সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২

২৩: ১৩

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২

সৌদি আরবের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি এবং অন্যজন ভারতীয় নাগরিক। এই হামলাটি কোন পক্ষ থেকে চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গত রোববার (৮ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, এই হামলায় আরও ১২ জন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় সংস্থাটি জানায়, ‘প্রজেক্টাইল’ বা ক্ষেপণাস্ত্রটি রিয়াদ প্রদেশের আল-খারজ প্রশাসনিক এলাকার একটি আবাসিক কম্পাউন্ডে আঘাত হানে। আল-খারজ রিয়াদ থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

শেয়ার করুন

২৩: ০৩

রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী: আব্বাস আরাগচি

রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী: আব্বাস আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরান ও মস্কোর মধ্যে সামরিক সহযোগিতা চলমান এবং এটি কোনো নতুন বিষয় নয়। দুই দেশের মধ্যে একটি দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারত্ব রয়েছে এবং এই সম্পর্ক অত্যন্ত শক্তিশালী।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। রাশিয়ার কাছ থেকে ইরান বর্তমানে কোনো সামরিক সাহায্য পাচ্ছে কি না—জানতে চাইলে তিনি বলেন, “দুই দেশ বহু বছর ধরে শক্তিশালী সামরিক সম্পর্ক বজায় রেখেছে। আমাদের কৌশলগত অংশীদারত্ব কোনো গোপন বিষয় নয়। এটি অতীতে ছিল, বর্তমানেও রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

রাশিয়া ইরানকে মার্কিন লক্ষ্যবস্তু শনাক্ত করতে কোনো গোপন সহায়তা দিচ্ছে কি না—এমন এক প্রশ্নের উত্তরে আব্বাস আরাগচি বলেন, এ বিষয়ে তাঁর কাছে বিস্তারিত কোনো সামরিক তথ্য নেই।

সূত্র: আল জাজিরা।

শেয়ার করুন

২২: ১৯

যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের পরবর্তী নেতা টিকবেন না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের পরবর্তী নেতা টিকবেন না: ট্রাম্প

ইরান তাঁদের নতুন সর্বোচ্চ নেতা ঘোষণার প্রস্তুতি নিচ্ছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “নতুন নেতাকে আমাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে। হোয়াইট হাউসের অনুমোদন না থাকলে ইরানের পরবর্তী নেতা বেশিদিন টিকতে পারবেন না।” খবর: আল-জাজিরা।

রোববার (৮ মার্চ) এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ট্রাম্প আরও বলেন, “আমরা নিশ্চিত হতে চাই যে প্রতি ১০ বছর পরপর আমাদের আবার এই যুদ্ধ পরিস্থিতিতে ফিরতে না হয়।”

শেয়ার করুন

২২: ০৯

একদিনে যুক্তরাষ্ট্রের আরও ৪ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংসের দাবি তেহরানের

একদিনে যুক্তরাষ্ট্রের আরও ৪ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংসের দাবি তেহরানের

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের আরও চারটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে তেহরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তাঁরা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত চারটি রাডার ধ্বংস করেছেন। আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।

আইআরজিসির উদ্ধৃতি দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, ‘প্রিসিশন ক্ষেপণাস্ত্র’ দিয়ে এসব রাডারে হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, ‘টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স’ বা ‘থাড’ (THAAD) হলো যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা। এটি মূলত ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত এবং মাঝপথে তা ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে।

শেয়ার করুন

২১: ৪৫

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যেই ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। রোববার (৮ মার্চ) গাজা শহরে একটি গাড়ি লক্ষ্য করে এই হামলায় তিনজন নিহত হয়েছেন।

ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি রেখার হামাস নিয়ন্ত্রিত অংশে এই বিমান হামলা করেছে ইসরায়েল। যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এছাড়া ইসরায়েল দক্ষিণ লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবির আইন আল-হিলওয়েতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম।

লেবাননের রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, শত্রুপক্ষের যুদ্ধবিমান সিদন শহরের আইন আল-হিলওয়ে শিবিরে বোমা ফেলেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

শেয়ার করুন

২১: ২২

ইসরায়েলে আবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে ছোঁড়া নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। আগামী কয়েক মিনিটের মধ্যে ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বাজবে।

এর ৬ ঘন্টা আগেও ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। হামলায় ইসরায়েলের ৬ জন আহত হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শেয়ার করুন

২০: ৫৯

ইরানের বেসামরিক নাগরিকদের ঘরে থাকার আহ্বান মার্কিন সেনাবাহিনীর

ইরানের বেসামরিক নাগরিকদের ঘরে থাকার আহ্বান মার্কিন সেনাবাহিনীর

ইরানের বেসামরিক নাগরিকদের ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইরানি বাহিনী জনবহুল এলাকা থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে সেন্টকম জানায়, “এই বিপজ্জনক সিদ্ধান্ত ইরানের সব বেসামরিক মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে। সামরিক কাজে ব্যবহৃত স্থানগুলো আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত থাকার মর্যাদা হারায় এবং তা বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।”

সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, “ইরানের সরকার উপসাগরীয় অংশীদারদের ওপর হামলা চালিয়ে এবং নিজেদের জনগণের নিরাপত্তা বিপন্ন করে বেসামরিক জীবনের প্রতি প্রকাশ্য অবহেলা দেখাচ্ছে।”

এর আগে ইসরায়েলও একই ধরনের বিবৃতি দিয়েছিল। গাজা যুদ্ধের সময় তারা অভিযোগ করেছিল যে হামাস যোদ্ধারা হামলা চালানোর জন্য বেসামরিক এলাকা ব্যবহার করছে।

শেয়ার করুন

২০: ৪৯

মধ্যপ্রাচ্যে আগামী সপ্তাহে কাজ শুরু করবেন ইউক্রেনের ড্রোন বিশেষজ্ঞরা: জেলেনস্কি

মধ্যপ্রাচ্যে আগামী সপ্তাহে কাজ শুরু করবেন ইউক্রেনের ড্রোন বিশেষজ্ঞরা: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভের ড্রোন বিশেষজ্ঞরা আগামী সপ্তাহ থেকেই মধ্যপ্রাচ্যে কাজ শুরু করবেন। ‘দ্য টাইমস অব ইসরায়েল’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এক সংবাদ সম্মেলনে ইরানের ড্রোন হামলা প্রতিহত করার ক্ষেত্রে ইউক্রেন কীভাবে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোকে সহায়তা করতে পারবে—এমন এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য দেন। জেলেনস্কি বলেন, “আমি মনে করি আগামী সপ্তাহে ড্রোন বিশেষজ্ঞরা মধ্যপ্রাচ্যে থাকবেন। তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং সহায়তা করবেন।”

শেয়ার করুন

২০: ১০

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দুই সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

নিহতদের একজন হলেন সার্জেন্ট ফার্স্ট ক্লাস মাহের খাতার (৩৮)। তিনি ৯১তম গ্যালিলি আঞ্চলিক ডিভিশনের কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটের সদস্য এবং মাজদাল শামস এলাকার বাসিন্দা। নিহত আরেক সেনার নাম পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, দক্ষিণ লেবাননে অভিযান চলাকালে একটি পুমা সাঁজোয়া যান আটকে পড়লে উদ্ধারের জন্য আইডিএফ আরেকটি পুমা সাঁজোয়া যান এবং দুটি ডি৯ সাঁজোয়া বুলডোজার পাঠায়। পরে সেখানে অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র চালায় হিযবুল্লাহ। হামলায় পুমা দুই সেনা নিহত হন ও এক সেনা আহত হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গত সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হওয়ার পর এই প্রথম তাদের সেনাদের প্রাণহানির ঘটনা

সুত্র: দ্য টাইমস অব ইসরায়েল

শেয়ার করুন

২০: ০৮

ইরানের হামলায় ইসরায়েলে আহত ৬, একজনের অবস্থা আশঙ্কাজনক

ইসরায়েলে বিভিন্ন শহর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান ও লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহ। এর কিছুক্ষণ পর ইসরায়েলের সামরিকবাহিনীও হামলার বিষয়টি স্বীকার করে। ইসরায়েলের উদ্ধারকারীরা জানান, তাঁরা তিনজন ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করেছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

উদ্ধারকারীরা জানায়, আহতদের মধ্যে ৪০ বছর বয়সী এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। অন্য পাঁচজন সামান্য আঘাত পেয়েছেন।

এই ঘটনার স্থান এবং বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে আর অতিরিক্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে উদ্ধারকারীরা জানিয়েছেন, শার্পনেলের (বোমা, শেল, মাইন বা গ্রেনেড বিস্ফোরণের ফলে তীব্র গতিতে ছড়িয়ে পড়া ধাতব টুকরো) আঘাতে তাঁরা আহত হয়েছেন।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

শেয়ার করুন

১৮: ৫৯

ইরান-লেবানন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, শনাক্তের কথা জানালো ইসরায়েল

প্রায় ছয়খানেক ঘণ্টার বিরতির পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করেছে তারা। এই পরিপ্রেক্ষিতে মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হবে।

এদিকে, লেবানন থেকেও রকেট হামলা করা হয়েছে। রকেট হামলার পর দেশটির উত্তরের কারমিয়েল শহর ও আশেপাশের এলাকায় সাইরেন বেজে ওঠে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট নিক্ষেপ উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে।

সূত্র: দ্য টাইম অব ইসরায়েল

শেয়ার করুন

১৭: ৫৯

ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপল তেল আবিব, ক্ষতিগ্রস্ত জর্ডানের মার্কিন বিমানঘাঁটি

ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপল তেল আবিব, ক্ষতিগ্রস্ত জর্ডানের মার্কিন বিমানঘাঁটি

ইসরায়েলের বিভিন্ন শহর এবং জর্ডানে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) বিবৃতিতে এই দাবি করেছে।

বিবৃতিতে বলা হয়, ইরান রোববার ইসরায়েলের তেল আবিব ও বিরশেবা শহরের সামরিক লক্ষ্যবস্তু নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ ছাড়া জর্ডানের আজরাক শহরের মুওয়াফ্ফাক আল-সালতি বিমানঘাঁটিতে বেশ কয়েকবার হামলা চালানো হয়েছে। এটি মার্কিন যুদ্ধবিমানের ‘বৃহত্তম এবং সবচেয়ে সক্রিয় আক্রমণাত্মক ঘাঁটি’ বলে পরিচিত। সামনে হামলা আরও বৃদ্ধি পাবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন

১৭: ৩০

ইরানের হামলায় হাসপাতালে ১৯২৯ ইসরায়েলি

ইরানের হামলায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের ১৫৭ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (৮ মার্চ) ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এ নিয়ে ইরানের হামলায় এ পর্যন্ত ইসরায়েলের ১ হাজার ৯২৯ নাগরিককে হাসপাতালে ভর্তি হতে হলো। ভর্তিদের বেশির ভাগ হামলা থেকে বাঁচতে শেল্টারে যাওয়ার সময় আহত হয়েছেন বলে দাবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের

সূত্র: বিবিসি

শেয়ার করুন

১৭: ০১

কুয়েত বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে ইরানের ড্রোন হামলা

কুয়েত বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে ইরানের ড্রোন হামলা

কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমানবন্দরের জ্বালানি ট্যাংকগুলো রোববার সকালে ড্রোন হামলা করা হয়েছে। তবে দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই ড্রোন হামলা চালিয়েছে ইরান।

সেনাবাহিনীর এক্স হ্যান্ডেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকগুলো ড্রোনের হামলার মুখে পড়েছে, যা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর সরাসরি হামলা।

সূত্র: আনাদুলু এজেন্সি

শেয়ার করুন

১৬: ৩৩

হামলার পর তেহরানে এসিড বৃষ্টির সতর্কতা রেড ক্রিসেন্টের

তেল স্থাপনায় ইসরায়েলি বিমান হামলার পর এসিড বৃষ্টি হতে পারে বলে বেসামরিক নাগরিকদের সতর্ক করেছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটি জানায়, এমন বৃষ্টি ত্বকে রাসায়নিক পোড়ার ক্ষত এবং ফুসফুসের ক্ষতিগ্রস্ত করতে পারে।

টেলিগ্রাম পোস্টে দেশটির নাগরিকদের কিছু নিকনির্দশনা দেয় রেড ক্রিসেন্ট। এগুলো হলো– বৃষ্টি হলে কোনো অবস্থাতেই বাড়ির বাইরে বের না হওয়া; বাইরে থাকলে কংক্রিট অথবা ধাতব ছাদের নিচে আশ্রয় নেওয়া এবং কোনোভাবেই গাছের নিচে আশ্রয় না নেওয়া।

বৃষ্টির পানি ত্বকে লাগলে না মুছে দ্রুত ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলা; ভিজে যাওয়া কাপড় সঙ্গে সঙ্গে বদলে ফেলা ও সেগুলো একটি সিল করা ব্যাগে রেখে দিতে বলেছে সংস্থাটি।

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন

১৬: ১২

ইসরায়েলি হামলায় তেহরানে ‘আগুনের নদী’

ইসরায়েলি হামলায় তেহরানে ‘আগুনের নদী’

ইরানের রাজধানী তেহরানের একাধিক জ্বালানি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ডিপো থেকে বিভিন্ন জায়গা ছিটকে পড়া তেলেও আগুনের লেলিহান শিখা দেখা গেছে। তেহরানের রাস্তাগুলোর পাশে কথিত ‘আগুনের নদী’ তৈরি হয়েছে।

এক্স হ্যান্ডেলে তেহরানের এক বাসিন্দার পোস্ট করা ভিডিওর বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, নগরীর একটি সড়ক বরাবর টানা আগুন জ্বলতে দেখা গেছে।

এর আগে ইরানের জ্বালানিমন্ত্রী জানান, তেহরানের পশ্চিমে আলবোর্জ প্রদেশের কারাজ শহরসহ তিনটি এলাকায় রাতে জ্বালানি ডিপোগুলোতে হামলা চালানো হয়েছে। এসব হামলায় অন্তত চারজন ট্যাঙ্কার লরি চালক নিহত হয়েছেন।

শেয়ার করুন

১৩: ৩৭

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনে ঐকমত্যের আভাস

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরির বিষয়ে ঐকমত্যের আভাস পাওয়া গেছে। দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে থাকা অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য আয়াতুল্লাহ মোহাম্মদ-মাহদি মিরবাঘেরি এমন তথ্য দিয়েছেন।

ফার্স নিউজ এজেন্সির টেলিগ্রামে দেওয়া একটি ভিডিও পোস্টে মিরবাঘেরি বলেন, নেতৃত্ব নির্ধারণের জন্য ব্যাপক চেষ্টা চালানো হয়েছে এবং একটি ‘চূড়ান্ত ও সর্বসম্মত সিদ্ধান্তে’ পৌঁছানো গেছে।

এর আগে ফার্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাসেম্বলি অব এক্সপার্টসের জানজান প্রদেশের প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম জাফারি বলেন, তিনি আশা করেন, ‘খুব শিগগির ইরানের সব মানুষ (এই সিদ্ধান্তে) সন্তুষ্ট হবেন।’

ইরানের সংবিধান অনুযায়ী, বর্তমানে ৮৮ সদস্যের এই বিশেষজ্ঞ পরিষদের ওপরই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব ন্যস্ত। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে মার্কিন হামলায় নিহত হওয়ার আগে খামেনি প্রায় ৩৭ বছর ধরে ইরান শাসন করেছেন।

শেয়ার করুন

১৩: ০৫

ইরানের স্কুলে হামলা যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত চায় এইচআরডব্লিউ

ইরানের স্কুলে হামলা যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত চায় এইচআরডব্লিউ

ইরানে মেয়েদের স্কুলে হামলার ঘটনা যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত হওয়া উচিত বলে মনে করে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ ইরানে এক প্রাথমিক বিদ্যালয়ে হামলায় কমপক্ষে ১৬০ জন নিহত হয়েছেন, যার মধ্যে অনেকেই স্কুলছাত্রী, এবং এই হামলার ঘটনাটি যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করা উচিত।

এইচআরডব্লিউ-এর ডিজিটাল ইনভেস্টিগেশনস ল্যাবের ওপেন সোর্স গবেষক সোফিয়া জোন্স বলেছেন, ‘অবৈধ হামলার জন্য দায়ীদের জবাবদিহি করতে হবে, যার মধ্যে যুদ্ধাপরাধের জন্য যেকোনো ব্যক্তিকে বিচার করা অন্তর্ভুক্ত।’

জোন্স আরও বলেন, ‘এই হামলার একটি দ্রুত ও সুষ্ঠু তদন্ত প্রয়োজন, যাতে জানা যায় হামলার জন্য দায়ীরা কি জানতেন যে সেখানে একটি স্কুল আছে এবং দুপুরের আগেই শিশু ও শিক্ষকেরা সেখানে উপস্থিত থাকবেন।’

এই হামলা ছিল ফেব্রুয়ারি ২৮ তারিখে শুরু হওয়া অভিযানকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর দ্বারা ইরানের বিভিন্ন স্থানে করা শত শত হামলার মধ্যে একটি।

আল জাজিরার অনুসন্ধান অনুযায়ী, স্কুলটিকে লক্ষ্যবস্তু করা সম্ভবত ‘সচেতনভাবে’ করা হয়েছে এবং দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হামলাটি সম্ভবত যুক্তরাষ্ট্র দ্বারা পরিচালিত হয়েছে।

শেয়ার করুন

১২: ৫৮

কুয়েতের দুই সীমান্ত নিরাপত্তা সদস্য নিহত

ইরান দেশটির দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখার মধ্যে কুয়েতে দায়িত্ব পালনরত অবস্থায় দুই সীমান্ত নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কুয়েত নিউজ এজেন্সির বরাত দিয়ে বলা হয়েছে, আজ ‘ভোরে’ ওই দুজন নিহত হন। তবে কী পরিস্থিতিতে এবং ঠিক কোথায় তাঁদের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

মন্ত্রণালয় নিহত দুজনের নাম জানিয়েছে—ওয়ারেন্ট অফিসার আবদুল্লাহ ইমাদ আল-শাররাহ এবং মেজর ফাহদ আবদুলআজিজ আল-মাজমায়েদ। তাঁদের মৃত্যুর ঘটনায় ‘গভীর শোক ও দুঃখ’ প্রকাশ করেছে মন্ত্রণালয়।

শেয়ার করুন

১২: ৪৪

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দে বিশেষ বাহিনী পাঠানোর চিন্তা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত জব্দ করতে বিশেষ বাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস সংশ্লিষ্ট চারটি সূত্রের বরাতে এমন প্রতিবেদন করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের অন্যতম লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না দেওয়া। সেই লক্ষ্য পূরণে ইরানের হাতে থাকা ৬০ শতাংশ সমৃদ্ধ ৪৫০ কেজি ইউরেনিয়াম জব্দ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অ্যাক্সিওস জানিয়েছে, অভিযানটি যুদ্ধের ‘শেষের দিকে’ পরিচালিত হতে পারে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিশ্চিত হবে যে ইরানের সামরিক বাহিনী আর বড় কোনো প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতা রাখে না।

অবশ্য গত বছরের জুনে ইরানের পরমাণু স্থাপনা এবং অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর দেশটিতে থাকা ইউরেনিয়াম মজুতের সবশেষ অবস্থা এখনও অস্পষ্ট। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, হামলা হওয়া পরমাণু স্থাপনাগুলোতে পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেয়নি ইরান। সংস্থাটি আরও জানিয়েছে, তাদের পরিদর্শকরা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সমন্বিত কর্মসূচির প্রমাণ খুঁজে পায়নি।

শেয়ার করুন

১১: ৩২

ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও ‘কিছুটা সময়’ চলবে এবং এটি মার্কিন সামরিক বাহিনীর জন্য ‘অবিশ্বাস্যরকম ভালো’ যাচ্ছে।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের নৌবাহিনীর ৪৪টি জাহাজ ধ্বংস করেছে এবং তাদের বিমানবাহিনী ও অধিকাংশ ক্ষেপণাস্ত্র সক্ষমতা নষ্ট করেছে। ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে তিনি জানান।

এসময় তিনি বলেন, ‘আমরা তাদের অধিকাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছি। দেখছেন তো, এখন আর তেমন ক্ষেপণাস্ত্র আসছে না। যেখানে তারা ক্ষেপণাস্ত্র তৈরি করে, সেই উৎপাদন কেন্দ্রগুলোতেও আমরা কঠোরভাবে আঘাত করেছি। তাদের ড্রোন সক্ষমতাও অনেক কমে গেছে।’

ট্রাম্প আরও বলেন, ‘আমরা তাদের এমন জায়গায় আঘাত করেছি, যেখানে সবচেয়ে বেশি ব্যথা লাগে—তাদের প্রায় সব ধরনের নেতৃত্বের ওপরই আঘাত হেনেছি।’

যুদ্ধ আর কত দিন চলতে পারে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘যত দিন প্রয়োজন।’

শেয়ার করুন

১১: ২৭

রিয়াদের কূটনৈতিক এলাকায় হামলা ঠেকানোর দাবি সৌদি আরবের

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় ড্রোন হামলার চেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বা স্থাপনার ক্ষতি হয়নি।

এর আগে সৌদি আকাশসীমায় প্রবেশ করা অন্তত ১৫টি ড্রোন ভূপাতিত করার কথাও জানানো হয়েছিল।

শেয়ার করুন

১১: ২৫

কুয়েতের সামাজিক নিরাপত্তা দপ্তরে হামলা

ড্রোন হামলার পর ধ্বংসাবশেষ পড়ে কুয়েতের সামাজিক নিরাপত্তার জন্য সরকারি একটি প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এতে বেসামরিক ভবনটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটিতে একাধিক আকাশ হামলার মোকাবিলা করা হচ্ছে এবং বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ফুটেজে দেখা গেছে যে ওই টাওয়ারটিতে বড় ধরনের আগুন লেগেছে।

শেয়ার করুন

১০: ৫১

ইরাকের সুলাইমানিয়ায় ড্রোন ভূপাতিত

ইরাকের কুর্দিস্তানভিত্তিক নিউজ আউটলেট রুদাও নিউজ জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলের সুলাইমানিয়ায় কুর্দি পেশমার্গা বাহিনী একটি ড্রোন ভূপাতিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে আকাশে লক্ষ্যবস্তুতে গুলি চালানোর পর আগুন ও ধোঁয়া দেখা যায়। এর আগে দেশটির এরবিল শহরের কাছেও বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং সেখানে যুক্তরাষ্ট্রের বাহিনী একটি ড্রোন প্রতিহত করে।

শেয়ার করুন

১০: ৪৬

যুক্তরাষ্ট্রে পৌঁছেছে নিহত সেনাদের মরদেহ, গ্রহণ অনুষ্ঠানে ট্রাম্প

যুক্তরাষ্ট্রে পৌঁছেছে নিহত সেনাদের মরদেহ, গ্রহণ অনুষ্ঠানে ট্রাম্প

কুয়েতে ইরানের ড্রোন হামলায় নিহত ছয় মার্কিন সেনা সদস্যের মরদেহ যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। তাঁদের মরদেহ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তাদের মৃত্যুকে আমেরিকানদের জন্য ‘অত্যন্ত দুঃখজনক একটি দিন’ বলে উল্লেখ করেছেন।

যুক্তরাষ্ট্রে এই আনুষ্ঠানিকতাকে বলা হয় ‘ডিগনিফায়েড ট্রান্সফার’—যা অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গম্ভীর একটি অনুষ্ঠান। যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের সংঘাতের দ্বিতীয় দিনে কুয়েতে নিহত ওই ছয় সেনাসদস্যের জন্য এ আয়োজন করা হয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার পর এই প্রথমবার মার্কিন জনগণ টেলিভিশনের পর্দায় এ ধরনের অনুষ্ঠান দেখতে পেল। এখন প্রশ্ন উঠছে, যুদ্ধের মানবিক মূল্য মানুষ যখন চোখের সামনে দেখতে শুরু করবে, তখন অন্তত যারা এই সংঘাতকে সমর্থন করছিলেন, তারা সেই সমর্থন অব্যাহত রাখবেন কি না।

অবশ্য সাম্প্রতিক জরিপের ফলাফল ধারাবাহিকভাবে দেখাচ্ছে, অধিকাংশ মার্কিন নাগরিক এই যুদ্ধের বিরোধিতা করছেন। মাত্র প্রায় ৩০ শতাংশ মানুষ এ যুদ্ধকে সমর্থন করছেন।

শেয়ার করুন

১০: ৪১

অসলোতে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণ

নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসের কাছে একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, দূতাবাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

১০: ৪১

কুয়েত বিমানবন্দরে জ্বালানি ট্যাংকে ড্রোন হামলা

কুয়েত সরকার জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে ড্রোন হামলা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শেয়ার করুন

১০: ৩৮

ইসরায়েলে আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

আজ রোববার (৮ মার্চ) ভোরের দিকে ইসরায়েলের দিকে ইরান থেকে আরও কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

তবে এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে বলেও উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

১০: ৩৫

তেহরানের তেল শোধনাগারে হামলা, ইসরায়েলের ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’

তেহরানের একটি তেল শোধনাগারে ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে। তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, আজ রোববার (৮ মার্চ) ভোরে তেহরানের একটি তেল শোধনাগারে হামলার খবর পাওয়া গেছে।

আল জাজিরার প্রতিবেদক এই হামলাকে ইরানিদের ভয় দেখানোর এক ধরনের ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ উল্লেখ করে বলেছেন, এটি ইরানিদের বিরুদ্ধে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ, যাতে তাদের ভয় দেখানো যায় এবং তাদের বিশ্বাস করানো যায় যে ,এটি সত্যিই তাদের জন্য শেষ হতে চলেছে। ইয়েমেনেও এমন কৌশল নিয়েছিল ইসরায়েল, সেখানকার প্রধান তেল ডিপোগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।

তিনি বলেন, ইসরায়েলিরা সম্ভবত ইরানে জ্বালানি সংকটের পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা করছে এবং ইরানিরা এটিকে আগ্রাসন এবং সন্ত্রাসবাদের কাজ হিসেবে বিবেচনা করবে।

প্রতিবেদনে বলা হয়েছে, এটা ঠিক যে এই হামলা ইরানিদের ক্ষতি করবে। কারণ এই শোধনাগারগুলো থেকেই তেহরান এবং অন্যান্য অঞ্চলে জ্বালানি সরবরাহ করে। এই হামলার পর সরবরাহ ঘাটতি হলে তা ইরানি সেনা এবং যন্ত্রপাতির ক্ষমতা এবং চলাচল কমাতে প্রভাব ফেলবে। তবে ইরান একটি বড় দেশ, এবং দেশজুড়ে এর অনেক স্থাপনা রয়েছে। তাই এই হামলা আসলেই সংকট তৈরি করবে কিনা, তা নিশ্চিত করে বলা যায় না।

শেয়ার করুন

১০: ২৫

আরও ড্রোন ভূপাতিত করার দাবি সৌদি আরবের

শনিবার (৭ মার্চ) দিবাগত মধ্যরাতে (স্থানীয় সময়) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এক ঘণ্টায় রাজধানী রিয়াদের পূর্বদিকে সাতটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এর এক ঘণ্টা আগে দেশটির আকাশসীমায় ঢোকা আরও আটটি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ।

যদিও এর আগে গতকাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশজকিয়ান প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখপ্রকাশ করে বলেছিলেন, তাদের ভূখণ্ড থেকে আক্রমণ না হলে প্রতিবেশী দেশগুলোকে আর লক্ষ্যবস্তু করবে না ইরান। কিন্তু এই ঘোষণার কিছুক্ষণ পরেই ইরান আবারও হামলার শিকার হয়।

আল জাজিরার খবরে বলা হচ্ছে, ইসরায়েলের সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসানো তাদের ঘাঁটি ব্যবহার করেই এসব হামলা চালানো হচ্ছে। প্রতিশোধ নিতে ইরানও হামলা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

১০: ১৭

তেহরানে ক্ষেপণাস্ত্র হামলায় অ্যাম্বুলেন্সে আগুন

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানে একটি অ্যাম্বুলেন্সে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার পর সেটিতে আগুন ধরে যায়।

এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, একটি জ্বলন্ত গাড়ি নেভানোর চেষ্টা করছেন একজন উদ্ধারকর্মী।

নাগরিক সাংবাদিকদের একটি গ্রুপও জানিয়েছে, তেহরানের তেহরানপার্স এলাকায় একটি গলিতে বিস্ফোরণের পর একটি অ্যাম্বুলেন্স থেমে যায়।

শেয়ার করুন

০৯: ৫৪

নবম দিনে ইরান যুদ্ধ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযান এক সপ্তাহ পার করে নবম দিনে গড়িয়েছে। গতকাল শনিবার (৭ মার্চ) ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। উত্তর ইসরায়েল, জেরুজালেম ও তেল আবিবে সাইরেন বেজে ওঠে। অবশ্য এদিন ইরান বলেছে, প্রতিবেশী দেশগুলোর আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করে তাদের ওপর হামলা না হলে তারা উত্তেজনা কমাতে প্রস্তুত। তবে উপসাগরীয় ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর সেই উদ্যোগ নষ্ট হয়েছে বলে দাবি করেছে তেহরান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের হামলায় উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি ইরানে স্থলসেনা পাঠানোর সম্ভাবনা বা শর্ত সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।

এদিন কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া ১০টি ব্যালিস্টিক ও দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র তাদের ভূখণ্ড লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। এর মধ্যে ছয়টি ব্যালিস্টিক ও দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। দুটি ক্ষেপণাস্ত্র কাতারের জলসীমায় পড়ে এবং দুটি জনবসতিহীন এলাকায় পড়লেও হতাহতের ঘটনা ঘটেনি।

সৌদি আরব জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা আটটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এদিকে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান ও জর্ডানের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী জাফর হাসান ইরানের হামলার নিন্দা জানিয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তেহরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড করপসের জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই সময়ে লেবাননের বেকা উপত্যকার নবি চিত এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈরুতের দক্ষিণাঞ্চলের হারেত হরেইক এলাকায়ও ‘সহিংস’ হামলার খবর দিয়েছে আল জাজিরার সংবাদদাতারা।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি সেনা ও উত্তর ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

এদিকে বাহরাইনের রাজধানী মানামায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক ব্যক্তি আহত হয়েছেন এবং কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে ৬৫০ মিলিয়ন ডলার মূল্যের ২০ হাজারের বেশি বোমা বিক্রির অনুমোদন দিয়েছে। পাশাপাশি সরাসরি বাণিজ্যিক চুক্তির মাধ্যমে আরও প্রায় ২৯৮ মিলিয়ন ডলারের অস্ত্র কিনবে ইসরায়েল।

পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় স্পেন তেহরান থেকে তাদের দূতাবাসের অবশিষ্ট কর্মীদের সরিয়ে নিয়েছে। একই সময়ে ওমান বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করে যুদ্ধ বন্ধে রাজনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে।

এদিকে গাজায় যুদ্ধবিরতি চললেও দক্ষিণ গাজায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

(আগের দিনের লাইভ ফিড পড়ুন নিচের লিংকে)

শেয়ার করুন