ইরাকে মার্কিন বিমান দুর্ঘটনায় সব সদস্য নিহত: সেন্টকম

২০: ৫০

ইরাকে মার্কিন বিমান দুর্ঘটনায় সব সদস্য নিহত: সেন্টকম

যুক্তরাষ্ট্রের মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, পশ্চিম ইরাকে দুর্ঘটনার কবলে পড়া যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী বিমান কেসি-১৩৫-এর ছয় জন সেনা সদস্যের সবাই মারা গেছেন। খবর আল জাজিরা

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন। তবে বিমান দুর্ঘটনা শত্রু বা বন্ধু কোন পক্ষের গুলিতে ঘটেনি।

সেনা সদস্যদের পরিচয় পরিবারের সঙ্গে যোগাযোগের ২৪ ঘণ্টা পর প্রকাশ করা হবে বলে পোস্টে জানানো হয়েছে।

এর আগে, আজ সকালে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, দুর্ঘটনায় চারজন সেনা নিহত এবং বাকি দুইজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

২০: ১০

আজ রাতে ইরানে সর্বোচ্চসংখ্যক হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আজ রাতে ইরানে সর্বোচ্চসংখ্যক হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এ পর্যন্ত ইরানের ১৫ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এটি অনেক বড় অর্জন। ইরানে আজ রাতে সর্বোচ্চ সংখ্যক হামলা চালাবে যুক্তরাষ্ট্র।’

শুক্রবার (১৩ মার্চ) ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। খবর আল জাজিরা

পিট হেগসেথ আরও বলেন, ‘আমরা ইরানের গুরুত্বপূর্ণ সব সক্ষমতা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি।’

ইরানে শিশুদের স্কুলে হামলার বিষয়ে জবাবে পিট হেগসেথ বলেন, ‘যুদ্ধের প্রথম দিনে ইরানের একটি মেয়েদের স্কুলে হামলায় ১৭০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার ঘটনাটি তদন্ত করতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বাইরের একজন কর্মকর্তা নিয়োগ দিয়েছে। এ ঘটনা পর্যালোচনা করতে যত সময় প্রয়োজন তত সময় নেওয়া হবে।’

উল্লেখ্য, এর আগে ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আগামী সপ্তাহে ইরানে কঠোর হামলা চালানোর হুমকি দিয়েছেন। তার পরেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ আজ এ ঘোষণা দিলেন।

শেয়ার করুন

১৮: ৩৭

ইরানের অনুমতি নিয়ে হরমুজ প্রণালি পার করল তুরস্কের জাহাজ

ইরানের অনুমতি নিয়ে হরমুজ প্রণালি পার করল তুরস্কের জাহাজ

ইরানের অনুমতি নিয়ে হরমুজ প্রণালি পার হয়েছে তুরস্কের মালিকানাধীন একটি জাহাজ। তুরস্কের পরিবহন মন্ত্রী আব্দুল কাদির উরালুগ্লু শুক্রবার এ কথা জানিয়েছেন। খবর আল জাজিরা

তুর্কি মন্ত্রী উরালুগ্লুকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, এই জাহাজসহ ১৫টি জাহাজ হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার অপেক্ষায় রয়েছে। এই জাহাজাগুলোর বিষয়ে তেহরানের সঙ্গে যোগাযোগ রাখছে আঙ্কারা।

সংবাদভিত্তিক ওয়েবসাইট হাবেরতুর্ক-এর তথ্য অনুযায়ী তুর্কি মন্ত্রী উরালুগ্লু বলেন, ‘সেখানে তুর্কি মালিকানাধীন ১৫টি জাহাজ ছিল। আমরা একটি জাহাজের জন্য ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পেয়েছি। জাহাজটি হরমুজ প্রণালি পার হয়ে গেছে।’

শেয়ার করুন

১৭: ৩৩

ইরান যুদ্ধের কারণে স্থগিত ডি–৮ সম্মেলন

ইরান যুদ্ধের কারণে স্থগিত ডি–৮ সম্মেলন

মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের কারণে সামনের মাসে জাকার্তায় অনুষ্ঠিত হওয়া উন্নয়নশীল আটটি মুসলিম দেশের জোট ডি-৮ (ডেভেলপিং-৮) সম্মেলন স্থগিত করা হয়েছে।

দক্ষিণ–পূর্ব এশিয়া থেকে আফ্রিকা পর্যন্ত উন্নয়নশীল ৮টি মুসলিম দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ১৯৯৭ সালে এই সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়। দেশগুলো হলো বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক। ২০২৫ সালে আজারবাইজান এই সংগঠনে যোগ দেয়।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ত্রি থারিয়াত জানান, সম্মেলনের নতুন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। সম্মেলনটি ১৩ থেকে ১৫ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

শেয়ার করুন

১৬: ৫৯

কুদস দিবসের মিছিলে ইরানের রাস্তায় লাখো মানুষ, নতুন নেতার প্রতি সমর্থন

কুদস দিবসের মিছিলে ইরানের রাস্তায় লাখো মানুষ, নতুন নেতার প্রতি সমর্থন

ফিলিস্তিনিদের সমর্থনে আয়োজিত বার্ষিক আন্তর্জাতিক কর্মসূচি ‘আল কুদস দিবস’ উপলক্ষে ইরানের ছোট-বড় সব শহরে বিশাল জনসমাবেশ ও মিছিল হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাজধানী তেহরানসহ খোররামাবাদ, ইসফাহান, গোলেস্তান, ইয়াজদ, মাশহাদ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাহেদান শহরে লাখো মানুষ পতাকা হাতে মিছিলে অংশ নিয়েছেন।

মিছিলে অংশগ্রহণকারীদের হাতে বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ও তাঁর নিহত বাবা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি দেখা গেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানে ‘বড় ধরনের হামলার’ ঘোষণার পরেও এমন বিশাল গণমিছিল অনুষ্ঠিত হলো। এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তেহরান, ইসফাহানসহ দেশের বিভিন্ন প্রান্তে শক্তিশালী বিস্ফোরণের খবর জানিয়েছিল।

শেয়ার করুন

১৬: ১৭

ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৪ সেনা নিহত

ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৪ সেনা নিহত

ইরাকের আকাশে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর রিফুয়েলিং বিমানের ছয় সেনার মধ্যে চারজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১৩ মার্চ) সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এইমাত্র ঘোষণা দিয়েছে—পশ্চিম ইরাকে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমানের ছয় ক্রুর মধ্যে চারজন নিহত হয়েছেন। বাকি দুইজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, আজ সকালে আল জাজিরার খবরে বলা হয়— ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর রিফুয়েলিং একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ছয় সেনা সদস্য আরোহী ছিলেন।

যুক্তরাষ্ট্রের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানায়, বিধ্বস্ত বিমানটিতে ছয় সেনাসদস্য ছিলেন। ইরাকের আকাশসীমায় দেশটির দুটি কেসি-১৩৫ বিমানের সংঘর্ষে একটি বিধ্বস্ত হয়।

এর আগে, সেন্টকম জানিয়েছিল, পশ্চিম ইরাকের ‘বন্ধুত্বপূর্ণ আকাশসীমায়’ কেসি-১৩৫ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার অভিযান চলছে। এটি ‘শত্রু বা বন্ধু পক্ষের গোলাগুলির কারণে বিধ্বস্ত হয়নি’। দ্বিতীয় বিমানটি নিরাপদে অবতরণ করেছে।

এদিকে, একই দিনে দেশটির বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে ‘যুদ্ধ-সম্পর্কিত নয়’ এমন দুর্ঘটনায় আগুনের খবর সামনে এসেছে। ওই আগুনে যুক্তরাষ্ট্রের দুই নাবিক আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, বোয়িং নির্মিত কেসি-১৩৫ বিমানটি গত শতকের মাঝামাঝিতে তৈরি হয়েছিল। এই বিমান দেশটির সামরিক বাহিনীর রিফুয়েলিং বহরের মূল ভিত্তি।

শেয়ার করুন

১৫: ২৪

ওমানে ড্রোন বিধ্বস্ত, ২ বিদেশি নাগরিক নিহত

ওমানে ড্রোন বিধ্বস্ত, ২ বিদেশি নাগরিক নিহত

ওমানের সোহার প্রদেশে একটি ড্রোন বিধ্বস্ত হয়ে দুই বিদেশি নাগরিক নিহত হয়েছেন। এতে কয়েকজন আহতও হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।

একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওমান নিউজ এজেন্সি জানায়, সোহার প্রদেশে আল-আওয়াহি শিল্প এলাকায় ড্রোনটি পড়ে দুইজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

ওমান নিউজ এজেন্সি আরও জানায়, এই ঘটনা ছাড়াও সোহারের একটি খোলা জায়গায় আরও একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। এই দুটি ঘটনা তদন্ত করছে ওমানের কর্তৃপক্ষ।

শেয়ার করুন

১৩: ০৮

যুদ্ধের শুরুতেই ১৫০ সেনা আহত, খবর চেপে রাখে যুক্তরাষ্ট্র

যুদ্ধের শুরুতেই ১৫০ সেনা আহত, খবর চেপে রাখে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে যুদ্ধের শুরুতেই যুক্তরাষ্ট্রের ১০০ থেকে ১৫০ সেনা আহত হয়। কিন্তু দেশটির সামরিক বাহিনী আহতের এ খবর চেপে রাখে।

আজ শুক্রবার (১৩ মার্চ) ওয়াশিংটন সংবাদদাতার বরাতে এ খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

খবরে বলা হয়, গত ১ মার্চ কুয়েতে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছিল। সেই হামলায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডের সাত সদস্য নিহত হন বলে জানানো হয়। কিন্তু কেউ আহত হয়েছেন এমনটা জানানো হয়নি।

কিন্তু গত ২৪ ঘণ্টায় আসা তথ্যে মনে হচ্ছে ওই ঘাঁটিতে আরও ১০০ থেকে ১৫০ জন সেনাসদস্য আহত হয়েছিলেন। তাদের তিনটি সামরিক হাসপাতালে পাঠানো হয়েছিল। এর মধ্যে দুটি যুক্তরাষ্ট্রে এবং একটি জার্মানির ল্যান্ডস্টুহলে। জার্মানিতে যাদের পাঠানো হয়েছিল তাদের মধ্যে কারও কারও অবস্থা খুবই গুরুতর।

সংঘাত শুরুর প্রায় দুই সপ্তাহ পরে কেন মার্কিন সামরিক বাহিনী কুয়েতের ওই ঘটনায় অনেক বেশি সেনা আহত হওয়ার বিষয়টি এতদিন প্রকাশ করেনি— স্বাভাবিকভাবেই এই প্রশ্ন এখন উঠছে।

শেয়ার করুন

১২: ২৪

ইরানজুড়ে ২ শতাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের

শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গত এক দিনে ইসরায়েলি যুদ্ধবিমান পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনাসহ দুই শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

তাদের দাবি, হামলাগুলো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার, প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো লক্ষ্য করে চালানো হয়েছে।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার সকালে তেহরান, ইসফাহান ও অন্যান্য বেশ কয়েকটি শহরের বিভিন্ন এলাকায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানীর কিছু এলাকায় বাসিন্দারা বলছেন বিস্ফোরণের তীব্রতায় তাদের বাড়িঘর কাঁপছিল।

শেয়ার করুন

১১: ০১

দুবাইয়ে বিকট বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী

দুবাইয়ে বিকট বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী

সংযুক্ত আরব আমিরাতে বাণিজ্যিক নগরী দুবাইয়ের প্রাণকেন্দ্রে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সংবাদদাতা দুবাই থেকে জানিয়েছেন, শুক্রবার (১৩ মার্চ) এ বিস্ফোরণে দুবাইয়ের প্রাণকেন্দ্রের ভবনগুলো কেঁপে উঠে এবং শহরের ওপর বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এ সময় দুবাইয়ের প্রধান সড়ক শেখ জায়েদ রোডের দিকে সাইরেনের শব্দও শোনা যায়।

এর আগে, ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েল-যুক্তরাষ্ট্র স্বার্থ সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোতে হামলার হুঁশিয়ারি দিয়েছিল। এরপর বৃহস্পতিবার (১২ মার্চ) দুবাইয়ের এক স্থানে ড্রোন হামলা হয়। এ ঘটনার পর কিছু কোম্পানি তাদের কর্মীদের সরিয়ে নেয়।

মধ্যপ্রাচ্য যুদ্ধে সংযুক্ত আরব আমিরাত বারবার ইরানি হামলার শিকার হয়েছে। বিশ্বের অন্যতম বৃহত্তম দুবাই বিমানবন্দর, বন্দর এবং পাম জুমেইরাহসহ বিলাসবহুল আবাসিক এলাকাগুলোও এ হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

শেয়ার করুন

১০: ৪৪

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিয়েতনাম কৌশল ব্যবহার করছে ইরান

ইরান যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্য, বিশেষত ইরান বিষয়ে বিশেষজ্ঞ সুফান গ্রুপের সিনিয়র ফেলো কেনেথ কাটজম্যান বলেছেন, আমরা ভালো জায়গায় নেই। ইরান সামরিকভাবে যুক্তরাষ্ট্রের সমকক্ষ নয়। তাই তাদের ভিয়েতনাম যুদ্ধে ভিয়েতকং যে কৌশল ব্যবহার করেছিল প্রায় হুবহু সেই কৌশল নিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। কেনেথ বলেন, ইরানের লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রে জনসমর্থন দুর্বল করা, প্রেসিডেন্টকে বিব্রত করা এবং মার্কিন জনগণকে অর্থনীতি ও হতাহত নিয়ে উদ্বিগ্ন করে তোলা। দুর্ভাগ্যজনকভাবে যতক্ষণ না প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় খোলার উপায় বের করতে পারছেন ততক্ষণ এই কৌশল কাজ করছে। হরমুজ প্রণালী খোলাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার।

শেয়ার করুন

১০: ২৩

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ৩৩

উত্তর ইসরায়েলের নাজারেথের কাছে জারজির নামের একটি গ্রামে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৩ জন আহত হয়েছেন। এসময় বেশ কয়েকটি বাড়ি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যানবাহনে আগুন লেগে যায়।

সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, এক নারী মাঝারি আহত হয়েছেন। বাকি আহতদের অধিকাংশই উড়ে আসা কাচের আঘাতে হালকা জখম হয়েছেন।

এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র এবং লেবাননের উত্তর সীমান্ত থেকে হিজবুল্লাহর রকেট হামলার কারণে সারারাতই সাইরেন বাজাতে হয়েছে।

শেয়ার করুন

১০: ১৩

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত: মাখোঁ

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ইরবিলে অবস্থিত সামরিক ঘাঁটিতে হামলায় এক ফরাসি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এটিই ফ্রান্সের প্রথম সেনা হারানোর ঘটনা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে মাখোঁ জানান, নিহত সেনা হলেন ভার্কেসের সপ্তম চ্যাসার্স আলপাঁ ব্যাটালিয়নের চিফ ওয়ারেন্ট অফিসার আর্নো ফ্রিওঁ। তিনি ‘ফ্রান্সের জন্য প্রাণ দিয়েছেন’।

ফ্রান্স প্রেসিডেন্ট লিখেন, তাঁর (নিহত সেনা) পরিবার ও তাঁর সহযোদ্ধাদের প্রতি জাতির পক্ষ থেকে অগাধ ভালোবাসা ও সংহতি জানাতে চাই।

মাখোঁ আরও জানান, হামলায় বেশ কয়েকজন সেনা আহতও হয়েছেন। তিনি বলেন, ২০১৫ সাল থেকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত আমাদের বাহিনীর ওপর এই হামলা অগ্রহণযোগ্য। ইরাকে আমাদের উপস্থিতি সন্ত্রাসবিরোধী লড়াইয়ের কঠোর কাঠামোর মধ্যে। ইরানের যুদ্ধ এই ধরনের হামলাকে ন্যায্যতা দিতে পারে না।

শেয়ার করুন

০৯: ৩৫

৬ সেনা নিয়ে ইরাকের আকাশে মার্কিন রিফুয়েলিং বিমানে বিধ্বস্ত

৬ সেনা নিয়ে ইরাকের আকাশে মার্কিন রিফুয়েলিং বিমানে বিধ্বস্ত

ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর রিফুয়েলিং একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিত দেশটির সেনাবাহিনীর ছয় সেনা সদস্য আরোহী ছিলেন।

যুক্তরাষ্ট্রের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানায়, বিধ্বস্ত বিমানটিতে ছয় সেনাসদস্য ছিলেন। ইরাকের আকাশসীমায় দেশটির দুটি কেসি-১৩৫ বিমানের সংঘর্ষে একটি বিধ্বস্ত হয়।

এর আগে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, পশ্চিম ইরাকের ‘বন্ধুত্বপূর্ণ আকাশসীমায়’ কেসি-১৩৫ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার অভিযান চলছে। এটি ‘শত্রু বা বন্ধুপক্ষের গোলাগুলির কারণে হয়নি। দ্বিতীয় বিমানটি নিরাপদে অবতরণ করেছে।

এদিকে, একই দিনে দেশটির বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে ‘যুদ্ধ-সম্পর্কিত নয়’ এমন দুর্ঘটনায় আগুনের খবর সামনে এসেছে। ওই আগুনে যুক্তরাষ্ট্রের দুই নাবিক আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, বোয়িং নির্মিত কেসি-১৩৫ বিমানটি গত শতকের মাঝামাঝিতে তৈরি হয়েছিল। এই বিমান দেশটির সামরিক বাহিনীর রিফুয়েলিং বহরের মূল ভিত্তি।

শেয়ার করুন