মারা গেছেন প্রভাবশালী জার্মান দার্শনিক ইয়ুর্গেন হ্যাবারমাস

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ২২: ০০
জার্মান দার্শনিক ইয়ুর্গেন হ্যাবারমাস। সংগৃহীত ছবি

বিশ্বের অন্যতম প্রভাবশালী দার্শনিক গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবী জার্মানির ইয়ুর্গেন হ্যাবারমাস ৯৬ বছর বয়সে মারা গেছেন। শনিবার (১৪ মার্চ) মিউনিখ শহরের কাছে স্টার্নবার্গ এলাকায় তিনি মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছেন তাঁর প্রকাশনা প্রতিষ্ঠান। খবর বার্তাসংস্থা এপির।

হ্যাবারমাস ১৯২৯ সালের ১৮ জুন জার্মানীর ডুসেলডর্ফে জন্মগ্রহণ করেন। কয়েক দশক ধরে রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে সক্রিয় মতামত দিয়ে আসছিলেন তিনি। তাঁর গ্রন্থ ‘থিওরি অব কমিউনিকেটিভ অ্যাকশন’ আধুনিক সমাজ ও সামাজিক যোগাযোগের ব্যাখ্যা দিয়েছে।

নাৎসি জার্মানির পতনের সময় হ্যাবারমাসের বয়স ছিলো ১৫ বছর। পরবর্তীতে নাৎসি অপরাধের বাস্তবতার সঙ্গে তাঁর অভিজ্ঞতা দর্শন ও সামাজিক তত্ত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১৯৬০-এর দশকে তিনি বামপন্থী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকলেও ‘বামপন্থী ফ্যাসিবাদ’ বিষয়ে সতর্ক ছিলেন। ১৯৮০-এর দশকে ইতিহাসবিদদের নাৎসি অপরাধের গুরুত্ব কমানোর চেষ্টা হ্যাবারমাস প্রতিহত করেন।

হ্যাবারমাস তাঁর 'কমিউনিকেটিভ অ্যাকশন' বা 'যোগাযোগমূলক ক্রিয়া' তত্ত্বের জন্য সবচেয়ে বেশি পরিচিত। তিনি যুক্তি দিয়েছিলেন যে, মানব সমাজের মূল ভিত্তি শ্রম বা ক্ষমতা নয়, বরং যোগাযোগের প্রক্রিয়ার মধ্যে নিহিত।

১৯৬২ সালে প্রকাশিত তার যুগান্তকারী গ্রন্থ দ্য স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন অব দ্য পাবলিক স্ফিয়ার (জনপরিসরের কাঠামোগত রূপান্তর) গণতন্ত্র সম্পর্কে আমাদের ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। তিনি এখানে 'জনপরিসরের' উত্থান ও পতনের চিত্র তুলে ধরেছেন।

হ্যাবারমাসের প্রভাব সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ভাষাতত্ত্ব এবং আইন—সব ক্ষেত্রেই বিস্তৃত। তাঁর বিশ্বাস ছিল যে, ‘উন্নততর যুক্তির অপ্রতিরোধ্য শক্তি’ পদ্ধতিগত নিপীড়নকে পরাজিত করতে পারে। এই ভাবনা আধুনিক উদারপন্থী চিন্তাধারার অন্যতম ভিত্তি হিসেবে প্রতষ্ঠিত হয়ে আছে।

সম্পর্কিত