চট্টগ্রামে রান্নাঘরে বিস্ফোরণ, নারী–শিশুসহ একই পরিবারের দগ্ধ ৯

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চট্টগ্রাম

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২: ২২
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি বাসার রান্নাঘরে বিস্ফোরণ ঘটেছে। স্ট্রিম ছবি

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে নগরের হালিশহরের এইচ ব্লকে ‘হালিমা মঞ্জিল’ নামের ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, চুলা থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানিয়েছেন স্বজনরা।

দগ্ধ ব্যক্তিদের মধ্যে আটজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), মো. আইমান (৯), আয়েশা আক্তার (৪) ও পাখি আক্তার (৩৫)। আহত সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অবস্থায় ৯ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। এখনই বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না।

ফায়ার সার্ভিস জানায়, বিস্ফোরণের পরপরই ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তাঁদের পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী আলমগীর হোসেন বলেন, ওই বাসায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির লাইনের গ্যাস সংযোগ ছিল। ধারণা করা হচ্ছে, চুলা থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে জমে ছিল। পরে তা কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটে।

দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে আসা মো. মকবুল হোসেন নামের এক আত্মীয় বলেন, ওই বাসায় মূলত দুই ভাইয়ের পরিবার থাকে। সম্প্রতি বিদেশ থেকে তাঁদের আরেক ভাই দেশে এসে চিকিৎসার জন্য বাসাটিতে পরিবার নিয়ে অবস্থান করছিলেন।

সম্পর্কিত