঙ্গে। হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে তারা মাঠে প্রবেশ করে। পুলিশ আগেই জানিয়েছিল, জায়নামাজ আর ওয়ালেট ছাড়া সঙ্গে কিছু আনা যাবে না। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস থাকায় অনেকেই হাতে ছাতা নিয়ে বেরিয়েছেন।

নামাজ শেষে রাষ্ট্রপতির সঙ্গে কোলাকুলি করেন প্রধানমন্ত্রী। বিএনপির ফেসবুক পেজ থেকে নেওয়া ছবি
নামাজ শেষে রাষ্ট্রপতির সঙ্গে কোলাকুলি করেন প্রধানমন্ত্রী। বিএনপির ফেসবুক পেজ থেকে নেওয়া ছবি

এদিকে, নামাজ শেষে সকাল ১০টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশি-বিদেশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, প্রধানমন্ত্রী প্রথমে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, ওলামা-মাশায়েখ, শিল্পী-সাহিত্যিক, সরকারি ও বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

শুভেচ্ছা বিনিময়ের পর প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর দেশে এই প্রথম ঈদ উদযাপন করছেন তারেক রহমান। গত ১৭ বছর তিনি লন্ডনে ঈদ উদযাপন করেছেন।

সম্পর্কিত