leadT1ad

চট্টগ্রামে জমির মাটি কেটে বিক্রি, গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চট্টগ্রাম

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১৯: ৩৭
ফটিকছড়িতে ফসলি জমির মাটি বিক্রির ফলে সৃষ্ট গর্তটি এখন পুকুর। সংগৃহীত ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির ফলে তৈরি গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের করিম বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের পাশ থেকে একটি মাটি কাটার এক্সকাভেটর জব্দ করেছে পুলিশ।

নিহতরা হলো ওই এলাকার হাবিবের মেয়ে সাকি মনি (৭) ও জাকির হোসেনের মেয়ে সানজিদা (৮)। তাদের মৃত্যুর ঘটনায় পুলিশ একটা অপমৃত্যু মামলা করবে বলে জানিয়েছেন উপজেলার ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে। তিনি বলেন, জমিটি থেকে অনেক আগে মাটি কাটা হয়েছে। পরে বৃষ্টিতে এটি অনেকটা পুকুরে রূপান্তরিত হয়েছে। তবে মাটি কারা কেটেছে, কী কারণে কেটেছে তা তদন্ত করে দেখা হবে।

Ad 300x250

স্থানীয়রা জানিয়েছেন, সকালে বাড়ির পাশে খেলার সময় ওই পানিভর্তি গর্তে পড়ে যায় শিশু দুটি। তাদের খোঁজাখুঁজি করেও পায়নি পরিবারের সদস্যরা। পরে গর্তের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এলাকার লোকজন অভিযোগ করেন, নিয়মবহির্ভূতভাবে ফসলি জমি থেকে মাটি কাটায় তৈরি গর্ত আর ভরাট না করায় এমন দুর্ঘটনা ঘটছে। তাছাড়া গর্তের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় শিশুদের জন্য এসব গর্ত প্রাণঘাতী হয়ে উঠছে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। কৃষিজমি থেকে অবৈধভাবে বা নিয়মবহির্ভূতভাবে মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় ব্যবস্থা নিতে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।

Ad 300x250Ad 300x250
leadT1ad

সম্পর্কিত

leadT1ad
leadT1ad