leadT1ad

এনসিপি থেকে আরজু আহমাদের পদত্যাগ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

আরজু আহমাদ। ফেসবুক থেকে নেওয়া ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্যসহ দলের সব ধরনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন আরজু আহমাদ। ব্যক্তিগত কারণ ও শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) তিনি দলের আহ্বায়কের কাছে হোয়াটসঅ্যাপে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। এ ছাড়া নিজের ভেরিফায়েড ফেসবুকেও একটি স্ট্যাটাস দিয়ে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad 300x250

পদত্যাগের কারণ জানতে চাইলে আরজু আহমদ স্ট্রিমকে জানান, মূলত ব্যক্তিগত কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দলের প্রতি কোনো ক্ষোভ থেকে নয়, বরং বর্তমানে দলকে পর্যাপ্ত সময় দিতে না পারার কারণেই তিনি সরে দাঁড়িয়েছেন।

তিনি বলেন, ‘দল তার মতো করে এগিয়ে যাক, এটাই আমার প্রত্যাশা। ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে আপাতত আমি সময় দিতে পারছি না।’

আরজু আহমদ কেবল কেন্দ্রীয় সদস্যই ছিলেন না, তিনি দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেল এবং কেন্দ্রীয় ধর্ম সম্প্রীতি সেলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

এদিকে আরজু আহমদের পদত্যাগের বিষয়ে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা জানান, বিকেলে তারা পদত্যাগপত্রটি পেয়েছেন।

পদত্যাগপত্র গ্রহণ করার বিষয়ে তিনি স্ট্রিমকে বলেন, ‘এনসিপিতে সব সময় সদস্যদের জন্য দরজা খোলা থাকে। কেউ ব্যক্তিগত কারণে বা সাময়িক ক্ষোভ থেকে পদত্যাগ করলেও তাকে দল থেকে চিরতরে বিচ্ছিন্ন ভাবা হয় না। এই কারণেই আমাদের এখানে আলাদা করে পদত্যাগপত্র গ্রহণ করার আনুষ্ঠানিকতা নেই। তিনি যেকোনো সময় আবার দলে ফিরতে পারেন।’

নিজের ফেসবুক পোস্টে আরজু আহমদ তার রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে লিখেছেন, ‘এনসিপি আমার জীবনের প্রথম রাজনৈতিক দল। দল গঠিত হওয়ার কিছুদিনের মধ্যেই আমি এক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হই। যার ফলে দলীয় কাজে সেভাবে অংশ নিতে পারিনি। এটি আমার জন্য একটি অপূর্ণতা।’

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আরজু আহমাদ জানান, বর্তমানে তিনি লেখালেখিতে বেশি মনোযোগী হতে চান এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। তবে সক্রিয় রাজনীতি থেকে বিরতি নিলেও রাজনৈতিক সত্তা বিসর্জন দিচ্ছেন না উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষমাত্রই রাজনৈতিক। আমি আজীবন রাজনীতি করতে চেয়েছি। রাজনীতিটা সবসময়ই করব।’

এনসিপির সদ্য সাবেক এই নেতা দলের সাফল্য কামনা করে বলেন, দল যেন ইতিহাসের সব সন্ধিক্ষণে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, এটাই তার চাওয়া।

বিষয়:

এনসিপি
leadT1ad

সম্পর্কিত

leadT1ad
leadT1ad