পটুয়াখালীতে গণঅধিকার পরিষদ নেতার বিয়েতে বোতল ভর্তি ডিজেল উপহার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
পটুয়াখালী

দুমকিতে নেতার বিয়েতে গ্যালন ভর্তি ডিজেল উপহার দেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। সংগৃহীত ছবি

পটুয়াখালীর দুমকিতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম ফাহিমের বিয়েতে উপহার হিসেবে জ্বালানি তেল (ডিজেল) দিয়েছেন দলের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে ওই অনুষ্ঠানে উপহার দেওয়ার মুহূর্তের একটি ছবি রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা আলোচনা তৈরি হয়।

বিয়েতে বোতল ভর্তি ডিজেল উপহার দেওয়া ছবি রাত ১০টার দিকে ছাত্র অধিকার পরিষদের পটুয়াখালীর জ্যেষ্ঠ সহ-সভাপতি আতিকুর রহমান তাঁর ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। এতে তিনি লেখেন, ‘তৈলের তীব্র সংকট মোকাবেলায় নতুন জামাই-বউকে তৈলমর্দন।’

বিয়ের পাত্র মো. শহিদুল ইসলাম ফাহিম গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ও উচ্চতর পরিষদ সদস্য। তিনি দুমকির শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা। তাঁর সঙ্গে একই উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের শারমিন স্বর্ণার বিবাহ সম্পন্ন হয়েছে।

তাঁদের উপহারের দেওয়া ছবিতে দেখা যায়, সংগঠনের পটুয়াখালীর সভাপতি মো. মহসিন ইসলাম, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান ও আতিকুর রহমান, দপ্তর সম্পাদক মো. সাইফুল মৃধাসহ জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা ৫ লিটারের একটি সাদা প্লাস্টিকের বোতলে প্রায় ৩ লিটার ডিজেল ভরে বর-কনের হাতে তুলে দিচ্ছেন।

ছাত্র অধিকার পরিষদ নেতা আতিকুর রহমান বলেন, ‘পটুয়াখালীর বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরেও আমরা নিজেদের মোটরসাইকেলের জন্য তেল পাইনি। পরে বাধ্য হয়ে বেশি দামে খুচরা বাজার থেকে ডিজেল কিনি আমরা। সেখান থেকেই এই ব্যতিক্রমী উপহারের চিন্তা আসে।’

এদিকে পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক ফিলিং স্টেশনে সরবরাহ সীমিত থাকায় কৃষি, মৎস্য ও পরিবহন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জ্বালানি সংকটের কথা স্বীকার করে জেলা সদরের সরকার ব্রাদার্স ফিলিং স্টেশনের ব্যবস্থাপক সজল কুমার বলেন, ‘গ্রাহকের চাহিদা মেটাতে পারছি না। সরবরাহ স্বাভাবিক না থাকায় পাম্পে মানুষের চাপ বাড়ছে।’

সম্পর্কিত