স্ট্রিম ডেস্ক

লেবাননের রাজধানী বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি বিমান হামলায় নিজেদের চার কূটনীতিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরান।
জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের সভাপতিদের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের জাতিসংঘ দূত আমির সাঈদ ইরভানি এ তথ্য জানান।
ইরান জানিয়েছে, গত রোববার (৮ মার্চ) ভোরে এ হামলা চালায় ইসরায়েল।
ইরানের সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে চিঠিতে বলা হয়, ইসরায়েলি বাহিনী বৈরুতের প্রাণকেন্দ্র রামাডা হোটেলে হামলা চালিয়েছিল। এতে ইরানি চার কূটনীতিক নিহত হন।
চিঠিতে ইরভানি লেখেন, ইসরায়েলি শাসকরা বৈরুতের রামাডা হোটেলে ইচ্ছাকৃতভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে ইরানি চার কূটনীতিককে হত্যা করেছে। তবে নিহত কূটনীতিকদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
এর আগে, রোববার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, হোটেলে ইসরায়েলি হামলায় চারজন নিহত ও দশজন আহত হয়েছেন।
ইসরায়েলি কর্তৃপক্ষ তখন বলেছিল, হামলাটি ইরানের রেভোলিউশনারি গার্ডের নেতাদের লক্ষ্য করে চালানো হয়েছে।
শেয়ার করুন
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছে ইউরোপের দেশ স্পেন। এর মধ্য দিয়ে দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি হলো।
আজ বুধবার (১১ মার্চ) স্পেনের সরকারি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। খবর আল জাজিরার। এর আগে গতকাল স্পেন সরকার রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্তের অনুমোদন দেয়।
এদিকে, স্পেনের এ সিদ্ধান্তের ফলে তেল আবিবে দেশটির দূতাবাস এখন একজন চার্জ দ্য অ্যাফেয়ার্সের অধীনে পরিচালিত হবে।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে দুই দেশের সরকারের মধ্যে উত্তেজনা বাড়লে মাদ্রিদ তার রাষ্ট্রদূত ফিরিয়ে নেয়। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার স্পেনের প্রধানমন্ত্রী সানচেজের ঘোষিত একাধিক পদক্ষেপের সমালোচনা করলে বিরোধ শুরু হয়। গাজায় গণহত্যার নিন্দা জানানোর পর সানচেজ এই পদক্ষেপগুলো ঘোষণা করেছিলেন।
এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর দেশগুলোর মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর স্পেন জানায়, ইরানে হামলার জন্য স্পেন তাদের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না। পরে স্পেনের দক্ষিণাঞ্চলীয় রোটা ও মোরন সামরিক ঘাঁটি ত্যাগ করে ১৫টি মার্কিন বিমান।
স্পেনের প্রধানমন্ত্রী সানচেজের কঠোর এ অবস্থান ওয়াশিংটনের সঙ্গেও দেশটির সম্পর্কের ওপর নতুন করে চাপ সৃষ্টি হয়। স্পেনের সার্বভৌমত্বের অধীনে থাকা এসব ঘাঁটি যৌথভাবে পরিচালিত হলেও মাদ্রিদ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
শেয়ার করুন

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথভাবে আয়োজনে অনুষ্ঠিতব্য ২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নেবে না ইরান।
আজ বুধবার (১১ মার্চ) ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালি এ তথ্য জানান। খবর আল জাজিরার।
ইরানের ক্রীড়ামন্ত্রী বলেন, ওই দুর্নীতিগ্রস্ত শাসন আমাদের নেতাকে হত্যা করেছে। তাই কোনো অবস্থাতেই আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথভাবে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কয়েকজন নিহত হন। ওই হামলার পর ইরানও পাল্টা হামলা শুরু করে। এরপর থেকে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয়।
শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ থামাতে হবে, নইলে তা পুরো অঞ্চলকে পুড়িয়ে ছাই করে দেবে। আর বৈশ্বিক অর্থনীতিতে ক্ষতি আরও বাড়বে।
আজ বুধবার (১১ মার্চ) তিনি এই মন্তব্য করেন। খবর আল জাজিরার।
এরদোয়ান বলেন, এই যুদ্ধ আরও বড় হয়ে পুরো অঞ্চলকে পুড়িয়ে দেওয়ার আগেই থামাতে হবে।
মধ্যপ্রাচ্য ‘আবারও রক্ত ও বারুদের গন্ধে ঢাকা’ উল্লেখ করে জোর দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, কূটনীতিকে সুযোগ দিলে যুদ্ধ থামানো সম্পূর্ণ সম্ভব।
এরদোয়ান আরও বলেন, এই অর্থহীন, বেআইনি ও অনিয়মতান্ত্রিক যুদ্ধ চলতে থাকলে আরও বেশি জীবন ও সম্পদের ক্ষতি হবে। বৈশ্বিক অর্থনীতিতে ব্যয় আরও বাড়বে।
তুরস্ক কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানান তিনি।
এদিকে, একদিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে বলেন, ‘আমেরিকানদের সঙ্গে কথা বলার অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা’ রয়েছে তেহরানের।
শেয়ার করুন
মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে থাকা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী।
আজ বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনী বলেছে, এই অঞ্চলে ব্যাংকসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আর্থিক স্থাপনায় হামলা চালানো হবে। রাতভর দেশ দুটির যৌথ সামরিক অভিযানের সময় ইরানি একটি ব্যাংকে হামলার খবরের পর এই ঘোষণা এলো।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের কেন্দ্রীয় সামরিক অভিযান কমান্ড খতম আল-আনবিয়া বলেছে, শত্রু আমাদের যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসনের অর্থনৈতিক কেন্দ্র এবং ব্যাংকগুলোকে লক্ষ্যবস্তু করার সুযোগ করে দিয়েছে।
বিবৃতিতে উক্ত অঞ্চলের সাধারণ মানুষকে ব্যাংকগুলো থেকে এক কিলোমিটারের মধ্যে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, রাতে তেহরানের একটি ব্যাংকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা করে। এতে ব্যাংকটির বেশ কয়েকজন কর্মী নিহত হয়েছেন। তবে নিহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।
শেয়ার করুন

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি কার্যক্রম কেন্দ্র। দেশটির জাতীয় বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে। দক্ষিণাঞ্চলের তীরে জেলার আল-শাহাবিয়া শহরে এই হামলা হয়। এতে আরও ১১ জন আহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এছাড়া দেশটির সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলা শুরুর পর থেকে লেবাননে প্রায় ৭ লাখ ৮০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে নিবন্ধন করেছেন। তাদের মধ্যে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ বর্তমানে সরকার পরিচালিত আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।
এদিকে মঙ্গলবার সীমান্তবর্তী শহর আলমা আশ-শাব থেকে নিজেদের সদস্যদের সরিয়ে নিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল।
আল জাজিরার খবরে বলা হয়েছে, প্রধানত খ্রিস্টান অধ্যুষিত এই শহরটি ইসরায়েল সীমান্তের কাছেই অবস্থিত। ইসরায়েলি সেনাবাহিনীর বারবার জোরপূর্বক সরিয়ে নেওয়ার হুমকি সত্ত্বেও সেখানকার অনেক বাসিন্দা এলাকা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছিলেন।
শেয়ার করুন
ট্রাম্প প্রশাসনের ইরান যুদ্ধ-পরিকল্পনাকে ‘অসংলগ্ন ও অসম্পূর্ণ’ বলে সমালোচনা করেছেন মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, তিনি যুদ্ধ পরিস্থিতি নিয়ে একটি ‘ক্লোজড-ডোর ব্রিফিংয়ে’ অংশ নিয়েছেন। সেই ব্রিফিংয়ের পর তার কাছে স্পষ্ট হয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যুদ্ধ পরিকল্পনা ‘অসংলগ্ন ও অসম্পূর্ণ (ইনকোহেরেন্ট অ্যান্ড ইনকমপ্লিট)।’
মারফি তাঁর পোস্টে লিখেছেন, ‘আমি আজ ইরান যুদ্ধ নিয়ে ২ ঘণ্টার একটি ব্রিফিংয়ে যোগ দিয়েছিলাম। এসময় সবগুলো ব্রিফিং ছিল ক্লোজড ডোর। কারণ ট্রাম্প জনসমক্ষে এই যুদ্ধের পক্ষে কথা বলতে পারবেন না।’
I was in a 2 hour briefing today on the Iran War. All the briefings are closed, because Trump can't defend this war in public.
— Chris Murphy 🟧 (@ChrisMurphyCT) March 11, 2026
I obviously can't disclose classified info, but you deserve to know how incoherent and incomplete these war plans are.
1/ Here's what I can share:
বৈঠকের যেসব বিষয় আলোচনা হয়েছে, তা ‘ক্লাসিফায়েড (গোপনীয়)’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমি স্পষ্টতই গোপন তথ্য প্রকাশ করতে পারব না, কিন্তু এই যুদ্ধ পরিকল্পনাগুলো কতটা ‘অবান্তর এবং অসম্পূর্ণ’, তা আপনাদের জানা উচিত।
শেয়ার করুন

ইরানের উপকূলঘেঁষা হরমুজ প্রণালিতে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দ্বিতীয় একটি জাহাজে আগুন লেগেছে। এর ফলে ক্ষতিগ্রস্ত জাহাজটির নাবিকদের সরিয়ে নেওয়া হচ্ছে বলে বুধবার (১১ মার্চ) জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। খবর গার্ডিয়ানের।
সংস্থাটি জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হেনেছে। এর ফলে জাহাজটিতে আগুন ধরে গেছে।
জাহাজটি সহায়তা চেয়েছে এবং নাবিকদের জাহাজ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।
এর আগে আজ বুধবারই সংস্থাটি আরেকটি হামলার কথা জানায়, যেখানে রাস আল খাইমাহ আমিরাতের উত্তর-পশ্চিমে প্রায় ২৫ নটিক্যাল মাইল (২৯ মাইল) দূরে একটি কনটেইনার জাহাজে আঘাত হানা হয়।
ওই কনটেইনার জাহাজের ক্যাপ্টেন জানিয়েছেন, অজ্ঞাত কিন্তু সন্দেহভাজন একটি প্রজেক্টাইলের আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, তবে জাহাজের সব নাবিক নিরাপদে আছেন বলে জানানো হয়েছে।
বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক সংকীর্ণ পথগুলোর একটি হরমুজ প্রণালি দিয়ে সাধারণত প্রতিদিন প্রায় ১০০টি জাহাজ উপসাগরে প্রবেশ বা সেখান থেকে বের হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান কার্যত প্রণালিটি বন্ধ করে দিয়েছে এবং সংকটের প্রথম দিকেই এই পথ অতিক্রমের চেষ্টা করা অন্তত ১০টি জাহাজে হামলা হয়েছে।
শেয়ার করুন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হামলায় আহত হলেও বর্তমানে ‘নিরাপদ ও সুস্থ’ আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের ছেলে ও সরকার–ঘনিষ্ঠ উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান। খবর গার্ডিয়ানের।
বুধবার (১১ মার্চ) নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, ‘মোজতবা খামেনি আহত হয়েছেন—এমন খবর আমি শুনেছি। আমি এ বিষয়ে কিছু পরিচিতজনের কাছে খোঁজ নিয়েছিলাম। তারা আমাকে বলেছেন, আল্লাহর রহমতে তিনি নিরাপদ ও সুস্থ আছেন।’
এর আগে রাষ্ট্রীয় টেলিভিশন ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে ‘রমজান যুদ্ধে আহত প্রবীণ’ বলে উল্লেখ করা হয়। তবে তিনি কী ধরনের আঘাত পেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনেই মোজতবা খামেনি আহত হয়েছিলেন। নাম প্রকাশ না করার শর্তে কথা বলা তিনজন ইরানি ও দুজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
ইউসুফ পেজেশকিয়ানের মন্তব্যটি এমন সময়ে এল, যখন বিষয়টি নিয়ে মোজতবা খামেনির স্বাস্থ্য ও অবস্থান নিয়ে নানান জল্পনা-কল্পনার তৈরি হয়েছে। সম্প্রতি তাঁর বাবা আলী খামেনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি এখনো জনসমক্ষে উপস্থিত হননি।
শেয়ার করুন

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানিয়েছেন, ইরানের নারী ফুটবল দলের আরও দুই সদস্য অস্ট্রেলিয়ায় আশ্রয় চেয়েছেন। এর আগে দলের পাঁচ সদস্যকে মানবিক ভিসা দেওয়া হয়েছিল।
অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপের ম্যাচে জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানোর পর ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন দলটিকে ‘যুদ্ধকালীন বিশ্বাসঘাতক’ আখ্যা দেয়। এতে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালানোয় দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি নিহত হন। ঠিক সেই সময় নারী এশিয়ান কাপে অভিযাত্রা শুরু করে ইরান। অবশ্য গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলোতে হেরে গত রোববারই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইরান।
তবে ইরানের প্রসিকিউটর জেনারেল ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, দেশে ফিরলে খেলোয়াড়দের ভয় পাওয়ার কিছু নেই।
শেয়ার করুন
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুব আল খালি মরুভূমির আকাশে পাঁচটি ড্রোন ভূপাতিত করা হয়েছে, যেগুলো শায়বা তেলক্ষেত্রের দিকে যাচ্ছিল।
সৌদি আরামকোর তথ্যমতে, এই তেলক্ষেত্র প্রতিদিন ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করতে সক্ষম।
পূর্বাঞ্চলেও দুই দফা ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।
শেয়ার করুন
আইআরজিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
এর মধ্যে দুটি কুয়েতের ক্যাম্প আরিফজান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
শেয়ার করুন
তেহরানে একটি ব্যাংক ভবনে ইসরায়েলি বিমান হামলায় একজন কর্মী নিহত হয়েছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, এর আগে শহরের কেন্দ্রস্থলে একটি আবাসিক এলাকায় শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া যায়।
শেয়ার করুন
ইরানের সামরিক বাহিনী একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় ভারী বহু-ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে।
তাদের দাবি, এসব ক্ষেপণাস্ত্র ইরাক, বাহরাইন ও ইসরায়েল লক্ষ্য করে ছোড়া হয়েছে।
আল জাজিরা বলছে, ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দৃশ্য দেখা গেছে, তবে তেল আবিবে আঘাত হানার খবরও পাওয়া গেছে।
শেয়ার করুন
গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হুমকি দিয়ে বলেছিলেন, ‘আজকের (মঙ্গলবার) দিনটি হবে ইরানে আমাদের এখন পর্যন্ত সবচেয়ে তীব্র হামলার দিন। আজ সবচেয়ে বেশি যুদ্ধবিমান ও বোমারু বিমান নিয়ে সবচেয়ে বেশি হামলা করা হবে।’
তবে তেহরান থেকে আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার ভোর ৪টা পর্যন্ত তেমন কিছু দেখা যায়নি। রাতে কিছু হামলা হয়েছে, তবে আগের দিনের তুলনায় তা কম।
প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান ও আশপাশে কয়েকটি বিস্ফোরণ হয়েছে। দক্ষিণের কেরমান, শিরাজ, কারাজ ও ইসফাহানেও হামলার খবর পাওয়া গেছে। শিরাজে তিনজন নিহত হয়েছেন। তবে হুমকির মতো তীব্র হামলা হয়নি।
শেয়ার করুন
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা অবিলম্বে বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল-খুলাইফি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কাতার রাষ্ট্রের ওপর অন্যায় ও ন্যক্কারজনক হামলাকে আমরা কঠোর ভাষায় নিন্দা জানাই, যা সরাসরি আমাদের সার্বভৌমত্বে আঘাত করেছে।’
সাম্প্রতিক দিনগুলোতে শুধু সামরিক স্থাপনা নয়, বেসামরিক অবকাঠামোর ওপর হামলাও হচ্ছে অভিযোগ করে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী প্রতিটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে পেরেছে—এ নিয়ে আমরা গর্বিত। নাগরিক ও বাসিন্দাদের দৃঢ়তাও প্রশংসনীয়।’
সবপক্ষকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়ে আল-খুলাইফি বলেন, স্থায়ী সমাধানের একমাত্র পথ হচ্ছে আবার আলোচনার টেবিলে ফিরে যাওয়া।
তিনি বলেন, ‘আঞ্চলিক দেশগুলো ইরানের শত্রু নয়—এ বিষয়টি তেহরানের বোঝা উচিৎ।’
কাতার সংঘাত প্রশমনের আহ্বান জানিয়ে যাবে এবং রাজনৈতিক সমাধানের পক্ষে থাকবে বলেও তিনি জানান।
গালফে ইরানের হামলা ঐতিহাসিক সম্পর্কের ক্ষতি করছে উল্লেখ করে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গালফ অঞ্চলে ইরানের হামলা দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কের ক্ষতি করছে।
তিনি জানান, ইরানি কর্মকর্তাদের সঙ্গে ফোনালাপে কাতার এসব হামলার নিন্দা জানিয়েছে।
তার ভাষায়, আঞ্চলিক দেশগুলো ইরানের শত্রু নয়, কিন্তু ইরান বারবার ক্ষেপণাস্ত্র ছুড়ে ও হামলা চালিয়ে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করছে।
শান্তির পথে ফিরতে যুক্তরাষ্ট্রকেও আহ্বান জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দোহা ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং যুক্তরাষ্ট্রসহ সব পক্ষকে শান্তির পথে ফিরে গিয়ে আলোচনার টেবিলে বসার আহ্বান জানাচ্ছে।
জিসিসি অঞ্চলের নিরাপত্তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার বিষয় উল্লেখ করে তিনি বলেন, এই যুদ্ধের প্রভাব বৈশ্বিক বাজারেও পড়ছে এবং এ কারণে বিশ্বের দেশগুলোর সম্পৃক্ততা প্রয়োজন।
শেয়ার করুন
ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ৩৭তম দফা হামলা চালিয়েছে।
ফার্স নিউজ এজেন্সিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তিন ঘণ্টার বেশি সময় ধরে বহুস্তরীয় আক্রমণে ‘অত্যন্ত ভারী খোরামশাহর ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করা হয়েছে।
তাদের দাবি, তেল আবিবের দক্ষিণে হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র দ্বিতীয়বারের মতো লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া বেয়ার ইয়াকুব, পশ্চিম জেরুজালেম ও হাইফার সামরিক স্থাপনাও লক্ষ্য করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরাকের এরবিলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং বাহরাইনের মানামায় যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও হামলা হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ‘নির্দিষ্ট ও শক্তিশালী হামলা’ অব্যাহত থাকবে। তাদের ভাষায়, ‘এই যুদ্ধে আমরা শুধু শত্রুর সম্পূর্ণ আত্মসমর্পণের কথাই ভাবছি।’
শেয়ার করুন
গত রোববার ইরানের ইস্পাহান শহরে স্থানীয় একটি সরকারি ভবন লক্ষ্য করে চালানো হামলায় রুশ কনস্যুলেট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, সব পক্ষের উচিত ‘কূটনৈতিক স্থাপনার অখণ্ডতা’ বজায় রাখা। তিনি রুশ কূটনৈতিক মিশনের ক্ষয়ক্ষতিকে আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেন।
রাশিয়ার এই কূটনীতিক জানান, অফিস ভবন ও আবাসিক অ্যাপার্টমেন্টগুলোর জানালার কাচ ভেঙে গেছে এবং বিস্ফোরণের ঢেউয়ে কয়েকজন কর্মী ছিটকে পড়েন। তবে সৌভাগ্যবশত কেউ নিহত বা গুরুতর আহত হননি।
শেয়ার করুন
লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের টাইর জেলার কানা এলাকায় ধারাবাহিক ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত হয়েছেন।
সীমান্ত এলাকায় এসব হামলায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
লেবাননের কর্মকর্তাদের তথ্যমতে, গত সোমবার থেকে লেবাননে ইসরায়েলের নতুন করে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৭০ জন নিহত হয়েছেন।
শেয়ার করুন
সৌদি আরবের নিরাপত্তা বাহিনী আল-খারজ গভর্নরেটের কার্যালয়ের পূর্বপাশে আরও পাঁচটি ড্রোন ভূপাতিত করেছে। বুধবার সকালে দেশটিতে একের পর এক হামলার ঢেউয়ের মধ্যে এ ঘটনা ঘটে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এর আগে সকালে অন্তত দুটি ড্রোন ও ছয়টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।
শেয়ার করুন
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে শুরু হওয়া ইরান যুদ্ধ ১২তম দিনে গড়িয়েছে। টানা বিমান হামলা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও পাল্টা আক্রমণে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। সংঘাতের ফলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব রাজনীতি ও জ্বালানি বাজারেও বড় প্রভাব পড়তে শুরু করেছে। ইরান বলছে, যুদ্ধ শুরুর ১১ দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী দেশটির প্রায় ১০ হাজার বেসামরিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে এবং এতে ১ হাজার ৩০০–এরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও শীর্ষ নেতাদের টার্গেট করে হামলা চালায়। হামলায় দেশটিরর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ৪৬ জন শীর্ষ নেতা মারা যান। এছাড়া প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলায় ১৬৫ জনের মৃত্যু ঘটে।
এই হামলার জবাবে ইরান শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে পাল্টা আক্রমণ চালায়। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা। ফলে পুরো অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট জানান, এই যুদ্ধ ‘শিগগির’ শেষ হবে। তবে তাঁর এই বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) জানায়, ট্রাম্প নন, যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে চলা যুদ্ধের ‘সমাপ্তি নির্ধারণ’ করবে ইরান।
এদিন আইআরজিসি আরেকটি হুমকি দেয়। ইরানের ওপর হামলা বন্ধ না হলে তেল সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় ইরানের বিপ্লবী গার্ডস। তারা জানায়, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো তেলের ট্যাংকার এই পথ দিয়ে চলাচলের চেষ্টা করলে সেটিতে তাঁরা হামলা চালাবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পাল্টা হুমকি দেন, তাঁর প্রশাসন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিটি নিজেদের দখলে নেওয়ার ‘চিন্তাভাবনা’ করছে।
এদিকে এদিন ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা তেহরানে ‘বড় আকারের হামলার ঢেউ’ শুরু করেছে। একই সময় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব ও জেরুজালেমে আঘাত হানার খবর পাওয়া গেছে।
আর ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫৭০ ছাড়িয়েছে এবং অন্তত ৭ লাখ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
ইরানের পাল্টা হামলাও অব্যাহত রয়েছে। সাম্প্রতিক কয়েক ঘণ্টায় বাহরাইন, ইরাক, কুয়েত, কাতার, আরব আমিরাত এবং সৌদি আরব ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে।
গতকাল ইসরায়েল সরকার জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধের ব্যয় মেটাতে প্রতিরক্ষা বাজেট ১৩ বিলিয়ন ডলার বাড়ানো হচ্ছে। দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিক একে ‘খরচ নয়, বিনিয়োগ’ হিসেবে আখ্যা দিয়েছেন।
শেয়ার করুন