ইরান যুদ্ধের প্রতিবাদে উচ্চপদস্থ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার পদত্যাগ

২২: ৫৩

ইরানি নেতাদের হত্যা ‘বেআইনি’ বললো তুরস্ক

ইরানি নেতাদের হত্যা করা বেআইনি বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে ইসরায়েল হত্যার দাবি করার পর ফিদান এ মন্তব্য করেন। তিনির তেহরানের নেতাদের লক্ষ্যবস্তু করাকে ‘বেআইনি’ বলে নিন্দাও জানান। খবর আল জাজিরার।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে ফিদান বলেন, ইসরায়েলের রাজনৈতিক হত্যাকাণ্ড — বিশেষত ইরানি রাষ্ট্রনায়ক ও রাজনীতিবিদদের লক্ষ্য করে চালানো হত্যাগুলো—যুদ্ধের স্বাভাবিক আইনের বাইরে সত্যিকারের বেআইনি কার্যক্রম।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথভাবে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর পাল্টা হামলা চালায় ইরান। সেই দেশ তিনটির মধ্যে যুদ্ধ চলছে।

এদিকে, শুরু থেকেই ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এসব হামলায় দেশটির ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ইতিমধ্যে নিহত হয়েছেন। এরই মধ্যে আজ ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আজ এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়ল কাৎজ এই তথ্য জানান। ইরানের বেঁচে থাকা সর্বজ্যেষ্ঠ নেতাদের একজন ছিলেন লারিজানি।

গত কয়েক দশক ধরে আলী লারিজানি ছিলেন ইরানের ক্ষমতা কাঠামোর শান্ত ও বাস্তববাদী মুখ। তিনি অষ্টাদশ শতাব্দীর জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের ওপর বই লিখেছেন ও পশ্চিমাদের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করেছেন। তবে গত ১ মার্চ ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পর্ষদের ৬৭ বছর বয়সী এই সেক্রেটারির কথার ধরন বদলে যায়।

এর আগে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান আয়াতুল্লাহ আলী খামেনি ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থিত হয়ে লারিজানি জ্বালাময়ী বক্তব্য দেন।

শেয়ার করুন

২২: ৪৬

‘শিগগিরই’ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে অবাধে জাহাজ চলাচলে ‘খুব বেশি দেরি নেই’। আমরা ইরান উপকূলে ব্যাপক আঘাত করেছি। জাহাজ চলাচলে বেশিদিন লাগবে না।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) হোয়াইট হাউসে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। খবর আল জাজিরার।

ট্রাম্প বলেন, ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো অসাধারণ ভূমিকা রাখছে, আমাদের অনেক সাহায্য করছে।

এ সময় তিনি আরও বলেন, যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুতই গ্যাসের দাম কমে যাবে। দেখে নেবেন।

শেয়ার করুন

২১: ২২

ফ্রান্সকেও পাশে পেলেন না ট্রাম্প

ফ্রান্সকেও পাশে পেলেন না ট্রাম্প

এবার ফ্রান্সও জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের পথ উদ্ধারে কোনোরকম সামরিক সংঘাতে জড়াবে না দেশটি।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে এ তথ্য জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। খবর আল জাজিরার।

মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে আলোচনার জন্য ডাকা মন্ত্রিসভার বৈঠকের শুরুতে মাখোঁ বলেন, আমরা এই সংঘাতের পক্ষ নই। তাই বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি মুক্ত করতে কোনো অভিযানে কখনো অংশ নেবে না ফ্রান্স।

সংঘাত শেষ হলে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করবে এমন একটি জোট গঠনের প্রস্তুতি অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

এর আগে, দু’দিন আগে ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান যুদ্ধে হরমুজ প্রণালি উন্মুক্ত করতে ন্যাটো সাহায্য না করলে জোটটির ভবিষ্যৎ খারাপ হবে বলে হুঁশিয়ারি দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাজ্যের উদ্দেশে তিনি বলেন, যুক্তরাজ্যকে হয়তো এক নম্বর মিত্র, সবচেয়ে দীর্ঘদিনের সঙ্গী হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু যখন আমি তাদের আসতে বললাম, তাঁরা আসতে চাইল না।

ট্রাম্প আরও বলেন, যখন আমরা ইরানের বিপজ্জনক সক্ষমতা নিশ্চিহ্ন করে দিলাম, তখন তাঁরা বললো আমরা দুটো জাহাজ পাঠাব। তাঁদের এই জাহাজগুলো জেতার আগে দরকার, জেতার পরে নয়।

ট্রাম্পের এ হুমকির পর সামরিক জোট ন্যাটোর সদস্য যুক্তরাজ্য, গ্রিস ও জার্মানি তাদের অবস্থান পরিষ্কার করে। দেশগুলো জানায়, তারা ইরান যুদ্ধে অংশ নেবে না।

শেয়ার করুন

২১: ০৫

ইরান যুদ্ধের প্রতিবাদে উচ্চপদস্থ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার পদত্যাগ

ইরান যুদ্ধের প্রতিবাদে উচ্চপদস্থ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার পদত্যাগ

ইরান যুদ্ধের প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার (১৭ মার্চ) হঠাৎ করেই তিনি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পদত্যাগপত্রের কিছু অংশ দিয়ে ক্যাপশনসহ একটি পোস্ট দেন কেন্ট।

ট্রাম্পের নিয়োগ করা এই গোয়েন্দা কর্মকর্তা পোস্টে লিখেন, অনেক ভেবেচিন্তে ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে তা কার্যকর হবে।

তিনি আরও লিখেন, বিবেকের তাড়নায় ইরানে চলমান যুদ্ধ সমর্থন করতে পারছি না। ইরান আমাদের দেশের জন্য আসন্ন কোনো হুমকি তৈরি করেনি। এটি স্পষ্ট যে ইসরায়েল ও তার শক্তিশালী মার্কিন লবির চাপে আমরা এই যুদ্ধ শুরু করেছি।

এদিকে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স পরিচালকের কার্যালয় কেন্টের পদত্যাগের ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে সিএনএন।

উল্লেখ্য, ইরানের হামলার পর শুরুতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেশটির ‘আসন্ন হুমকি’ তৈরির কথা উল্লেখ করেছিলেন। তাঁর প্রশাসনের কর্মকর্তারা বলেছিলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরানের সম্ভাব্য আগাম হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিয়েছে।

অন্যদিকে, ক্যাপিটল হিলে পেন্টাগনের ব্রিফিংয়ে প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছিলেন, প্রথমে আক্রমণের শিকার না হলে ইরানের হামলার পরিকল্পনা ছিল না। প্রতিরক্ষা কর্মকর্তাদের এ বক্তব্যের সঙ্গে ট্রাম্পের বক্তব্য সরাসরি সাংঘর্ষিক। প্রকৃতপক্ষে, ইরানে হামলার বিষয়ে ট্রাম্পের যুক্তি বারবার বদলেছে।

শেয়ার করুন

২০: ২৫

লারিজানির হত্যা ইরানিদের শাসক উৎখাতের সুযোগ দিয়েছে: নেতানিয়াহু

লারিজানির হত্যা ইরানিদের শাসক উৎখাতের সুযোগ দিয়েছে: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তেহরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যা করা হয়েছে। আ এটি করা হয়েছে ইরানিদের তাঁদের শাসকদের সরিয়ে দেওয়ার সুযোগ তৈরির প্রচেষ্টার অংশ হিসেবে।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) এক টেলিভিশন বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

নেতানিয়াহু বলেন, আজ সকালে আলী লারিজানিকে শেষ করেছি। লারিজানি ছিলেন বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান। আর ‘গ্যাংস্টারদের’ এ দলই প্রকৃতপক্ষে ইরান শাসন করে।

তিনি বলেন, ইরানিদের মাধ্যমে ধর্মীয় শাসকদের উৎখাত ‘একবারে হবে না, সহজেও হবে না। কিন্তু আমরা যদি এতে অবিচল থাকি, তাহলে তাঁদের নিজেদের ভাগ্য নিজেদের হাতে নেওয়ার সুযোগ দিতে পারব।’

উল্লেখ্য, ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ইরানের বেঁচে থাকা সর্বজ্যেষ্ঠ নেতাদের একজন ছিলেন লারিজানি।

শেয়ার করুন

২০: ০২

লারিজানির হত্যার খবর বড় সাফল্য হিসেবে দেখছে ইসরায়েল

লারিজানির হত্যার খবর বড় সাফল্য হিসেবে দেখছে ইসরায়েল

ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানির নিহতের খবরকে বড় সাফল্য হিসেবে দেখছে ইসরায়েল। দেশটি বলছে, রাজনৈতিকভাবে ইরানের পুনরুত্থান ঠেকানো এবং বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটাতে লারজানির হত্যা বড় সাফল্য।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) দখলকৃত পশ্চিম তীরের রামাল্লাহ থেকে আল জাজিরার সংবাদদাতা নূর উদেইহ এমনটাই জানিয়েছেন। এর আগে, হামলায় আলী লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করে ইসরায়েল। তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ইরানের বেঁচে থাকা সর্বজ্যেষ্ঠ নেতাদের একজন ছিলেন লারিজানি।

একই দিন বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অধীনে চলা আধা সামরিক বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানিও নিহত হয়েছেন বলে দাবি করে ইসরায়েল। তাঁর মৃত্যুর ব্যাপারেও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান।

এদিকে, চলমান যুদ্ধ শুরুর প্রথম দিন থেকেই ইসরায়েলি প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন—ইরানি শাসন ব্যবস্থায় কেউ ক্ষমতার শীর্ষে উঠলে বা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলে তাঁকেও হত্যা করা হবে।

গত কয়েক দিনে ইসরায়েলি গণমাধ্যমে আলী লারিজানিকে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। তাঁকে ‘ইরানের সবচেয়ে বিপজ্জনক মস্তিষ্ক’ হিসেবে বর্ণনা করা হয়েছে। তাই তাঁর নিহতের খবরকে ইসরায়েলে সামরিক ও কৌশলগত দিক থেকে বড় সাফল্য হিসেবে উদযাপিত হচ্ছে। কারণ মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধ শেষ করার যেকোনো সম্ভাব্য অগ্রগতিতে লারিজানিকে মূল চাবিকাঠি হিসেবে দেখা হতো।

শেয়ার করুন

১৮: ৫৪

জুনের মধ্যে সাড়ে ৪ কোটি মানুষ তীব্র খাদ্যসংকটে পড়বে: ডব্লিউএফপি

জুনের মধ্যে সাড়ে ৪ কোটি মানুষ তীব্র খাদ্যসংকটে পড়বে: ডব্লিউএফপি

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যুদ্ধ জুন পর্যন্ত অব্যাহত থাকলে অতিরিক্ত ৪ কোটি ৫০ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটে পড়বে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) তাদের সর্বশেষ বিশ্লেষণে এমনটাই জানিয়েছে।

জেনেভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থাটির উপ-নির্বাহী পরিচালক কার্ল স্কাউ বলেন, খাদ্য, জ্বালানি ও জাহাজ পরিবহনের ব্যয় বৃদ্ধির ফলে কোটি কোটি মানুষ তীব্র খাদ্যসংকটে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি আরও বলেন, এতে বৈশ্বিক তীব্র খাদ্যসংকটের মোট সংখ্যা বর্তমান রেকর্ড ৩১ কোটি ৯০ লাখ ছাড়িয়ে যাবে।

শেয়ার করুন

১৭: ০৩

ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

মঙ্গলবার (১৭ মার্চ) এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়ল কাৎজ এই তথ্য জানান। ইরানের বেঁচে থাকা সর্বজ্যেষ্ঠ নেতাদের একজন ছিলেন লারিজানি।

গত কয়েক দশক ধরে আলী লারিজানি ছিলেন ইরানের ক্ষমতা কাঠামোর শান্ত ও বাস্তববাদী মুখ। তিনি অষ্টাদশ শতাব্দীর জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের ওপর বই লিখেছেন ও পশ্চিমাদের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করেছেন। তবে গত ১ মার্চ ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পর্ষদের ৬৭ বছর বয়সী এই সেক্রেটারির কথার ধরন বদলে যায়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থিত হয়ে লারিজানি জ্বালাময়ী বক্তব্য দেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথভাবে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর পাল্টা হামলা চালায় ইরান। সেই দেশ তিনটির মধ্যে যুদ্ধ চলছে।

এদিকে, শুরু থেকেই ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এসব হামলায় দেশটির ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ইতিমধ্যে নিহত হয়েছেন।

তথ্যসূত্র: আলজাজিরা

শেয়ার করুন

১৬: ৫৮

আইআরজিসির বাসিজ ফোর্স প্রধান সোলাইমানি নিহত, দাবি ইসরায়েলের

আইআরজিসির বাসিজ ফোর্স প্রধান সোলাইমানি নিহত, দাবি ইসরায়েলের

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আওতাধীন আধাসামরিক বাহিনী ‘বাসিজ ফোর্সের’ কমান্ডার গোলামরেজা সোলাইমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

সোমবার (১৬ মার্চ) রাতে এক হামলায় সোলাইমানি নিহত হয়েছেন বলে এ দাবি করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, সোলাইমানির এ মৃত্যু ইরানের ‘কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল’ বা সামরিক নিয়ন্ত্রণ কাঠামোর জন্য একটি ‘বড় ধরনের ধাক্কা’।

একই সঙ্গে ইরানি কমান্ডারদের বিরুদ্ধে ‘শক্তি প্রয়োগ অব্যাহত’ রাখার কথা বলেছে ইসরায়েল। তবে এই খবরের বিষয়ে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করে। এরপর থেকেই ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালিয়ে তারা। এসব হামলায় ইরানের ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হয়েছেন।

তথ্যসূত্র: আলজাজিরা ও এপি

শেয়ার করুন

১৩: ৩৭

ফিফা বিশ্বকাপের সব ম্যাচ মেক্সিকোতে স্থানান্তরে ফিফার সঙ্গে আলোচনা ইরানের

ফিফা বিশ্বকাপের সব ম্যাচ মেক্সিকোতে স্থানান্তরে ফিফার সঙ্গে আলোচনা ইরানের

ফিফা বিশ্বকাপে ইরানের সব ম্যাচ নিরাপত্তাজনিত কারণে মেক্সিকোতে স্থানান্তরে ফিফার সঙ্গে আলোচনা করেছে তেহরান। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ এক্স পোস্টে জানান, ‘যখন ট্রাম্প স্পষ্টতই বলেছেন যে তিনি ইরানি জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, আমরা অবশ্যই আমেরিকায় যাব না।’ খবর আল জাজিরার।

পোস্টে মেহদী তাজ আরও বলেন, ‘বর্তমানে আমরা ফিফার সঙ্গে আলোচনা করছি যাতে ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো মেক্সিকোতে অনুষ্ঠিত হয়।’

গত সপ্তাহে ইরানের ক্রীড়ামন্ত্রী বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার পর ইরানি খেলোয়াড়দের জন্য এই টুর্নামেন্টে অংশগ্রহণ সম্ভব নয়।

এর আগে, বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে বিশ্বকাপে স্বাগত জানানো হবে। তাঁদের নিজেদের জীবন ও নিরাপত্তার জন্য সেখানে থাকা ঠিক হবে না।’

ইরান ইতিমধ্যেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে ফিফা বিশ্বকাপ-২০২৬ অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে ইরানের দুটি ম্যাচের সূচি রয়েছে।

শেয়ার করুন

১২: ১৩

ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৬০ শতাংশ

ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৬০ শতাংশ

ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর জ্বালানি তেল রপ্তানি প্রায় ৬০ শতাংশ কমেছে। বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান কেপলারের দেওয়া তথ্যের বরাতে আল জাজিরা এই খবর জানিয়েছে।

প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে, গত রোববার থেকে আগের এক সপ্তাহে মধ্যপ্রাচ্যের আটটি দেশ—সৌদি আরব, কুয়েত, ইরান, ইরাক, ওমান, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত থেকে প্রতিদিন গড়ে ৯৭ লাখ ১০ হাজার ব্যারেল তেল রপ্তানি হয়েছে। অথচ ফেব্রুয়ারির একই সময়ে তেল রপ্তানির পরিমাণ ছিল ২ কোটি ৫১ লাখ ৩০ হাজার ব্যারেল। সেই হিসাবে রপ্তানি কমেছে প্রায় ৬০ শতাংশ।

কেপলারের বিশ্লেষক জোহানেস রাবল বলেন, এই সপ্তাহে মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের ভাসমান মজুত ৫ কোটি ব্যারেল ছাড়িয়েছে। উল্লেখ্য, যুদ্ধ শুরুর আগে এই ভাসমান মজুতের পরিমাণ ছিল মাত্র ১ কোটি ব্যারেলের মতো।

শেয়ার করুন

১১: ৪৭

যুদ্ধের কারণে চীন সফর পিছিয়ে দিতে চান ট্রাম্প

যুদ্ধের কারণে চীন সফর পিছিয়ে দিতে চান ট্রাম্প

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে নির্ধারিত চীন সফর এক মাসের মতো পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বেইজিংকে হরমুজ প্রণালি খুলে দিতে চাপ দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে দাবি করেছেন ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা। খবর সিএনএনের।

ট্রাম্প বলেন, “আমরা চীনের সঙ্গে কথা বলছি। আমি চীন সফরে খুবই আগ্রহী; কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আমি এই মুহূর্তে নিজ দেশেই থাকতে চাই। আমরা অনুরোধ করেছি যেন সফরটি এক মাস পিছিয়ে দেওয়া হয়। এখন যুদ্ধ চলছে, তাই আমার এখানে থাকা গুরুত্বপূর্ণ। হয়তো আমরা এটি খুব সামান্য পিছিয়ে দেব।”

ট্রাম্পের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এর আগে সফরটি নিয়ে অনিশ্চয়তার কথা উল্লেখ করেছিলেন। তবে তিনি জোর দিয়ে বলেন, এটি বেইজিংকে হরমুজ প্রণালি খোলার জন্য চাপ দেওয়ার উদ্দেশ্যে করা হয়নি।

শেয়ার করুন

১০: ৩৭

বাগদাদে মার্কিন দূতাবাসে রকেট হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

বাগদাদে মার্কিন দূতাবাসে রকেট হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

ইরাকে সপ্তাহজুড়ে একের পর এক হামলা চালাচ্ছে ইরান। আজ মঙ্গলবার ভোরেও রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, সোমবার গ্রিন জোনের একটি বিলাসবহুল হোটেলে ড্রোন হামলার ফলে আগুন লাগে। ওই এলাকায় ইরাকের গুরুত্বপূর্ণ সরকারি ভবন এবং বিভিন্ন দেশের দূতাবাস অবস্থিত।

মঙ্গলবার ভোরে বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে তিনটি ড্রোন ও চারটি রকেট দিয়ে আক্রমণ করা হয়। ইরাকি নিরাপত্তা কর্মকর্তারা জানান, এর মধ্যে অন্তত একটি ড্রোন দূতাবাসের ভেতরে গিয়ে বিধ্বস্ত হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি দূতাবাসের দিকে তিনটি ড্রোন উড়ে যেতে দেখেছেন, যার মধ্যে দুটি ভূপাতিত করা হলেও তৃতীয়টি প্রাঙ্গণে আঘাত হানে। নিরাপত্তা সূত্রের মতে, এটিই এখন পর্যন্ত ওই এলাকায় সবচেয়ে তীব্র আক্রমণ।

অন্যদিকে, যুদ্ধ শুরুর পর থেকে সংযুক্ত আরব আমিরাতেও ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এখন পর্যন্ত দেশটির দিকে ১,৯০০টির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এসব হামলার মূল লক্ষ্য আমিরাতের পরিবহন ব্যবস্থা ও জ্বালানি অবকাঠামো। সোমবার ড্রোন হামলার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আগুন লাগলে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত করা হয়। এর ফলে বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরটিতে বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়।

এ ছাড়া একটি ড্রোন হামলায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ফুজাইরাহ বন্দরে আগুন লাগার খবর পাওয়া গেছে। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বড় তেল সংরক্ষণ কেন্দ্র। একই সময়ে আবুধাবির উপকণ্ঠে একটি গাড়িতে রকেট হামলায় এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে শহরের মিডিয়া অফিস। ইরান পাল্টা হামলা শুরুর পর থেকে দুবাই বিমানবন্দর এবং সেখানকার বিভিন্ন স্থাপনা একাধিকবার লক্ষ্যবস্তু হয়েছে।

শেয়ার করুন

০৯: ৪৬

ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ২০০

ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ২০০

ইরান যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২০০ জন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এই তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরার এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

হকিন্স জানান, আহত ২০০ জনের মধ্যে ১৮০ জন সেনাসদস্য ইতিমধ্যে সুস্থ হয়ে কাজে ফিরেছেন। আহতদের জখমের ধরনের মধ্যে রয়েছে আগুনে দগ্ধ হওয়া, আঘাতজনিত মস্তিষ্কের ক্ষতি এবং কামানের গোলার স্প্লিন্টার বা বিস্ফোরণের টুকরোর আঘাত।

মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের ‘একমুখী’ বা আত্মঘাতী ড্রোন হামলার কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে। মার্কিন বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন গত সপ্তাহে বলেছিলেন, মার্কিন সেনাদের বেশিরভাগ হতাহতের পেছনে এই ধরনের ড্রোনই দায়ী।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরানও ইসরায়েল এবং কয়েকটি উপসাগরীয় দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

আগের লাইভ দেখতে:

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আহ্বান পোপের

শেয়ার করুন