স্ট্রিম ডেস্ক

ইরানে চলমান যুদ্ধে নিহতের সংখ্যা অন্তত ১,০৪৫ জনে পৌঁছেছে। ইরানের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ান ও আল জাজিরা।
ইরানের ‘ফাউন্ডেশন অব মার্টার্স অ্যান্ড ভেটেরান অ্যাফেয়ার্স’ জানায়, এই ১,০৪৫ জন হলেন কেবল তাঁরা, যাঁদের মরদেহ ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে এবং দাফনের জন্য প্রস্তুত করা হয়েছে। নিহতের এই তালিকায় মূলত শনাক্ত হওয়া ব্যক্তিদেরই অন্তর্ভুক্ত করা হয়েছে।
শেয়ার করুন
ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এতে অন্তত ৮০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। খবর রয়টার্স ও বিবিসির।
বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনে প্রতিরক্ষামন্ত্রী ইরানে হামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেন। সেখানে তিনি বলেন, সাবমেরিন থেকে টর্পেডো ছুড়ে যুদ্ধজাহাজটি ডুবিয়ে দেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে, যে যুদ্ধজাহাজটি আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ ভেবেছিল।’
এর আগে শ্রীলঙ্কার জলসীমার বাইরে একটি ইরানি ফ্রিগেট (যুদ্ধজাহাজ) ডুবেছে বলে জানা যায়। ওই সময় শ্রীলঙ্কান নৌবাহিনীর এক মুখপাত্র জানান, ইরানি জাহাজ ‘আইরিস দেনা’ থেকে ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। জাহাজটিতে ১৮০ জনের মতো ছিলেন।
পরবর্তীতে শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী স্থানীয় এক টেলিভিশন চ্যানেলকে জানান, ওই ঘটনায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন।
শ্রীলঙ্কার নৌবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব ঠিক থাকলে আরও অন্তত ৬৮ জন নিখোঁজ রয়েছে।
শেয়ার করুন

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে যে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, আজ বুধবার রাত থেকে তিন দিনব্যাপী এই শোকানুষ্ঠান ও জানাজা শুরু হওয়ার কথা ছিল। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতেও জানাজার প্রস্তুতি সম্পন্ন করার দৃশ্য দেখা গিয়েছিল।
তবে রাষ্ট্রীয় গণমাধ্যমের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, আয়োজক কমিটি জানিয়েছে যে প্রয়োজনীয় অবকাঠামোগত ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই অনুষ্ঠান স্থগিত থাকবে। তেহরানের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জানাজা বা দাফন অনুষ্ঠানের পরবর্তী কোনো তারিখ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
শেয়ার করুন

সৌদি আরবের একটি প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্যমতে, এই হামলার লক্ষ্যবস্তু ছিল ‘রাস তানুয়রা’ তেল শোধনাগার। এটি সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার হিসেবে পরিচিত।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রাথমিক অনুমান অনুযায়ী, এই হামলাটি একটি ড্রোনের মাধ্যমে করার চেষ্টা করা হয়েছিল এবং এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।’
এর আগে গত সোমবারের একটি স্যাটেলাইট চিত্রে দেখা গেছে যে, এই শোধনাগারটি এর আগেও ইরানের হামলার শিকার হয়েছিল।
তথ্যসূত্র: বিবিসি
শেয়ার করুন

সিরিয়ার স্থল ও সমুদ্রবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে সম্ভাব্য হামলার সতর্কবার্তা পাওয়ার পর তারা লেবাননের সঙ্গে সীমান্ত পারাপার কেন্দ্রটি বহির্গমনের (লেবাননে যাওয়ার পথ) জন্য বন্ধ করে দিয়েছে। ইসরায়েলি বাহিনী ওই সীমান্ত এলাকাটিকে লক্ষ্যবস্তু করতে পারে—এমন হুঁশিয়ারি পাওয়ার পর সিরিয়া এই সিদ্ধান্ত নিয়েছে।
তবে জেদেইদেত ইয়াবুস সীমান্ত ক্রসিংয়ের একজন মিডিয়া কর্মকর্তা জানিয়েছেন, লেবানন থেকে সিরিয়ায় প্রবেশের পথটি এখনো খোলা রয়েছে। মূলত লেবানন থেকে প্রাণভয়ে পালিয়ে আসা সিরীয় নাগরিকদের আশ্রয় দেওয়ার উদ্দেশ্যেই এই পথটি চালু রাখা হয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা
শেয়ার করুন

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি আজ ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। তবে অন্য ক্ষেপণাস্ত্রটি এই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি ‘আল উদাইদ’-এ সরাসরি আঘাত হেনেছে।
কাতার সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, এই ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উল্লেখ্য, আল উদাইদ বিমান ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র হিসেবে পরিচিত।
তথ্যসূত্র: বিবিসি
শেয়ার করুন

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়েছেন, আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হওয়ার জন্য ইরান যাকেই মনোনীত করুক না কেন, ইসরায়েলি সামরিক বাহিনী তাকে হত্যার চেষ্টা করবে।
একটি বিবৃতিতে কাটজ বলেন, ‘ইসরায়েল ধ্বংস করার পরিকল্পনা চালিয়ে যাওয়া, যুক্তরাষ্ট্র ও মুক্ত বিশ্ব এবং এই অঞ্চলের দেশগুলোকে হুমকি দেওয়া এবং ইরানি জনগণকে নিপীড়ন করার জন্য ইরানি সন্ত্রাসী শাসনব্যবস্থা যাকেই নেতা হিসেবে নিযুক্ত করবে, তাকেই আমরা হত্যার দ্ব্যর্থহীন লক্ষ্যবস্তু বানাব।
তিনি আরও স্পষ্ট করে বলেন, ‘তাঁর নাম কী কিংবা তিনি কোথায় লুকিয়ে আছেন, তাতে কিছু যায় আসে না।’
কাটজ আরও উল্লেখ করেন, ইরানের সক্ষমতা ধ্বংস করতে এবং ইরানি জনগণের জন্য তাদের সরকারকে ‘উৎখাত করার পরিবেশ তৈরি করতে’ ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে কাজ চালিয়ে যাবে।
তথ্যসূত্র: আল জাজিরা
শেয়ার করুন
শ্রীলঙ্কার জলসীমার বাইরে ডুবতে থাকা একটি ইরানি যুদ্ধজাহাজ (ফ্রিগেট) থেকে ৩০ জন নাবিককে উদ্ধার করেছে শ্রীলঙ্কা। এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানিয়েছেন, ১৮০ জন ক্রু বহনকারী ওই জাহাজটি থেকে উদ্ধার করা আহত নাবিকদের দেশটির দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে যুদ্ধজাহাজটি ঠিক কী কারণে দুর্ঘটনার কবলে পড়েছে, সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।
শেয়ার করুন

ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি জানিয়েছে, তাদের ২৩০টি ড্রোন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনাদের আবাসস্থলের বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে। আক্রান্ত স্থাপনার মধ্যে ইরাকের এরবিলের একটি ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি ও ক্যাম্প আরিফজান রয়েছে।
বুধবার বিবৃতিতে আইআরজিসি তাদের এ যাবৎ হামলাগুলোর মধ্যে এটিকে ‘প্রথম শক্তিশালী পদক্ষেপ’ উল্লেখ করেছে।
সূত্র: আলজাজিরা
শেয়ার করুন
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, গত সোমবার থেকে ইসরায়েলি বিমান হামলায় তাদের দেশের অন্তত ৫০ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।
সূত্র: এবসি নিউজ
শেয়ার করুন
ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লার প্রার্থনা হলে মরহুম আয়াতুল্লাহ আলী খামেনেয়ির সমর্থকরা সমবেত হবেন। এর মাধ্যমে তাঁর স্মরণে তিন দিনব্যাপী এক শোক ও স্মরণ অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, খামেনেয়ির জানাজা ও অন্ত্যেষ্টিক্রিয়ার বিস্তারিত পরিকল্পনা এখনো চূড়ান্ত করার কাজ চলছে এবং তা শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
তথ্যসূত্র: আল জাজিরা
শেয়ার করুন
মধ্যপ্রাচ্য যুদ্ধের পঞ্চম দিনে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে প্রায় ৪০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। খবর এএফপির
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পঠিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কয়েক ঘণ্টা আগে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের মাধ্যমে মার্কিন ও জায়নবাদী লক্ষ্যবস্তু অভিমুখে ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ‘অপারেশন অনেস্ট প্রমিজ ৪’-এর ১৭তম ধাপ সম্পন্ন করা হয়েছে।’
তবে এই হামলার ক্ষয়ক্ষতি বা নির্দিষ্ট স্থান সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি।
শেয়ার করুন

মার্কিন পররাষ্ট্র দপ্তর পাকিস্তানের করাচি ও লাহোর কনসুলেটে নিযুক্ত তাদের ‘নন-ইমার্জেন্সি’ বা জরুরি নয় এমন কর্মীদের এবং তাঁদের পরিবারকে অতি দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। খবর আল জাজিরার
গত রোববার করাচিতে মার্কিন কনসুলেটের বাইরে বিক্ষোভের ঘটনায় ১০ জন নিহত এবং ৬০ জন আহত হওয়ার প্রেক্ষাপটে এই সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ি হত্যাকাণ্ডের প্রতিবাদে সেদিন কিছু বিক্ষোভকারী করাচির মার্কিন কনসুলেটে জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালিয়েছিলেন।
উল্লেখ্য, খামেনেয়ি হত্যার প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে চলা সংঘর্ষে এ পর্যন্ত মোট ২৪ জন প্রাণ হারিয়েছেন।
তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর স্পষ্ট করেছে যে, রাজধানী ইসলামাবাদে অবস্থিত তাদের মূল দূতাবাসের কার্যক্রম অব্যাহত রয়েছে।
শেয়ার করুন

হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি পণ্যবাহী ট্যাঙ্কারগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার জন্য সেখানে নৌবাহিনী মোতায়েন করবেন।
ইরানের ফার্স নিউজ এজেন্সির এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদেহ বলেন, ‘বর্তমানে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে ইসলামি প্রজাতন্ত্রের নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।’
তথ্যসূত্র: আল জাজিরা
শেয়ার করুন

গতকাল মঙ্গলবার রাতভর মধ্যপ্রাচ্যে হামলা হয়েছে। ইরানের ও ইসরায়েল পাল্টাপাল্টি এসব হামলা চালিয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে, গত কয়েক ঘণ্টায় ইরান থেকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুড়ে মারা হয়েছে। ইসরায়েলি নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা লেবানন থেকে আসা বেশ কিছু রকেট ও প্রজেক্টাইল পর্যবেক্ষণ করেছে। ইসরায়েল বর্তমানে লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে। যদিও লেবানন থেকে আসা রকেটগুলো আকাশেই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল এবং তাৎক্ষণিকভাবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে একটি ‘অজ্ঞাত বস্তু’ বা গোলার আঘাত লেগেছে। হামলায় জাহাজটির স্টিল প্লেটিং ক্ষতিগ্রস্ত হলেও কোনো অগ্নিকাণ্ড বা পানি প্রবেশের ঘটনা ঘটেনি। জাহাজের সব ক্রু নিরাপদ আছেন বলে জানা গেছে। কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একটি আবাসিক এলাকায় আকাশ থেকে গোলার ধ্বংসাবশেষ বা শার্পনেল এসে পড়ায় ১১ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছে। এই ঘটনায় তার মা-সহ পরিবারের আরও চার সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তথ্যসূত্র: বিবিসি
শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশটির পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হবে। ইরানের দ্বিতীয় বৃহত্তম এই শহর হচ্ছে খামেনির জন্মস্থান।
ইরানের সংবাদ সংস্থা ফারস মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। তবে খামেনির দাফনের সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো প্রকাশ করা হয়নি। মাশহাদ শহরের ইমাম রেজা মাজার কমপ্লেক্সে আয়াতুল্লাহ আলী খামেনির বাবার সমাধিও রয়েছে।
দাফনের আগে রাজধানী তেহরানে খামেনিকে শেষবিদায় জানাতে ‘বড়সড়’ আয়োজন করা হবে বলে নিজেদের টেলিগ্রামে ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। তবে তারিখ ও সময়সূচি সম্পর্কে ইরানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি এই দুই দেশের হামলায় তেহরানে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
শেয়ার করুন

রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়েছেন। বেইজিংয়ের শীর্ষ কূটনীতিক ওয়াং ই ইসরায়েলকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরান পারমাণবিক বোমা অর্জনের চেষ্টা করছে– এমন কোনো প্রমাণ মস্কো পায়নি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সারকে বলেছেন– ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনায় ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়। এরপরও ইরানে হামলা করা হয়েছে।
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোনে ওয়াং ই বলেন, দুঃখজনকভাবে সামরিক পদক্ষেপের মাধ্যমে আলোচনার এই প্রক্রিয়া ব্যাহত হয়েছে। চীন ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক হামলার বিরোধিতা করে।
তিনি বলেন, সংঘাত আরও তীব্র এবং নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই চীন সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। ‘প্রকৃতপক্ষে শক্তি প্রদর্শনে কোনো সমস্যার সমাধান হয় না বরং এটি নতুন সমস্যা জন্ম দেয় এবং দীর্ঘমেয়াদী পরিণতি ডেকে আনবে’, যোগ করেন তিনি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গিদিওন সার ইরানে চীনের কর্মী ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণে ওয়াং ই এর অনুরোধে সাই দেন।
অন্যদিকে, মঙ্গলবার সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনা করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ পারমাণবিক বিস্তার রোধের ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার যৌক্তিক পরিণতি হতে পারে– ইরানে এমন শক্তির আবির্ভাব ঘটবে অথবা তারা পারমাণবিক বোমা অর্জন করবে, যা যুক্তরাষ্ট্র সব সময় এড়াতে চেয়েছে।
শেয়ার করুন

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরি পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সহায়তা অংশ হিসেবে এই রণতরি পাঠানো হচ্ছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মঙ্গলবার বলেছেন, এসব দেশের সঙ্গে তাদের প্রতিরক্ষা চুক্তি আছে। এখন তারা দেশগুলোর পাশে দাঁড়াবেন।
তিনি বলেন, ‘আমি চার্লস ডি গল বিমানবাহী রণতরি, এর বিমান সম্পদ ও ফ্রিগেটগুলোর এসকর্টকে ভূমধ্যসাগরের দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছি।
ইউরোপের সীমান্ত পেরিয়ে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করার একদিন পর টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি একথা বলেন।
পূর্ব ভূমধ্যসাগরের দিকে যাওয়ার জন্য চার্লস ডি গল রণতরিকে উত্তর আটলান্টিকের এলাকা থেকে প্রত্যাহার করা হয়েছে। এটি গত সপ্তাহে সুইডিশ বন্দর মালমোতে যাত্রাবিরতি করে।
শেয়ার করুন
ইরানে প্রায় ৩০০ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
একইসঙ্গে লেবাননের একাধিক লক্ষবস্তুতে হামলা করা হয়েছে বলে এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছে আইডিএফ। বিবৃতিতে তারা বলেছে, গত ২৪ ঘণ্টায় শত শত যুদ্ধবিমান ও সামরিক বিমান একযোগে ইরান এবং লেবাননের শত শত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
আইডিএফ আরও জানায়, প্রতিরক্ষা প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলি বিমান বাহিনী ধারাবাহিকভাবে ইরানি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলা চালিয়ে যাচ্ছে।
সূত্র: বিবিসি
শেয়ার করুন

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে বুধবার ভোরের এই হামলায় কেউ হতাহত হয়নি বলে জানানো হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্যে, তবে ইরান থেকে নিক্ষেপ করা দ্বিতীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়েছে।
সূত্র: এবিসি নিউজ
শেয়ার করুন
সৌদি আরব বলেছে, তারা ইরানের হামলার জবাব দিতে প্রস্তুত। দেশের নিরাপত্তা ও বাসিন্দাদের সুরক্ষায় তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে এই তথ্য জানানো হয়।
সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, সৌদির মন্ত্রিসভা জোর দিয়ে বলেছে, ইরানের সম্ভাব্য যেকোনো হামলার জবাবে মিত্র দেশগুলো কোনো পদক্ষেপ নিলে তাদের সমর্থনে সব ধরনের সক্ষমতা কাজে লাগাতে প্রস্তুত রয়েছে তারা।
সূত্র: বিবিসি
শেয়ার করুন
সৌদি আরবে মার্কিন দূতাবাসে অবস্থিত দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) স্টেশনে ড্রোন হামলা হয়েছে। সোমবার হামলায় অংশ নেওয়া ড্রোনটি ইরানি ছিল বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।
তবে ওই সূত্র বলেছে, সিআইএর স্টেশনটি সরাসরি হামলার লক্ষ্যবস্তু ছিল– এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। সিআইএ এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
সংঘাত চলাকালে সৌদি আরবের রাজধানী রিয়াদের মার্কিন দূতাবাসেও হামলা হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দুটি ড্রোন ব্যবহার করে দূতাবাসটিতে হামলা চালানো হয়। এতে সীমিত আকারে আগুন লাগে। কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়।
শেয়ার করুন

আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মুজতবা হোসেইনি খামেনিকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করার খবর দিয়েছে ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম।
এতে বলা হয়েছে, ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস মুজতবাকে খামেনির উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছে।
খবরটি প্রথম প্রকাশ করে লন্ডন থেকে পরিচালিত ফার্সি ভাষার স্যাটেলাইট টেলিভিশন ইরান ইন্টারন্যাশনাল। তারা জানায়, বিপ্লবী গার্ডের চাপে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট মুজতবাকে নতুন লিডার হিসেবে নির্বাচিত করেছে। পরে নিউ ইয়র্ক টাইমস, দ্য টাইমস অব ইসরায়েলেও খবরটি আসে।
নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, মুজতবাকে খামেনির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়ার বিষয়টিকে ইরানের কট্টরপন্থিদের বিজয় হিসেবেই দেখা হচ্ছে। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এখনো এ বিষয়ে কোনো খবর আসেনি।
৩৬ বছর দেশ শাসন করা খামেনি ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন। তাঁর সঙ্গে মেয়ে, জামাতা ও নাতনিও মারা যায়। হামলায় আহত হওয়ার পর খামেনির স্ত্রী মনসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহও মারা যান।
ইরানের রেভল্যুশনারি গার্ডস টেলিগ্রামে জানিয়েছে, খামেনিকে মাশহাদে দাফন করা হবে এবং তেহরানে একটি বড় স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে দাফনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
খামেনির কোনো মনোনীত উত্তরসূরি ছিল না। পরে নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত আয়াতুল্লাহ আলিরেজা আরাফি, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি এজেইকে নিয়ে গঠিত তিন সদস্যের অন্তর্বর্তী পরিষদ সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করছিল।
শেয়ার করুন
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সংস্থাটি জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে ১০ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ১৮১। খবর: বিবিসি।
এইচআরএএনএ আরও জানিয়েছে, বেসামরিক মানুষ আহত হওয়ার সংখ্যা ৫ হাজার ৪০২–এ পৌঁছেছে। এর মধ্যে ১০০ শিশু।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানে অন্তত ১০৪টি হামলার ঘটনা ঘটেছে। সংস্থাটির মতে, এসব হামলা সামরিক ঘাঁটি, চিকিৎসা কেন্দ্র এবং আবাসিক এলাকায় আঘাত হেনেছে। আরও কয়েকশ’ মানুষের মৃত্যুর খবর পর্যালোচনা করা হচ্ছে।
শেয়ার করুন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি রয়েছে ইরানের এবং তারা এখনো তাদের সবচেয়ে উন্নত অস্ত্রগুলো ব্যবহার করেনি বলে দাবি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। খবর: আলজাজিরা।
মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক বলেছেন, ‘এই চাপিয়ে দেওয়া যুদ্ধে দীর্ঘ সময় ধরে প্রতিরোধ গড়ার ও আক্রমণাত্মক প্রতিরক্ষা চালিয়ে যাওয়ার সক্ষমতা আমাদের রয়েছে।’
তিনি আরও বলেন, ‘যুদ্ধের প্রথম দিনগুলোতে আমরা আমাদের সমস্ত উন্নত অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করি না।’
শেয়ার করুন

চলমান উত্তেজনায় মধ্যপ্রাচ্য ছেড়েছেন প্রায় ৯ হাজার মার্কিন নাগরিক। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন। খবর: আলজাজিরা।
দুবাইয়ে মার্কিন কনস্যুলেটের পাশে ড্রোন হামলার প্রসঙ্গ টেনে রুবিও জানান, সেখানে অবস্থানরত সমস্ত মার্কিন কর্মীর খোঁজ পাওয়া গেছে এবং সবাই নিরাপদে আছেন।
তিনি আরও বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আরও ১ হাজার ৬০০ জন মার্কিন নাগরিক অঞ্চলটি ছাড়ার জন্য সহায়তার আবেদন করেছেন।
শেয়ার করুন