স্ট্রিম ডেস্ক


হরমুজ প্রণালিতে পুনরায় জাহাজ চলাচল শুরুর বিষয়ে পরিকল্পনা করছে মার্কিন সামরিক বাহিনী। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানি নৌবাহিনী ধ্বংস হওয়ায় এ সমস্যার সমাধান হয়ে গেছে।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালির সংকটের ইতিমধ্যে সমাধান হয়ে গেছে। ট্রাম্প বলেন, ‘মার্কিন হামলায় ইরানি নৌবাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমরা ইতিমধ্যে হরমুজ প্রণালির সমস্যার সমাধান করে ফেলেছি।’
এর আগে হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট জানিয়েছিলেন, মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালি দিয়ে পুনরায় বাণিজ্যিক জাহাজ চলাচলের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সিএনবিসি ও ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানালেও পরিকল্পনার সময়সীমা বা পদ্ধতি সম্পর্কে কিছু স্পষ্ট করেননি।
শেয়ার করুন

গত সোমবার থেকে লেবাননে চালানো ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় অন্তত ২১৭ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি সপ্তাহের সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে ২১৭ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও ৭৯৮ জন গুরুতর আহত হয়েছেন। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি বাহিনী বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিয়েহ এবং লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে।
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এক বিবৃতিতে সতর্ক করে বলেছেন, দেশটিতে একটি ভয়াবহ ‘মানবিক বিপর্যয় ঘনিয়ে আসছে’। ইসরায়েলি সামরিক বাহিনীর নির্দেশে ইতিমধ্যে হাজার হাজার মানুষ তাঁদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। বাস্তুচ্যুত এ বিশাল জনগোষ্ঠী বর্তমানে রাজধানীর বিভিন্ন এলাকায় অস্থায়ী আশ্রয়ের খোঁজে ঘুরছেন।
তথ্যসূত্র: ফ্রান্স টুয়েন্টি ফোর
শেয়ার করুন

ইরানের রাজধানী তেহরানে শক্তিশালী জোড়া বিস্ফোরণ ঘটেছে। শহরের আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ঘটনার সময় আকাশে যুদ্ধবিমান চক্কর দিচ্ছিল। স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এএফপির সাংবাদিকরা তেহরানের পূর্ব অংশে দুটি বিকট শব্দ শুনতে পান। এর পরপরই ওই এলাকায় কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
শহরের দিগন্তে ধোঁয়ার তৃতীয় একটি ছোট কুণ্ডলীও নজরে এসেছে। স্থানীয় পত্রিকা ‘শার্ঘ’ জানিয়েছে, হামলার সময় আকাশে যুদ্ধবিমান উড়ছিল। তবে এ দফার হামলার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল, তা স্পষ্ট নয়।
তথ্যসূত্র: এএফপি
শেয়ার করুন
ইরানের শীর্ষ নেতাদের ব্যবহারের জন্য তৈরি একটি ভূগর্ভস্থ বাংকারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আজ ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, জরুরি অবস্থায় ব্যবহারের জন্য ইরানের নেতাদের জন্য তৈরি ভূগর্ভস্থ বাংকারে তাঁরা ব্যাপক হামলা চালিয়েছে। কয়েক দশক ধরে ইরান বিভিন্ন প্রয়োজনে এমন অনেক ভূগর্ভস্থ বাংকার নির্মাণ করেছে, যার অনেকগুলোই চলতি সপ্তাহে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ অন্য নেতাদের হত্যার পরও ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দেওয়া তথ্যমতে, আজকের লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল দেশটির শীর্ষ নিরাপত্তা ফোরামের সভাস্থল ‘সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল’-এর ভবন এবং রেভল্যুশনারি গার্ডের একটি সামরিক একাডেমি।
শেয়ার করুন

হরমুজ প্রণালিতে অজ্ঞাত উৎস থেকে ছোড়া গোলার আঘাতে একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ‘ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার’ (ইউকেএমটিও)। ওমানের উত্তর দিক থেকে ৬ নটিক্যাল মাইল দূরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তারা। সংস্থাটি জানিয়েছে, তারা একটি তৃতীয় পক্ষের মাধ্যমে খবর পেয়েছে যে হরমুজ প্রণালিতে একটি টাগবোট অজ্ঞাত প্রজেক্টাইল বা গোলার আঘাতের শিকার হয়েছে।
ইউকেএমটিও এ পথে চলাচলকারী অন্যান্য জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার এবং যেকোনো সন্দেহজনক গতিবিধি নজরে এলে কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দিয়েছে।
শেয়ার করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছেন। তিনি বলেছেন, আত্মসমর্পণ ছাড়া তেহরানের সঙ্গে কোনো সমঝোতা হবে না।
আজ সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন। তিনি মধ্যপ্রাচ্যের সংঘাত থামানোর জন্য আলোচনার সব পথ বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দেন। ট্রাম্পের মতে, তেহরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কোনো চুক্তি সম্ভব নয়।
তিনি বলেন, ‘আত্মসমর্পণ এবং একজন মহান ও গ্রহণযোগ্য নেতা নির্বাচনের পর আমরা কাজ শুরু করব। আমাদের সাহসী মিত্ররা ইরানকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে।’ তিনি আরও জানান, এর ফলে ইরান অর্থনৈতিকভাবে আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠবে।
শেয়ার করুন
লেবাননের রাজধানী বৈরুতের ইরানি দূতাবাসের কাছে ইসরায়েলি বিমান হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে। হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
অন্যদিকে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম নূর নিউজ এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, দেশটির ধর্মীয় নগরী কোমের অন্তত তিনটি এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী আক্রমণ চালিয়েছে।
এদিকে অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় তুবাস শহরের আল-আকাবা গ্রামে ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত ছয় ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গ্রামে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলার পর ইসরায়েলি সৈন্যরা সেখানে অভিযান চালিয়ে নাগরিকদের ওপর চড়াও হয়। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে।
শেয়ার করুন
তথ্যসূত্র: আল-জাজিরা
শেয়ার করুন
লেবানন সীমান্তে সামরিক অভিযানে ইসরায়েলি অর্থমন্ত্রীর ছেলেসহ বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন। ইসরায়েলি আর্মি রেডিও আজ এক প্রতিবেদনে জানিয়েছে, লেবানন সীমান্তে সামরিক তৎপরতা চলাকালীন অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ছেলে আহত হয়েছেন। এ ছাড়া আরও বেশ কয়েকজন ইসরায়েলি সেনাও জখম হয়েছেন বলে জানানো হয়েছে। বর্তমানে ওই সীমান্তে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলি বাহিনীর তীব্র সংঘাত চলছে।
অন্যদিকে লেবাননের সংবাদমাধ্যম জানিয়েছে, রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে নতুন করে এক দফায় ১৫টিরও বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার প্রচণ্ডতায় পুরো এলাকা কেঁপে ওঠে এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কেবল বৈরুতই নয়, দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরেও আজ দিনভর ভারী বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত কয়েক দিন ধরে চলা এ সিরিজ হামলায় লেবাননে নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন।
তথ্যসূত্র: আল-জাজিরা
শেয়ার করুন
কুয়েত উপকূলে একটি মার্কিন তেলবাহী জাহাজে সফল হামলার দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। একই সঙ্গে তারা উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় রেডিওর খবরে খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের বরাত দিয়ে বলা হয়, ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটিতে আগুন জ্বলছে।
অন্যদিকে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ‘নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র’ উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হেনেছে। এর পাশাপাশি ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর, হাইফা এবং তেল আবিবের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতেও এ ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে আঘাত হেনেছে বলে আইআরজিসি দাবি করেছে।
অন্যদিকে, উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরের আকাশে একটি ‘শত্রু’ ড্রোন প্রতিহত করার দাবি করেছে তেহরান। আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ জানিয়েছে, মাশহাদের আকাশসীমায় অনুপ্রবেশের চেষ্টা করলে ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা সেটি মাঝপথে রুখে দেয়।
তথ্যসূত্র: আল-জাজিরা
শেয়ার করুন
শেয়ার করুন

ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে রুশ জ্বালানি পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। আজ এক বিবৃতিতে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার ফলে রাশিয়ার পাইপলাইন গ্যাস ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা অনেক বেড়েছে। তিনি আরও বলেন, রাশিয়া একটি নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী দেশ হিসেবে তার চুক্তিবদ্ধ সকল সরবরাহ অব্যাহত রাখতে সক্ষম।
এ মন্তব্য এমন এক সময়ে এল, যখন যুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবার ভারতকে রাশিয়ার তেল কেনার জন্য ৩০ দিনের বিশেষ ছাড় দিয়েছে। রুশ তেল কেনার এ সুযোগ দেওয়া হয়েছে মূলত মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি বাজারের অস্থিরতা কমাতে। এর আগে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের তীব্র সমালোচনা করে কঠোর শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দাবি করেছেন, এ স্বল্পমেয়াদি পদক্ষেপ থেকে রাশিয়া বড় কোনো আর্থিক সুবিধা পাবে না। তবে দিমিত্রি পেসকভ জানান, ভারত ও চীনের মতো দেশগুলো তাদের জাতীয় স্বার্থেই রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য অব্যাহত রেখেছে। রাশিয়াও নিজের স্বার্থ বজায় রেখে এ দেশগুলোর সঙ্গে গভীর সহযোগিতা চালিয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি।
তথ্যসূত্র: সিএনএন
শেয়ার করুন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছেন কাতারের জ্বালানিমন্ত্রী সাদ আল-কাবি। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ‘ফিন্যান্সিয়াল টাইমস’কে দেওয়া এক সাক্ষাৎকারে কাতারের এ আশঙ্কার কথা জানান তিনি।
কাতারের জ্বালানিমন্ত্রী বলেন, যুদ্ধ অব্যাহত থাকলে কয়েক দিনের মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি রপ্তানিকারক দেশগুলো ‘ফোর্স ম্যাজিউর’ বা অনিবার্য পরিস্থিতি ঘোষণা করতে বাধ্য হবে। ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১৫০ ডলারে পৌঁছে যাবে বলে পূর্বাভাস দেন তিনি।
সাদ আল-কাবি জানান, যুদ্ধ থেমে গেলেও কাতারকে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থায় ফিরতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগবে। মন্ত্রী আরও জানান, কাতারের অফশোর স্থাপনাগুলো অক্ষত থাকলেও উপকূলীয় অঞ্চলের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের এ সংঘাত কেবল আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে।
উল্লেখ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতে আক্রমণ শুরু করলে গত সোমবার কাতার তাদের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দেয়। কাতার বিশ্বের মোট এলএনজি চাহিদার প্রায় ২০ শতাংশ সরবরাহ করে।
তথ্যসূত্র: আল-জাজিরা
শেয়ার করুন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসন চললেও ধীরে ধীরে প্রশাসনিক কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছে ইরান। ঘোষণা অনুযায়ী, তেহরানের সব মন্ত্রণালয়, সংস্থা ও নির্বাহী দপ্তরে রোববার থেকে ২০ শতাংশ কর্মী সরাসরি কাজ করবেন।
তেহরান বলেছে, প্রদেশের সব নারী কর্মী ভার্চুয়ালি কাজ করবেন। কিছু সংখ্যক ব্যাংক খোলা থাকবে। সেবা প্রদানকারী সংস্থার অপারেশনাল ইউনিট, পৌরসভা, চিকিৎসা কেন্দ্র এবং সামরিক, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিষ্ঠানের ওপর এই নির্দেশনা প্রযোজ্য হবে না।
সূত্র: আল-জাজিরা
শেয়ার করুন
ইসরায়েলের ভূখণ্ডে হামলা অব্যাহত রেখেছে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলায় গত ২৪ ঘণ্টায় ১৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। টেলিগ্রাম বিবৃতিতে তারা বলেছে, হামলার জেরে চারজন ভয়জনিত সমস্যায় ভুগছেন।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলার পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত মোট ১ হাজার ৬১৯ জন আহত হয়েছেন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
ইসরায়েলের অ্যাম্বুলেন্স সংস্থা জানায়, ইরানি ক্ষেপণাস্ত্রের হামলায় যে ১৩৮ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। দুজন গুরুতর আহত হয়েছেন।
এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ লেবাননে যুদ্ধে তাদের গিভাতি ব্রিগেডের এক অফিসার গুরুতর আহত হয়েছেন। একই ব্রিগেডের আরেক সৈনিকও আহত হয়ে হাসপাতালে ভর্তি।
সূত্র: দ্য টাইম অব ইসরায়েল
শেয়ার করুন

ইরানের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের প্রায় ৩.৭ বিলিয়ন ডলার খরচ হয়েছে। ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’ (সিএসআইএস) এই তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে প্রতিদিন গড়ে ব্যয় হয়েছে প্রায় ৮৯১.৪ মিলিয়ন ডলার।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথ ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে এই যুদ্ধ কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে। গবেষণা প্রতিষ্ঠান সিএসআইএস বলছে, “যুদ্ধ চালিয়ে যেতে মার্কিন প্রতিরক্ষা বিভাগের বর্তমান বাজেটের চেয়েও অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে।”
অভিযানের শুরুতে ব্যয় বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে সিএসআইএস জানায়, হামলার প্রাথমিক পর্যায়ে অত্যন্ত উন্নত ও জটিল অস্ত্রশস্ত্র ব্যবহার করার কারণে খরচ বেশি হয়েছে। তবে পরবর্তীতে যখন যুক্তরাষ্ট্র তুলনামূলক কম খরচের গোলাবারুদ ব্যবহার শুরু করবে, তখন অস্ত্রের পেছনে ব্যয় কিছুটা কমে আসতে পারে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, ব্যয় কমলেও তা বাজেটের তুলনায় যথেষ্ট বড় হবে। ফলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অতিরিক্ত অর্থের সংস্থান করতে হবে। তবে এই সংঘাতের বিশাল খরচ অভ্যন্তরীণ বাজেট কাটছাঁট করে মেটানো রাজনৈতিকভাবে এবং বাস্তবায়ন করা বেশ কঠিন হতে পারে।
শেয়ার করুন

ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে প্রায় ২০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ইরানে ১৮১, লেবাননে ৭, ইসরায়েলে ৩ এবং কুয়েতে একটি শিশু রয়েছে।
এক বিবৃতিতে ইউনিসেফ জানায়, “শিশুরা যুদ্ধ শুরু করে না, অথচ তাঁদেরই সর্বোচ্চ মূল্য দিতে হয়। চলমান সামরিক অভিযানের ফলে ইতিমধ্যেই শিশুদের ওপর বিধ্বংসী প্রভাব পড়েছে।”
এদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, হামলার প্রথম দিনেই দক্ষিণ ইরানের মিনাবে একটি বালিকা বিদ্যালয়ে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৭৫ জন স্কুলছাত্রী নিহত হয়েছে।
তথ্যসূত্র: এপি নিউজ
শেয়ার করুন

ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন ইসলামিক বিপ্লবী গার্ডস কর্পস (আইআরজিসি)–এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাঈনি। তিনি জানান, যুদ্ধে এখনো ব্যবহার হয়নি এমন উন্নত অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে ইরান। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে আইআরজিসি মুখপাত্র বলেন, “ইরানের শত্রুদের ওপর আসন্ন নতুন হামলায় বেদনাদায়ক আঘাত করা হবে। ইরানের নতুন অস্ত্র পথে রয়েছে। এই প্রযুক্তিগুলো এখনো বড় পরিসরে মোতায়েন করা হয়নি।”
তিনি আরও বলেন, “গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে ১২ দিনের যুদ্ধ শুরু করেছিল, তার তুলনায় এখন ইরান অনেক বেশি প্রস্তুত।”
শেয়ার করুন

ইরানে যদি কোনো স্থল অভিযান চালানো হয়, তবে মার্কিন সেনাদের মোকাবিলা করতে তেহরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। খবর দ্য গার্ডিয়ানের।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি এ হুঁশিয়ারি দেন।
ইরানে ‘বুটস অন দ্য গ্রাউন্ড’বা স্থল সেনা মোতায়েনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত মিশ্র ইঙ্গিত দিয়ে আসছেন।
এ প্রসঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই যুদ্ধে কেউ জয়ী হবে না। ইরান কোনো যুদ্ধবিরতির অনুরোধও জানাচ্ছে না।
শেয়ার করুন

তেল আবিবসহ ইসরায়েলের মধ্যাঞ্চলে মধ্যরাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। হামলায় ‘খাইবার শেকান’ নামের উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যাতে ক্লাস্টার বোমা বা গুচ্ছবোমা যুক্ত ছিল। খবর আল জাজিরার।
ইসরায়েলের মধ্যাঞ্চলের আকাশে ক্লাস্টার বোমার বিস্ফোরণ এবং একটি বিশাল এলাকাজুড়ে ছোট ছোট বোমা বৃষ্টির মতো পড়ার ভিডিও পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ক্লাস্টার বোমা ব্যবহার নিষিদ্ধ। কিন্তু এই বিধিনিষেধ কেবল স্বাক্ষরকারী দেশগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। ইসরায়েল বা ইরান—কোনো দেশই এই চুক্তিতে স্বাক্ষর করেনি।
শেয়ার করুন

গত ৭২ ঘণ্টায় ইরানজুড়ে প্রায় ২০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেছেন, তাঁদের বাহিনী এ পর্যন্ত ইরানের ৩০টির বেশি জাহাজ ডুবিয়ে দিয়েছে। বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী তিনি বলেন, “গত কয়েক ঘণ্টার মধ্যে আমরা ইরানের একটি বড় ড্রোনবাহী জাহাজে আঘাত করেছি। এটি আকারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমানবাহী রণতরীর সমান এবং বর্তমানে জাহাজটিতে আগুন জ্বলছে।”
শেয়ার করুন

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার মতো প্রয়োজনীয় সম্পদ ও দৃঢ়তা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সাংবাদিকদের হেগসেথ বলেন, “যুক্তরাষ্ট্র অভিযান চালিয়ে যেতে পারবে না বলে ইরান যে ধারণা করছে, তা ভুল। এই লড়াই বজায় রাখার মতো সামরিক সক্ষমতা ও মানসিক ইচ্ছা—উভয়ই আমাদের রয়েছে। আমাদের গোলাবারুদের কোনো ঘাটতি নেই। যত দিন প্রয়োজন, আমরা এই অভিযান চালিয়ে যেতে পারব।”
শেয়ার করুন

বিশ্বের বিভিন্ন দূতাবাসে কর্মরত ইরানি কূটনীতিকদের বর্তমান সরকারের পক্ষ ত্যাগের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তাঁদের রাজনৈতিক আশ্রয় নেওয়ার প্রস্তাব দিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক বক্তৃতায় ট্রাম্প এসব কথা বলেন। আল-জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে ট্রাম্প ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডারদের পদত্যাগের আহ্বান জানিয়ে বলেন, “পদত্যাগ করলে আপনাদের পূর্ণ দায়মুক্তি দেওয়া হবে। আর তা না করলে মেরে ফেলা হবে।”
শেয়ার করুন

মধ্যপ্রাচ্যে অবস্থানরত নাগরিকদের ফিরিয়ে আনতে গিয়ে ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে একটি ফরাসি বিমান। এ কারণে বিমানটি মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো জানান, ‘এয়ার ফ্রান্স’-এর চার্টার্ড বিমানটি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ফরাসিদের নিয়ে আসার কথা ছিল। এ ঘটনা ওই অঞ্চলের অস্থিরতা ও নিরাপদ উদ্ধার প্রক্রিয়ার জটিলতা আরও স্পষ্ট করেছে।
এর আগে বৃহস্পতিবার রাতে দুবাইয়ের বাসিন্দাদের ফোনে হামলার সতর্কতা পাঠানো হলেও পরে তা তুলে নেওয়া হয়। আমিরাত কর্তৃপক্ষ জানায়, তারা ইরানের ৬টি ক্ষেপণাস্ত্র ও ১০০টিরও বেশি ড্রোন প্রতিহত করেছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
শেয়ার করুন