leadT1ad

উত্তর কোরিয়া বহুমুখী ওয়ারহেড বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘তৈরি করছে’

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১১: ৪৪
৬০০ মিমি ক্যালিবারের একাধিক রকেট লঞ্চার পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করছে উত্তর কোরিয়া। ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়া সম্প্রতি একটি কয়লা জাতীয় কঠিন (সলিড) জ্বালানিচালিত রকেট ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে দক্ষিণ কোরিয়া। তাঁদের দাবি, এই রকেট ইঞ্জিনটি কার্বন-ফাইবার দিয়ে তৈরি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নির্মাণে ব্যবহারের উদ্দেশ্যে বানানো হচ্ছে। এর মাধ্যমে ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো এবং একাধিক ওয়ারহেড বহনের সক্ষমতা অর্জনের চেষ্টা করছেন কিম জং উন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গত মার্চে উত্তর কোরিয়া একটি কঠিন জ্বালানিচালিত রকেট ইঞ্জিনের স্থল পরীক্ষা চালায়। বিশ্লেষকদের মতে, এটি দেশটির সর্বশেষ আইসিবিএমের জন্য তৈরি করা হচ্ছে।

Ad 300x250

দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা জানিয়েছেন, নতুন ইঞ্জিনটির থ্রাস্ট বা ধাক্কাশক্তি ২০২৪ সালে পরীক্ষিত আগের মডেলের তুলনায় বেশি হতে পারে। আগের মডেলটিকেই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের যেকোনও স্থানে আঘাত হানার সক্ষম বলে মনে করা হয়েছিল।

উত্তর কোরিয়া তাদের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো সাধারণত উঁচু কোণে (লোফটেড ট্রাজেক্টরি) উৎক্ষেপণ করে, যাতে সেগুলো দেশের পূর্ব উপকূল সংলগ্ন সাগর বা জাপানের পূর্বদিকে সাগরে পতিত হয়। এভাবে তারা ক্ষেপণাস্ত্রের প্রকৃত দূরত্বে না পাঠিয়েই পরীক্ষা চালিয়ে থাকে।

দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্য পার্ক সান-ওয়ান জানান, সাম্প্রতিক ইঞ্জিন পরীক্ষার সময় উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে যে ক্ষেপণাস্ত্রের কাঠামো (এয়ারফ্রেম) দেখানো হয়েছে, তা কার্বন-ফাইবার দিয়ে তৈরি। এই উপাদানটি হালকা হলেও অত্যন্ত মজবুত, ফলে ক্ষেপণাস্ত্রটি একাধিক ওয়ারহেড বহনে সক্ষম হতে পারে।

তিনি দক্ষিণ কোরিয়ার প্রধান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনটেলিজেন্স সার্ভিসের (এনআইএস) বৈঠকের পর সাংবাদিকদের এসব তথ্য জানান।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গত ২৮ মার্চের ওই পরীক্ষায় উপস্থিত ছিলেন এবং এটিকে দেশের কৌশলগত সামরিক সক্ষমতায় গুরুত্বপূর্ণ অগ্রগতি বলেও উল্লেখ করেন পার্ক সান-ওয়ান।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা অমান্য করে উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষা চালিয়ে যাচ্ছে এবং আরও শক্তিশালী ও প্রযুক্তিগতভাবে উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করছে।

leadT1ad

সম্পর্কিত

leadT1ad
leadT1ad