leadT1ad

১০ লাখ টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকরা, তবে অসুস্থ হলে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

সম্মিলিত ইসলামী ব্যাংক-সিবিআইবি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এটি শুধু চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

দুর্নীতি, ঋণখেলাপির কারণে তারল্য-সংকটে পড়া দেশে পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে ২০২৫ সালে সম্মিলিত ইসলামী ব্যাংক চালু করা হয়। তবে ব্যাংকটির গ্রাহকরা এখনও প্রয়োজন মতো আমানতের টাকা তুলতে পারছেন না। এমন পরিস্থিতিতে এই সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় ব্যাংক।

Ad 300x250

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন, গ্রাহকরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে অসুস্থতার জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। কারও চিকিৎসার জন্য এর বেশি অর্থের প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংককে জানালেই হবে। তবে প্রকৃতপক্ষে কেউ অসুস্থ কিনা, তা যাচাই করা হবে। এই সিদ্ধান্ত ব্যাংকটির প্রশাসকদের জানিয়ে দেওয়া হয়েছে।

গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, গ্রাহকরা ইতোমধ্যে যথেষ্ট ধৈর্য দেখিয়েছেন এবং আরও কিছু সময় ধৈর্য ধরার অনুরোধ করা হচ্ছে। সরকারের আমানত সহায়তার ভিত্তিতে ধাপে ধাপে অর্থ ছাড়া হচ্ছে। সবাই নিজেদের অর্থ ফেরত পাবেন।

শাহরিয়ার সিদ্দিকী জানান, শুরুতে ২ লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সীমা নির্ধারণ করা হয়েছিল, যা ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। একসঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং চেয়ারম্যান নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ব্যাংক দ্রুত তা বাস্তবায়ন করবে।

এদিকে মঙ্গলবার (৭ এপ্রিল) সম্মিলিত ইসলামী ব্যাংকের শত শত গ্রাহক বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেন। অনেকে অভিযোগ করেন, কয়েক মাস ধরে নিজেদের জমানো টাকা তুলতে পারছেন না। আমানতের অর্থ উত্তোলনের সুযোগ নিশ্চিতের দাবি জানান তারা।

২০২৪ ও ২০২৫ সালের জন্য ব্যাংকগুলোর আমানতকারীদের মুনাফার হার কমানোর সিদ্ধান্তেরও বিরোধিতা করেন গ্রাহকরা।

leadT1ad

সম্পর্কিত

leadT1ad
leadT1ad