স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে এবার স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্ট্রিম গ্রাফিক

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে ২০২৬ সালের ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য এবার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর) এবং শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ফৌজদারহাট ক্যাডেট কলেজকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ড. জহুরুল করিম এবং চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এই রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছে। সাহিত্যে ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর) এবং সংস্কৃতিতে এ, কে, এম, হানিফ (হানিফ সংকেত) ও বশির আহমেদ (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ক্রীড়া ক্ষেত্রে জোবেরা রহমান (লিনু) এবং পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনকে (পিকেএসএফ) এই সম্মাননা দেওয়া হবে।

সমাজসেবা ও জনসেবায় এবার যৌথভাবে পুরস্কার পাচ্ছেন ডা. জাফরুল্লাহ্ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক, মাহেরীন চৌধুরী (মরণোত্তর), এস ও এস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র। জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর) এবং গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী পিএইচডি, অধ্যাপক ড. এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এছাড়া পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি পাচ্ছেন আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।

সম্পর্কিত