এমপির আগমনে ভর্তি ২৩ ‘রোগী’, এমপি গেলে তারাও উধাও

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চট্টগ্রাম

হাসপাতাল পরিদর্শনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় সংসদ সদস্যের পরিদর্শন ঘিরে এক ব্যতিক্রমী ঘটনা ঘটল। সোমবার সকালে সেখানে একযোগে ২৩ জন ব্যক্তি রোগী হিসেবে ভর্তি হন। তবে সংসদ সদস্য পরিদর্শন শেষে হাসপাতাল ত্যাগ করতেই নতুন রোগীদের আর হাসপাতালে দেখা যায়নি।

গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটে। তবে আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিষয়টি জানাজানি হয়।

জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম হাসপাতালটি পরিদর্শনে যান। প্রায় আধা ঘণ্টা অবস্থান শেষে বেলা ১টার দিকে তিনি হাসপাতাল ছাড়েন। তিনি আসার আগে সকালে হাসপাতালে ভর্তি হন ২৩ জন। এসময় তাঁদের অনেকের হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজও ছিল। তবে এমপি চলে গেলে রোগীদেরও আর হাসপাতালে দেখা যায়নি।

অবশ্য সকালে ভর্তি হওয়া ব্যক্তিরা দাবি করেন, গত সংসদ নির্বাচনের দিন বিভিন্ন এলাকায় সংঘর্ষে তাঁরা আহত হয়েছিল। ওই সময় তাঁরা শহরের কয়েকটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। কিন্তু পুনরায় অসুস্থতা অনুভব করায় গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

এ ঘটনায় আগে থেকে ভর্তি থাকা কয়েকজন রোগী অভিযোগ করেন, তাঁদের নির্ধারিত শয্যা খালি করে নতুন ভর্তি হওয়া ব্যক্তিদের সেখানে রাখা হয়। যদিও এমপি চলে যাওয়ার পর তাঁরা আবার নিজেদের শয্যা ফিরে পেয়েছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, ‘কিছু রোগী ভর্তি হয়েছিলেন। তাঁরা ফলোআপ চিকিৎসার জন্য এসেছিলেন। তাঁদের পুরুষ ওয়ার্ডে রাখা হয়। তবে আগে থেকে ভর্তি থাকা রোগীদের ওয়ার্ড থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ সঠিক নয়।’

এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

সম্পর্কিত