প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা হবে ৫০ ঘণ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। এছাড়া অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। কমিটির সদস্য ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও উপস্থিত ছিলেন।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়ীত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টায় সংসদের অধিবেশন শুরু হবে। ৩০ এপ্রিল এই অধিবেশন শেষ হওয়ার কথা থাকলেও প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।

সংসদ ভবনের কেবিনেট কক্ষে কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক হয়। ছবি: সংসদ সচিবালয়
সংসদ ভবনের কেবিনেট কক্ষে কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক হয়। ছবি: সংসদ সচিবালয়

কমিটির অন্য সদস্যদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন– ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ নাহিদ ইসলাম ও মুহাম্মদ নওশাদ জমির। স্পিকারের বিশেষ আমন্ত্রণে বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

অধিবেশনের পরিসংখ্যান তুলে ধরে বৈঠকে জানানো হয়, এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮ এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০ প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ২৭টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের সংখ্যা ৯৭।

সম্পর্কিত